অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বিশ্বের অন্যান্য দেশের পুঁজিবাজারের পরিসংখ্যান বিবেচনায় বাংলাদেশের শেয়ারবাজারের পরিবেশ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে; বরং গত ৫ ডিসেম্বর ডিএসইর সূচক যখন ৮৯১৮ দশমিক ৫১ ছিল, তখন বাজার ছিল অস্বাভাবিক।অর্থমন্ত্রী গতকাল সোমবার জাতীয় সংসদে সুবিদ আলী ভূঁইয়ার প্রশ্নের জবাবে এ কথা বলেন। সাংসদ জানতে চান, শেয়ারবাজারে স্বাভাবিক অবস্থা কবে ফিরে আসবে? মন্ত্রণালয়ের দ্রুত করণীয় কী?আবুল মাল আবদুল মুহিত বলেন, ডিসেম্বরের পরিস্থিতির যাতে পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সরকার সচেতন রয়েছে। অবিলম্বে, স্বল্প ও মধ্য মেয়াদে কী কার্যক্রম নেওয়া হয়েছে, সংসদকে সে তথ্য জানিয়ে তিনি বলেন, ‘এসইসি পুনর্গঠন হয়েছে। ১৪টি বিষয়ে অধিকতর তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। পুঁজিবাজারের কার্যক্রম পর্যবেক্ষণ, পরিবীক্ষণ ও মূল্যায়নের লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের টাস্কফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ তিনি জানান, পুঁজিবাজারের ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রাখার লক্ষ্যে এসইসি, ডিএসই, সিএসই ও বাংলাদেশ ব্যাংকের সমন্বয়ে একটি সার্বক্ষণিক যৌথ পরিদর্শন দল গঠন ইত্যাদি কার্যক্রম নেওয়া হয়েছে।পুঁজিবাজার প্রসঙ্গে বিভিন্ন সম্পূরক প্রশ্নেরও জবাব দেন অর্থমন্ত্রী। সাংসদ আবু জাহিরের প্রশ্নে তিনি বলেন, ‘শেয়ারবাজারে সবাই সর্বস্বান্ত হয়েছে, এটা ঠিক নয়। কেউ কেউ আবার পয়সা বানিয়েছে। কিন্তু এর জন্য বিনিয়োগকারীদের ব্যাংক-ব্যবস্থায় অর্থ সঞ্চয়ে উৎসাহ জোগাতে সুদের হার বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। সুদের হার মূল্যস্ফীতির হারের ওপর নির্ভর করে হ্রাস-বৃদ্ধি করা হয়।’শেয়ারবাজার প্রতিবেদনে যাঁদের নাম বিভিন্নভাবে এসেছে, তাঁদের বিরুদ্ধে মামলা করার পরিকল্পনা আছে কি-না এমন সম্পূরক প্রশ্নে অর্থমন্ত্রী বলেন, ‘অনেক নাম এসেছিল। প্রতিবেদনে বলা হয়েছে যে ধারণা করা হয়, তাঁরা হয়তো অনিয়ম-অপরাধ করেছেন। কিন্তু এর ভিত্তিতে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। ১৪টি বিষয়ে অধিক তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রমাণ পাওয়া গেলে এগুলো সামনে আসবে এবং তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’সাংসদ তানভির শাকিলের সম্পূরক প্রশ্নে আবদুল মুহিত বলেন, শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ অত্যন্ত সীমিত। কোনো কোনো ব্যাংকের বিনিয়োগ বেশি হয়েছিল। কিন্তু সেগুলো আবার সীমার মধ্যে নেমে এসেছে। ব্যাংকের শেয়ারবাজারের মুনাফা বিতরণ আটকে দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে কোনো লোকসান হলে তা সমন্বয় করা হবে। তিনি বলেন, ‘শেয়ারবাজারে ব্যাংকের বিনিয়োগ বাড়ানোর কোনো ইচ্ছা নাই। কোনোভাবেই হবে না।’