শেয়ারবাজারের কারসাজিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির জোরালো দাবি উঠেছে জাতীয় সংসদে। সরকারের শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, ‘এদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মানুষ দেখুক, যারা দায়ী তাদের শাস্তি হয়েছে।’ এরশাদ আরও বলেন, ‘শেয়ারবাজারের কারণে এক কোটি ভোটার নষ্ট হয়েছে। তাদের আবারও ফিরিয়ে আনতে হবে।’সরকারদলীয় প্রবীণ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত শেয়ারবাজারের ‘তস্করতন্ত্র-লুণ্ঠনকারীদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এ ছাড়া তিনি বাজার থেকে যারা অর্থ তুলে নিয়ে গেছে, তাদের অর্থ আবারও বাজারে বিনিয়োগের আহ্বান জানান। জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে গতকাল সোমবার মহাজোট সরকারের প্রভাবশালী সাংসদেরা বক্তব্য দিয়েছেন। স্পিকার আবদুল হামিদ অধিবেশনে সভাপতিত্ব করেন।হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শেয়ারবাজার নিয়ে অনেক কথা হয়েছে। সবার মনে ব্যথা। ৩৩ লাখ বিনিয়োগকারীকে পথে বসিয়েছে শেয়ারবাজার। এই ৩৩ লাখ বিনিয়োগকারী মানে এক কোটি ভোটার। তিনি শেয়ারবাজারে কারসাজির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি করে বলেন, ‘মানুষকে দেখুন। প্রধানমন্ত্রীর কাছে মানুষ বড়, কতিপয় ব্যক্তি বড় নয়।’এরশাদ বাজেটে ভর্তুকি কমানোর বিরোধিতা করে বলেন, ‘মানুষ এই সরকারকে চেনে কৃষকবান্ধব সরকার বলে। বিনা মূল্যে সার দিয়েছেন, দরজায় দরজায় সার পৌঁছে দিয়েছেন। কৃষকও তাঁর প্রতিদান দিয়েছেন, দেশকে প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন।’ তিনি প্রস্তাব করে বলেন, ‘যদি অর্থমন্ত্রীর কাছে পর্যাপ্ত অর্থের জোগান না থাকে, তবে আমাদের প্রত্যেক সাংসদের ভাতা থেকে ৫০ ভাগ দিয়ে দেব, ভর্তুকির ব্যয় মেটাতে পারেন।’ তিনি সারের দাম না বাড়ানোর পরামর্শ দেন।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘ইচ্ছা ছিল শেয়ারবাজার নিয়ে আলোচনা করব। কিন্তু মতিয়া চৌধুরী আলোচনা করেছেন। খালু, আংকেল, ফালুদের কথা এসে গেছে। আশা করেছিলাম আত্মসাৎ, তস্করতন্ত্রের বিরুদ্ধে তদন্ত হবে। ব্যাংকার, বড় বিনিয়োগকারীদের বলব, টাকা ফেরত নিতে চাই না। আবার ওই টাকা বাজারে নিয়ে আসেন।’ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শেষ তিন মাসে বাজেটে বরাদ্দের বড় অংশ খরচ করার প্রবণতা লুটপাট ছাড়া অন্য কিছু না। বাজেট আকারে বড় হচ্ছে। কিন্তু আকারে নয়, প্রকারে বড় করেন। বাস্তবায়নে বড় করেন। শাহ এ এম এস কিবরিয়া আকারে ছোট বাজেট দিয়ে উন্নয়নব্যয় ৩৫ থেকে ৩৮ শতাংশ বাস্তবায়ন করেছেন। আর এখন আকারে বড় করে বাস্তবায়ন হচ্ছে ২৫ থেকে ২৭ শতাংশ। নয় মাসে বাস্তবায়ন মাত্র ২৫ ভাগ, আর বাকি তিন মাসে ৭০-৮০ ভাগ, এটা সম্ভব নয়। এই লুটপাট বন্ধ করতে হবে। দরকার হলে জুন মাসে বাজেট না দিয়ে বৈশাখ-জ্যৈষ্ঠ, আষাঢ়-শ্রাবণ মাসে বাজেট দেন। পরিকল্পনা করে তবেই বাজেট করেন।’স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বাজেটকে সব দিক থেকে ভালো বাজেট হয়েছে বলে মত দেন। তিনি বলেন, ‘বিদ্যুৎ খাতে কী করতে পারছি, তার তথ্য এই বাজেটে রয়েছে।’ ২০১৩ সাল পর্যন্ত যে বিদ্যুৎ উৎপাদনের কথা বাজেটে বলা হয়েছে, তা করা গেলে দেশের বিদ্যুতের চাহিদা মেটানো যাবে বলে মত দেন তিনি। সংসদ উপনেতা সাজেদা চৌধুরী বলেন, মহাজোট সরকারের মধ্যমেয়াদে এখন সময় এসেছে মূল্যায়ন করার। তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের প্রতিশ্রুতি পালনসহ বিভিন্ন ক্ষেত্রে সরকারের অর্জন তুলে ধরেন। তিনি বিশ্ববাজার পরিস্থিতির সঙ্গে বাংলাদেশে দ্রব্যমূল্যের তথ্য-উপাত্ত প্রচারমাধ্যমে তুলে ধরতে অর্থমন্ত্রীকে পরামর্শ দেন। সাবের হোসেন চৌধুরী বলেন, এই সরকার বড় রায় নিয়ে এসেছে। মন্ত্রণালয়গুলোর কাজের ওপর নির্ভর করছে ভবিষ্যৎ নির্বাচন। তিনি মন্ত্রীদের উদ্দেশে বলেন, ‘আপনারা সংসদীয় কমিটিকে প্রতিপক্ষ হিসেবে দেখবেন না।’সাবের হোসেন বলেন, শুধু প্রবৃদ্ধি চাইলে হবে না। আয়বৈষম্য বাড়লে প্রবৃদ্ধি টেকসই হবে না। অঞ্চলবৈষম্য দূর করতে বাজেটে সুনির্দিষ্ট পদক্ষেপ থাকতে হবে। জাসদের মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘ঘসেটি বেগম আর আমেনা বেগমকে একপাল্লায় আনা যাবে না। ২০০৫ সালের মধ্যে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে ঘসেটি বেগম আর তাঁর দেবরদের নেতৃত্বে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছে।’ ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা বলেন, ‘দ্রব্যমূল্যের ওঠানামার ওপরে সরকারের জনপ্রিয়তা ওঠানামা করে।’ এ কারণে তিনি পল্লি রেশনিং চালু ও টিসিবিকে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান।অন্যান্যের মধ্যে বাজেট আলোচনায় অংশ নেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, জাতীয় পার্টির সাংসদ রওশন এরশাদ, সরকারি দলের শামসুর রহমান শরীফ, মাজহারুল হক প্রধান, ফরিদুর নাহার লাইলী প্রমুখ।