শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকা করতে পারবে সব কোম্পানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে যেসব কোম্পানির শেয়ারের অভিহিত মূল্য (ফেস ভ্যালু) ১০০ টাকা, সেগুলো ১০ টাকায় রূপান্তরিত হতে বাধা থাকছে না।এর মধ্যে বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আগে আবেদন করা কিছু কোম্পানি শিগগিরই তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় রূপান্তর করতে পারবে। অন্যদের জন্যও সমান সুযোগ রাখা হচ্ছে বলে জানা গেছে। অর্থাৎ চাইলে যেকোনো কোম্পানিই তাদের শেয়ারের অভিহিত মূল্য ১০ টাকায় নিয়ে আসতে পারবে। তবে এতে কিছু শর্ত জুড়ে দেওয়া থাকবে। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত কয়েকটি কোম্পানির ১০০ টাকার শেয়ার ১০ টাকায় রূপান্তর সম্পর্কিত নথিতে সম্মতিসূচক সই করেছেন। আজ সোমবারই এসইসিকে অর্থমন্ত্রীর মতামত জানিয়ে দেওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রজ্ঞাপন জারির কথা বলা হবে। যোগাযোগ করলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম আলোকে বলেন, ‘এসইসি থেকে যেসব কোম্পানির শেয়ার ১০ টাকায় রূপান্তরের ব্যাপারে প্রস্তাব এসেছিল, সেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দু-এক দিনের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।’যেসব কোম্পানির অভিহিত মূল্য এখনো ১০০ টাকা বা তারও বেশি, তারা যদি অভিহিত মূল্য ১০ টাকা করতে চায়, সে ক্ষেত্রে কী হবে—এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘শর্ত সাপেক্ষে তাদের জন্যও সমান সুযোগ রাখা হচ্ছে। অর্থাৎ বিষয়টি কোম্পানির নিজের এখতিয়ারেই থাকবে। তারা চাইলে ১০ টাকা অভিহিত মূল্য করবে, না চাইলে নয়।’ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শফিকুর রহমান পাটোয়ারী বিষয়টি স্বীকার করে প্রথম আলোকে বলেছেন, কাল-পরশুর মধ্যে এ ব্যাপারে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। এসইসি সূত্রে জানা গেছে, অভিহিত মূল্য ১০০ টাকা পরিবর্তন করে ১০ টাকা নির্ধারণের প্রথম ঘোষণা দেয় প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট। ২০০৯ সালের জুলাই মাসে কোম্পানিটির পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্ত গ্রহণ করে তা অনুমোদনের জন্য এসইসিতে আবেদন করে। পরবর্তী সময়ে আফতাব অটোমোবাইলস, ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স, প্রাইম লাইফ ইনস্যুরেন্স, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক, সোস্যাল ইসলামী ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক এবং উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট অভিহিত মূল্য পরিবর্তনের ঘোষণা দেয়। তবে গত ১ মার্চ তালিকাভুক্ত কোম্পানিগুলোকে অভিহিত মূল্য পরিবর্তনের যেকোনো পদক্ষেপ থেকে বিরত থাকতে প্রজ্ঞাপন জারি করে এসইসি। তা সত্ত্বেও সম্প্রতি অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের ঘোষণা দেয় সামিট পাওয়ার, সামিট অ্যালায়েন্স পোর্ট, সাউথইস্ট ব্যাংক, যমুনা ব্যাংক এবং সর্বশেষ ইস্টার্ন ব্যাংক। এদিকে এসইসির এই প্রজ্ঞাপনের আগে যেসব কোম্পানি ইতিমধ্যেই ১০ টাকায় রূপান্তরের ঘোষণা দিয়েছে, তাদের কেন্দ্র করে কোনো ধরনের আইনি জটিলতা হয় কি না, সেটি যাচাই করে দেখতে গত এপ্রিলের মাঝামাঝি অর্থ মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠায় এসইসি। এর আগে গত বছরের ৫ নভেম্বর অর্থমন্ত্রীর সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকেও সিদ্ধান্ত নেওয়া হয় যে, ‘ভবিষ্যতে সব কোম্পানিকেই অভিহিত মূল্যে সমতা আনতে হবে। যেহেতু বেশির ভাগ কোম্পানির শেয়ারের মূল্য ১০০ টাকা, সেহেতু ভবিষ্যতে শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা নির্ধারণ করা শ্রেয়তর হবে।’পাঁচ দিন পর ১০ নভেম্বর এসইসির পরামর্শক কমিটির সভায় শেয়ার, মিউচুয়াল ফান্ড ও বন্ডের প্রতিটি এককের বর্তমান অভিহিত মূল্য যা-ই থাকুক না কেন, তা ১০ টাকায় নির্ধারণ করার কথা বলা হয়েছিল। যোগাযোগ করলে এসইসির সদস্য মনসুর আলম গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘মন্ত্রণালয় থেকে চিঠি পাওয়ার পর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’এদিকে অর্থ মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এবং এসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম। তিনি বলেন, ‘অভিহিত মূল্য নির্ধারণের ভার কোম্পানির ওপর ছেড়ে দেওয়ায় ক্ষতির কিছু দেখছি না। বরং এক ধরনের সমতা আসবে বাজারে। তবে দেখতে হবে যে জোর করে বা কারও ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে কি না।’