পুঁজিবাজারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিনিয়োগকারীদের পরিচয়পত্র দেওয়ার সুপারিশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ভবনসংলগ্ন এলাকার নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে আশপাশের এলাকা এবং শাপলা চত্বর পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে শেয়ারবাজারের সাম্প্রতিক ঘটনা নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের এসব কথা জানান। এ সময় সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও ডিএসইর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুঁজিবাজারের বিক্ষোভ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, পুঁজিবাজারের ক্ষোভ নিয়ন্ত্রণ করা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নয়। এখানে শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, এসইসির চেয়ারম্যান ও ডিএসইর সভাপতির সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনার পর পাঁচটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য সুপারিশ হচ্ছে, সংকট ব্যবস্থাপনা বা ক্রাইসিস ম্যানেজমেন্ট টিম ও সমন্বয় বা কো-অর্ডিনেশন কমিটি গঠন এবং শাপলা চত্বর থেকে ডিএসই ভবন পর্যন্ত যানবাহন ও যানজট নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।স্বরাষ্ট্রসচিব আবদুস সোহবান শিকদার বলেন, ডিএসই-সংলগ্ন এলাকায় নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হবে। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ছাড়া ডিএসই নিজস্ব নিরাপত্তার ব্যবস্থা নিলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সব সময় নিয়োজিত থাকবে।পুঁজিবাজার স্থিতিশীল করা এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে—জানতে চাইলে নিয়ন্ত্রক সংস্থা এসইসির চেয়ারম্যান খায়রুল হোসেন বলেন, সভায় শুধু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে, অন্য কোনো ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়নি।পুঁজিবাজারে বিনিয়োগকারীদের কবে নাগাদ পরিচয়পত্র দেওয়া হবে—জানতে চাইলে ডিএসইর সভাপতি শাকিল রিজভী বলেন, এ ব্যাপারে পর্ষদে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।বৈঠক শেষে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, রাজধানীর ৫৫টি পয়েন্টে ডিএমপির নিজস্ব সিসি ক্যামেরা থাকলেও কাজ শুরু করা যায়নি। তিনি জানান, নিরাপত্তা জোরদার করতেই ডিএসই এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের সুপারিশ করা হয়েছে।বৈঠকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ পুলিশ-র্যাব ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।ইব্রাহিম খালেদের কার্যক্রম প্রশ্নে রুল: পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশের আগে কমিটির চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদের কার্যক্রম প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।গতকাল বৃহস্পতিবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি মো. শওকত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ রুল জারি করেন। রুলে প্রতিবেদন প্রকাশ পর্যন্ত ইব্রাহিম খালেদের কার্যক্রম ও এ বিষয়ে কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে তাঁর দেওয়া বক্তব্য কেন এখতিয়ার-বহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চাওয়া হয়েছে। একই সঙ্গে ইব্রাহিম খালেদকে নিয়ে পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদনের ভিত্তিতে অভিযোগ তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না—এ মর্মে কারণ দর্শাতে বলা হয়েছে। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের রুলের জবাব দিতে বলা হয়েছে।জানা গেছে, পুঁজিবাজারে অস্থিরতার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটি গত ৭ এপ্রিল সরকারের কাছে প্রতিবেদন দেয় এবং ৩০ এপ্রিল সরকার ওই প্রতিবেদন প্রকাশ করে।প্রতিবেদনটি প্রকাশের আগ পর্যন্ত ইব্রাহিম খালেদের কার্যক্রমের বৈধতা চ্যালেঞ্জ করে গত সপ্তাহে হাইকোর্টে একটি রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আবুল হাসেম। এতে অর্থসচিব, ব্যাংকিং বিভাগের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, খোন্দকার ইব্রাহিম খালেদ, দুর্নীতি দমন কমিশন ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যানকে বিবাদী করা হয়।আদালতে রিট আবেদনকারী পক্ষে আইনজীবী ড. কাজী আকতার হামিদ ও রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান শুনানি করেন।এ প্রসঙ্গে কাজী আকতার হামিদ বলেন, এসইসি আইনের ১৯ ধারা ও তথ্য অধিকার আইনের ৭ ধারা অনুযায়ী রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিষয়ে গোপনীয়তা বজায় রাখার কথা বলা হয়েছে। কিন্তু ইব্রাহিম খালেদ গোপন প্রতিবেদন প্রকাশ করেন ও কিছু কিছু ব্যক্তিপ্রতিষ্ঠানের বিরুদ্ধে বক্তব্য দেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এমনকি কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কাগজপত্র উপস্থাপনের সুযোগ না দিয়ে দোষী সাব্যস্ত করা হয়।তিনি আরও বলেন, গত ২৪ ও ২৮ এপ্রিল ‘ইব্রাহিম খালেদের কোম্পানি ক্রেডিট রেটিং এজেন্সি পেতে জালিয়াতি করেছিল’ এবং ‘ইব্রাহিম খালেদের স্বীকারোক্তি; আমি ব্যাংকের নিয়ম ভেঙে বন্ধুকে টাকা দিয়েছিলাম’—শিরোনামে আমাদের সময় পত্রিকায় দুটি সংবাদ প্রকাশিত হয়েছে। আদালত ওই প্রতিবেদন দুটির ভিত্তিতে ইব্রাহিম খালেদের বিরুদ্ধে অভিযোগ তদন্তের নির্দেশ কেন দেওয়া হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন।রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান জানান, ইতিমধ্যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ভ্রান্ত ধারণা থেকে আবেদনটি করা হয়েছে, এটা গ্রহণযোগ্য নয়।