শেয়ারবাজারের ক্ষতি করতে অসাধু ব্যক্তিরা ওয়েবসাইটে গুজব ছড়াচ্ছে: ডিএসইর সহসভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকে শেয়ারবাজার নিয়ে গুজব প্রসঙ্গে ডিএসইর সহসভাপতি শাকিল রিজভী আজ মঙ্গলবার বলেছেন, শেয়ারবাজারকে ক্ষতিগ্রস্ত করতেই এক শ্রেণীর অসাধু ব্যক্তি এমন তথ্য দিচ্ছে। এসব তথ্য বা গুজব থেকে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেছেন, কোনো বিনিয়োগকারী যদি এসব গুজবে কান দিয়ে বিনিয়োগ করেন, তাহলে সেটা তাঁর নিজের সিদ্ধান্তেই করতে হবে এবং লোকসানের টাকাও গুনতে হবে নিজেরই। শাকিল রিজভীর মতে, অতীতেও ঢাকা স্টক এক্সচেঞ্জ গুজবের প্রশ্রয় দেয়নি ভবিষ্যতেও দেবে না।এদিকে, আজ ঢাকা শেয়ারবাজারে লেনদেনের চাঙাভাবসহ সাধারণ সূচকের ঊর্ধ্বগতির ধারাবাহিকতা শুরু থেকে শেষ পর্যন্ত অব্যাহত ছিল। তবে ব্যাংকের প্রতিষ্ঠানসহ মিউচুয়াল ফান্ডের দাম বাড়া-কমাতে আজও ছিল মিশ্রভাব। দিন শেষে আজ ডিএসইতে লেনদেন হয়েছে এক হাজার ৭৭ কোটি টাকা। সাধারণ সূচক ৩৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪৬৭৮ পয়েন্টে।এদিকে বাজারে আরামিট সিমেন্ট, ব্যাংক এশিয়া, উত্তরা ফিন্যান্স, সিঙ্গার বিডি ও বাংলাদেশ অয়েল করপোরেশন বা বিওসির দাম অত্যধিক বেড়ে যাওয়ার কারণ জানতে চেয়ে গতকাল বিকেলে চিঠি দিয়েছিল ডিএসই কর্তৃপক্ষ। চিঠির জবাবে প্রতিষ্ঠানগুলো জানিয়েছে, দাম বৃদ্ধির সুনির্দিষ্ট কোনো কারণ তাদের জানা নেই। এ ছাড়া কাগুজে শেয়ার ইলেকট্রনিক পদ্ধতিতে ট্রান্সফার হওয়ায় সিনো বাংলা, ফাইন ফুডস, জেমিনি সি ফুডের লেনদেন ২৫ থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।