শেয়ারবাজারের জন্য টিআইএন বাধ্যতামূলক না করার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যক্তিশ্রেণীর জন্য করমুক্ত আয় এক লাখ ৬৫ হাজার থেকে বাড়িয়ে দুই লাখ টাকা করার সুপারিশ করেছে অর্থ মন্ত্রণালয়সংক্রান্ত সংসদীয় কমিটি। গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির সভায় বিগত দুই বছরের মূল্যস্ফীতি বিবেচনা করে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আলী আশরাফ, এ কে এম মাঈদুল ইসলাম, তাজুল ইসলাম ও গোলাম দস্তগীর গাজী অংশ নেন। সভায় আগামী ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটের জন্য ৫১টি সুপারিশ করা হয়। সভায় পুঁজিবাজারে বিনিয়োগকারীদের জন্য টিআইএন (কর চিহ্নিতকরণ নম্বর) থাকা বাধ্যতামূলক না করার সুপারিশ করা হয়। একই সঙ্গে বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবধারী অর্থাৎ শেয়ারে বিনিয়োগকারীদের ওপর নতুন করে করারোপ না করতে বলা হয়। বৈঠক শেষে শেয়ারবাজার কারসাজিতে জড়িত থাকার অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুস্তফা কামাল বলেন, ‘আগের সরকারের আমলেও আমার নামে নানা অভিযোগ আনা হয়েছিল। সেই সময় কিন্তু দুর্নীতির মামলার মূল আসামি হয়েও আমি খালাস পেয়ে এসেছি। তাই এসব অভিযোগ নিয়ে ভাবছি না আমি।’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমি নির্দোষ, এটা আমি বলব না। কিন্তু আমার বক্তব্যের কারণে কখনো পুঁজিবাজারের সূচক কমেনি। স্বাভাবিক কারণেই সূচক বেড়েছে-কমেছে।’ তিনি বলেন, ‘শেয়ারবাজার কারসাজিসংক্রান্ত ওই তদন্ত প্রতিবেদন সাংবাদিকদের কাছেও আছে। আপনারা পড়ে দেখুন, আমার কোনো অপরাধ পান কি না। সিএমসি কামালের কোনো অপরাধ আছে কি না, তাও পরীক্ষা করে দেখুন।’ সিএমসি কামাল জানান, আগামী ৯ জুন বাজেট উপস্থাপনের পর অর্থমন্ত্রীর সঙ্গে আলোচনা করে পুঁজিবাজারসংক্রান্ত বিশেষ বৈঠকের তারিখ নির্ধারণ করবে কমিটি। ওই বৈঠকে তাঁর পরিবর্তে কমিটির সদস্য আলী আশরাফ সভাপতিত্ব করবেন। ওই সময় তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে নিজের অবস্থান ব্যাখ্যা করবেন তিনি। মুস্তফা কামাল বলেন, সভায় আসন্ন বাজেটকে সামনে রেখে পুঁজিবাজার সম্পর্কে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। কমিটি টিআইএন বাধ্যতামূলক না করে সবাইকে স্বাভাবিকভাবে ব্যবসা করার সুযোগ দিতে বলেছে। এ ছাড়া পুঁজিবাজারকেন্দ্রিক গবেষণা ও প্রশিক্ষণ-কার্যক্রম পরিচালনার জন্য ক্যাপিটাল মার্কেট ইনস্টিটিউটের সক্ষমতা বৃদ্ধি ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) জনবলের দক্ষতা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। আবার বেসরকারি খাতের তুলনায় এসইসিতে বেতন-ভাতা কম হওয়ায় অনেক সময় দক্ষ লোক পাওয়া যায় না। পেলেও কাজ শিখে চলে যান। এ কারণে এখানে ভালো বেতনকাঠামো চালু করা প্রয়োজন। সভায় বিনিয়োগকারীদের উৎসাহিত করতে ব্যক্তি ও করপোরেট উভয় ক্ষেত্রে লভ্যাংশের ওপর বিদ্যমান কর ২০ থেকে কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনার সুপারিশ করা হয়। এ ছাড়া ব্যাংক, বিমা ও আর্থিক প্রতিষ্ঠানের কর হার সাড়ে ৪২ থেকে কমিয়ে ৪০ শতাংশ, অন্যান্য কোম্পানির ক্ষেত্রে সাড়ে ২৭ থেকে কমিয়ে সাড়ে ২২ শতাংশ করার সুপারিশ করা হয়। স্থায়ী কমিটির বৈঠকে সঞ্চয়পত্রের সুদের ওপর ১০ ভাগ কর কর্তনের বিধান চূড়ান্ত দায় হিসেবে পরিগণিত করা এবং ডিভেঞ্চার ও বন্ড থেকে সুদের ওপর ১০ শতাংশ কর কর্তনের ব্যবস্থাটি সম্পূর্ণভাবে রহিত না করা গেলেও অর্ধেকে নামিয়ে আনার সুপারিশ করা হয়। সভায় পুঁজিবাজারের বর্তমান নাজুক অবস্থার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং পুঁজিবাজারকে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।আগামী সভায় পুঁজিবাজার তদন্ত প্রতিবেদনসহ পুঁজিবাজারের সার্বিক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।