শেয়ারবাজারের জন্য বিশেষ তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফেরাতে বিশেষ তহবিল গঠনের ঘোষণা দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)। গতকাল রোববার সকালে রাজধানীর গুলশানে বিএবির কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ব্যাংকের পাশাপাশি ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এই তহবিলের উদ্যোক্তা হতে পারবে। বিএবি ও বেসরকারি খাতের এক্সিম ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার এসব তথ্য জানান। বিএবি জানিয়েছে, তহবিলটির নাম হবে ‘পুঁজিবাজার স্থিতিশীলকরণ তহবিল’ বা ‘স্টক মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড’ (এসএমএসএফ)। প্রাথমিকভাবে তহবিলের আকার পাঁচ হাজার কোটি টাকা নির্ধারণ করা হলেও শেষ পর্যন্ত এর আকার আরও বাড়তে পারে। উদ্যোক্তারা শুরুতে তহবিলটিতে এক হাজার কোটি টাকা জোগান দেবে। এটির ব্যবস্থাপনার দায়িত্বে থাকবে একটি সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। নতুন অথবা বিদ্যমান সম্পদ ব্যবস্থাপক প্রতিষ্ঠানগুলোর যে কেউ তহবিলটি পরিচালনার দায়িত্ব পেতে পারে, যে প্রতিষ্ঠানের ওপর উদ্যোক্তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ থাকবে না। মিউচুয়াল ফান্ডের আইন অনুযায়ীই এই তহবিলটি পরিচালিত হবে। তহবিলের পুরো টাকাই শেয়ারবাজারে বিনিয়োগ করা হবে।বিএবির চেয়ারম্যান জানান, সংগঠনের সদস্যভুক্ত ২৯টি ব্যাংকের প্রতিটি সর্বনিম্ন ২০ কোটি টাকা করে এই তহবিলে জোগান দেবে। তবে চাইলে এর বেশিও দিতে পারে। আগামী এক সপ্তাহের মধ্যে পরিচালনা পর্ষদের সভায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তালিকাভুক্ত কোম্পানিগুলো সর্বনিম্ন ১০ কোটি টাকা দিয়ে তহবিলের যুক্ত হতে পারবে। এর আগে বিএপিএলসি ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) যৌথভাবে ‘বাজার স্থিতিশীলকরণ তহবিল’ গঠনের ঘোষণা দিয়েছিল, যার সঙ্গে ব্যাংক ও বিমা প্রতিষ্ঠানের উদ্যোক্তারাও সম্পৃক্ত ছিলেন। তারই ধারাবাহিকতায় গতকাল এই তহবিল গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে বিএবির চেয়ারম্যান জানান। বিএবির চেয়ারম্যান ছাড়াও গতকালের সভায় আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি সালমান এফ রহমান, পূবালী ব্যাংকের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার, ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূর আলী, ঢাকা ব্যাংকের রেশাদুর রহমান, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বদিউর রহমানসহ বিভিন্ন ব্যাংকের প্রতিনিধিরা। বিএবির চেয়ারম্যান বলেন, ব্যাংকগুলো এই তহবিলে যে অর্থের জোগান দেবে, তা যেন শেয়ারবাজারে ব্যাংকের নির্ধারিত বিনিয়োগসীমার বাইরে রাখা হয় সে জন্য কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে আলোচনা করা হবে। ব্যাংকিং খাতে চলমান তারল্যসংকটের মধ্যে কীভাবে এই তহবিলের অর্থ জোগান দেওয়া হবে জানতে চাইলে বিএবির চেয়ারম্যান বলেন, কিছু কিছু ব্যাংকে তারল্যসংকট আছে ঠিকই, কিন্তু এ ক্ষেত্রে এটি বড় সমস্যা হবে না। এ ছাড়া তারল্যসংকট সব সময় থাকে না। সময়ের সঙ্গে এটিরও হেরফের হয়।নজরুল ইসলাম মজুমদার আরও বলেন, আমানতের ১০ শতাংশের আইনি সীমা মেনে ব্যাংকগুলো পুঁজিবাজারে ৪০ থেকে ৪৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করতে পারে। এরই মধ্যে ব্যাংকগুলো বিনিয়োগ শুরু করেছে। তহবিলটির ধারণাপত্র থেকে জানা গেছে, এটি হবে ১০ বছর মেয়াদি একটি যৌথ তহবিল বা মিউচুয়াল ফান্ড, যা শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। উদ্যোক্তাদের অংশ বাদে বাকি চার হাজার কোটি টাকার মধ্যে দুই হাজার ৭৫০ কোটি টাকা প্রাক-প্রাথমিক গণপ্রস্তাব বা প্রি-আইপিও প্লেসমেন্ট এবং এক হাজার ২৫০ কোটি টাকা আইপিওর মাধ্যমে সংগৃহীত হবে। ইসলামি ব্যাংকগুলোও যাতে এর সঙ্গে যুক্ত থাকতে পারে, সে জন্য ইসলামি শরিয়াহ বিধান পরিপালন করা হবে। বাজার পরিস্থিতি: বিশেষ তহবিল গঠনের ঘোষণায় গতকাল লেনদেনে তার প্রভাব পড়ে। প্রথম এক ঘণ্টার মধ্যেই প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক প্রায় ২৯৫ পয়েন্ট বেড়ে যায়। তবে শেষবেলায় এসে এই গতি কিছুটা কমে যায়। এতে দিন শেষে ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১০৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৬৫৪। সূচকের মতো দিনের শুরু থেকেই লেনদেনের গতিও ছিল আগের দিনের চেয়ে ভালো। দিন শেষে গতকাল ঢাকার বাজারে ৬১৬ কোটি টাকার লেনদেন হয়। প্রায় তিন মাস পর ডিএসইর লেনদেন আবার ৬০০ কোটি টাকা ছাড়াল। এর আগে চলতি বছরের ৪ আগস্ট সর্বশেষ ডিএসইতে ৬১৮ কোটি টাকার লেনদেন হয়েছিল। গতকাল ডিএসইতে ২৫৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ১১৭টির।