শেয়ারবাজারের লাভ বিতরণ করতে পারবে না ব্যাংক
এবি ব্যাংক ২০১০ সালে শেয়ারবাজার থেকে নিট মুনাফা করেছে ২৫০ কোটি টাকার মতো, ন্যাশনাল ব্যাংক করেছে ২৩০ কোটি টাকা আর সিটি ব্যাংক করেছে ৩৬ থেকে ৪০ কোটি টাকা। ২০১০ সালে শেয়ারবাজার থেকে এই তিন ব্যাংকই সর্বাধিক মুনাফা করে।শেয়ারবাজার থেকে করা এই আয়ের ক্ষেত্রে কোনো লভ্যাংশ বিতরণ করতে পারবে না ব্যাংকগুলো। বাংলাদেশ ব্যাংক সম্প্রতি এই বিধিনিষেধ আরোপ করেছে।সংবাদপত্রে চলতি মাসের শুরুতে প্রকাশিত দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফাসংক্রান্ত তথ্য অনুসারে এবি ব্যাংক গত বছর মোট পরিচালন মুনাফা করে এক হাজার কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক এক হাজার ২৫ কোটি টাকা এবং সিটি ব্যাংক ৯০০ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকগুলোর অন্য সব ধরনের আয়ও রয়েছে।পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং সাড়ে ৪২ শতাংশ কর বাদ দিয়ে নিট মুনাফা হিসাব করা হয়। অন্যদিকে চলতি বছরের জাতীয় বাজেটে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে মূলধনি আয়ের ওপর ১০ শতাংশ হারে কর ধার্য করা হয়েছে।তবে ব্যাংকগুলোর মধ্যে যাদের সহযোগী কোম্পানির মাধ্যমে শেয়ার বাজারে বিনিয়োগ রয়েছে এবং যাদের পৃথক কোম্পানি নেই—দুইয়ের হিসাবে কিছু ভিন্নতা আছে। এই ভিন্নতা বিবেচনায় নিয়ে উল্লিখিত তিন ব্যাংকের শেয়ারবাজারের নিট আয় হিসাব করা হয়েছে। এমনভাবে গড়পড়তা হিসাবে শেয়ারবাজারে ব্যাংকগুলোর গত বছরে নিট আয় হয়েছে এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০ কোটি টাকার মতো।বাংলাদেশ ব্যাংক ২০১০ সালে বাণিজ্যিক ব্যাংকগুলোর শেয়ারবাজার থেকে এই মুনাফা বিতরণের ওপর বিধিনিষেধ আরোপ করে বলেছে, এসব অর্থ ‘রিটেইনড আর্নিং বা রিজার্ভ’ অর্থাৎ মজুদ হিসেবে রাখতে হবে। কোনো দাপ্তরিক আদেশ না দিয়ে কেন্দ্রীয় ব্যাংক এই কাজটি ১৫ দিন ধরে করে আসছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের শীর্ষ পর্যায় থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের ডেকে এনে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বৈঠকগুলোতে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে তাঁদের ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগ থেকে কী আয় করেছে, তার তথ্যও নিয়েছে। পাশাপাশি অন্যান্য খাতের আয়, আমানত-ঋণ অনুপাত বিষয়েও তথ্য নেওয়া হয়।কেন্দ্রীয় ব্যাংক বৈঠকে বাণিজ্যিক ব্যাংকগুলোর লভ্যাংশ বিতরণের সিদ্ধান্তের আগে তা বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়ার কথা স্মরণ করিয়ে দিয়েছে। জানা গেছে, কোনো কোনো ব্যাংক শেয়ারবাজারে বিনিয়োগের মুনাফার কিছু অংশ বিতরণের সুযোগ চাইলেও বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষ এর অনুমোদন দেয়নি। সূত্র জানায়, শেয়ারবাজার-সংশ্লিষ্ট একটি পক্ষ বাজার ধসের জন্য ব্যাংকগুলোকে দায়ী করছে। গত রোববার অর্থমন্ত্রীর উদ্যোগে আয়োজিত বিশেষ সভায়ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে ব্যাংকগুলোকে দায়ী করে বলা হয়, ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে অতিরিক্ত মুনাফা করেছে। তবে সব কটি ব্যাংক সম্মিলিতভাবে এক হাজার ৫০০ কোটি টাকার মতো মুনাফা করলেও এর তুলনায় অনেক বেশি অর্থ শেয়ারবাজার থেকে নানাভাবে তুলে নেওয়া হয়েছে বলে বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন। গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের বরাত দিয়ে একটি দৈনিকে গতকাল সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে, পুঁজিবাজার থেকে কয়েকটি ব্যবসায়িক গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিভিন্ন প্রক্রিয়ায় তুলে নিয়ে গেছে। রাজনীতিবিদ, রাঘববোয়াল ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন ’৯৬ সালের শেয়ার কেলেঙ্কারিতে জড়িত সরকারপন্থী একটি বৃহৎ ব্যবসায়িক গোষ্ঠী, বর্তমান সরকারের একজন ব্যবসায়ী-সাংসদ, মন্ত্রিসভার কারও নিকটাত্মীয়, সাবেক এক অর্থমন্ত্রীর আত্মীয়সহ আরও কয়েকজন।আরও জানা যায়, একটি বড় শিল্পগোষ্ঠী গত এক থেকে দেড় বছরে নতুন করে বিভিন্ন কোম্পানি কিনতে বা নতুন বিনিয়োগ করতে দুই থেকে আড়াই হাজার কোটি টাকা খাটিয়েছে। এই গোষ্ঠীটির অন্যতম ভালো কোম্পানিটি বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে খেলাপি ঋণের দায়ে কার্যক্রম প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়। তখন কোম্পানিটির কর্মীরা মিলে চাঁদা তুলে ব্যাংকের খেলাপি ঋণ পুনঃ তফসিল করে কোম্পানির অর্থায়ন জোগান। অথচ দুই বছরের মাথায় দেশের বড় আট-দশটি কোম্পানি তারা কিনে নিয়েছে, শতকোটি টাকার খেলাপি ঋণ পরিশোধ করেছে।ব্যাংকগুলো শেয়ারবাজার থেকে কী পরিমাণ অর্থ বিনিয়োগ করেছে, তার হিসাব কেন্দ্রীয় ব্যাংকে রয়েছে এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে দেওয়া হবে। সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, অন্যরা এই বাজার থেকে কত অর্থ তুলে নিয়েছে, তারও হিসাব জানা এবং যারা কারসাজি করে অর্থ তুলে নিয়ে গেছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া প্রয়োজন।