শেয়ারের ক্রেতা নেই, সূচকের টানা পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পর শেয়ারবাজারে ছয় দিন লেনদেন হয়েছে। এর মধ্যে মাত্র এক দিন সূচক সামান্য বেড়েছিল। তবে লেনদেনের মন্দা রয়েই গেছে।সাধারণ বিনিয়োগকারীদের বড় অংশ শেয়ার বিক্রি করে কোনোমতে বাজার থেকে বের হয়ে যেতেই এখন আগ্রহী। ক্রেতার অভাবে চরম মন্দায় আক্রান্ত দেশের দুই শেয়ারবাজার। ধারাবাহিক দরপতন ও লেনদেন কমার ঘটনায় বিক্ষুব্ধ সাধারণ বিনিয়োগকারীরা এখন প্রতিদিনই রাস্তায় নামছেন। গতকাল রোববারও মতিঝিলে ডিএসই ভবনের সামনে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। এ সময় তাঁরা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পদত্যাগসহ ছয় দফা দাবি জানান। বেলা আড়াইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। টিকলু কান্তি দাশ নামের একজন বিনিয়োগকারী প্রথম আলোকে বলেন, ‘প্রতিদিনই লোকসানের পরিমাণ বাড়ছে। বাজার ঘুরে দাঁড়ানোর কোনো আশার আলো দেখতে পাচ্ছি না। সরকারও নিশ্চুপ। জীবনের সব সঞ্চয় নিয়ে বিনিয়োগ করেছি। বাজারের এই অবস্থায় পড়েছি মহা সংকটে। না পারছি শেয়ার বিক্রি করতে, না পারছি সংসার চালানোর খরচ জোগাতে। প্রতিদিনই ভাবি, বাজার একটু ঘুরে দাঁড়ালেই সব শেয়ার বিক্রি করে দেব। কিন্তু প্রতিদিনই লোকসান বাড়ে।’ বাজারের এ অবস্থায় লেনদেন কমার কারণ অনুসন্ধান ও বাজারের সার্বিক অবস্থা নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালকেরা গতকাল শীর্ষ ৩০টি ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালকদের সঙ্গে বৈঠক করেছেন। আর একই কারণে কাল মঙ্গলবার থেকে বাজারসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। প্রথম দফায় কাল মঙ্গলবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) নেতা ও শীর্ষস্থানীয় কয়েকটি মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহীদের সঙ্গে বৈঠক করবে এসইসি; বুধবার বৈঠক করবে সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীদের সঙ্গে। বৃহস্পতিবার হবে এসইসি, ডিএসই, সিএসই, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নিয়ে গঠিত পুঁজিবাজার সমন্বয় কমিটির সভা।এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বাজারের উন্নয়নের স্বার্থে সামগ্রিক পরিস্থিতি নিয়েই এসব ধারাবাহিক বৈঠকের আয়োজন করা হয়েছে।’ গতকালের বৈঠকে শীর্ষ ৩০ ব্রোকারেজ হাউসের ব্যবস্থাপনা পরিচালকদের বেশির ভাগই বাজারের বর্তমান পরিস্থিতির জন্য নগদ টাকার সরবরাহ কমে যাওয়া বা তারল্যসংকটকে দায়ী করেন। এ সংকট কাটাতে তাঁরা দ্রুত ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দেন। বৈঠক শেষে ডিএসইর সভাপতি শাকিল রিজভী সাংবাদিকদের বলেন, বৈঠকে বেশ কিছু সুপারিশ উঠে এসেছে। ডিএসইর পর্ষদ সভায় এসব সুপারিশ নিয়ে আলোচনা করে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তিনি আরও বলেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে লিখিতভাবে সুপারিশগুলো অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হবে।জানা গেছে, বৈঠকে শেয়ারবাজারের লেনদেনের ওপর আরোপিত কর কমানো, ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের একক গ্রাহক ঋণসীমা (সিঙ্গেল পার্টি এক্সপোজার লিমিট) সমন্বয়ের সময়সীমা বাড়ানো, অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের ক্ষেত্রে যেসব ভুল-বোঝাবুঝি রয়েছে সেগুলো দূর করা, বাজারে মিউচুয়াল ফান্ডগুলোর সক্রিয় অংশগ্রহণ আরও বাড়ানোর সুপারিশ করা হয়। ডিএসইর সভাপতি আরও জানান, সম্প্রতি ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত খসড়া নিয়েও ব্রোকাররা তাঁদের শঙ্কার কথা তুলে ধরেছেন। জানা গেছে, বৈঠকে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের সংশোধিত খসড়া অনুযায়ী শেয়ারবাজারে ব্যাংক ও অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিনিয়োগসীমা আরও কমিয়ে আনা হচ্ছে, যা বাজারে নেতিবাচক প্রভাব ফেলছে। বাজার নিয়ে আজ সোমবার লেনদেন শেষে বৈঠক করবে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ)। সংস্থাটির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, এ মুহূর্তে বাজারে নগদ টাকার বেশ সংকট রয়েছে। নানা নিয়মের কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে বিনিয়োগ করতে পারছে না। বর্তমানে বাজারে যে অবস্থা বিরাজ করছে, তা থেকে উত্তরণে সবার সম্মিলিত প্রচেষ্টা দরকার।বাজারে অর্থের জোগান বাড়াতে বাংলাদেশ ফান্ডকে পরিপূর্ণ আকার দেওয়ার কাজটি খুব দ্রুত সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে বলে জানান রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফায়েকুজ্জামান। ৪ সেপ্টেম্বর শেয়ারবাজারে ঈদ-পরবর্তী লেনদেন শুরু হয়। সাধারণ বিনিয়োগকারী থেকে শুরু করে বাজারসংশ্লিষ্ট অনেকেরই ধারণা ছিল, ঈদের পরই শেয়ারবাজার প্রাণ ফিরে পাবে। কিন্তু গত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনই শেয়ারবাজারে দরপতন ঘটে। ঢাকার বাজারে গত ছয় কার্যদিবসে সাধারণ মূল্যসূচক কমেছে প্রায় ১৯৪ পয়েন্ট। চলতি বছরের ২৫ আগস্ট, ঈদের বন্ধের আগে শেষ লেনদেন দিবসে ডিএসইর সাধারণ সূচক ছিল ছয় হাজার ২১২ পয়েন্ট। আর গতকাল সেটি কমে দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার ১৮ পয়েন্টে।গেল সপ্তাহ শেষে ডিএসইতে প্রতিদিনের গড় লেনদেন নেমে এসেছে ৩১৯ কোটি টাকায়। গতকাল সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় ২৮৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৪৩ কোটি টাকা বেশি। গতকাল ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৫৯ পয়েন্ট কমেছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৪০ পয়েন্টে। এ দিন লেনদেন হয় প্রায় ৪৫ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে প্রায় নয় কোটি টাকা বেশি।লেনদেন বাড়লেও দুই বাজারেই হাতবদল হওয়া বেশির ভাগ শেয়ারের দাম কমেছে। ডিএসইতে গতকাল ২৫৩টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ২০৮টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ৩১টির। সিএসইতে মোট ১৮২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৫০টিরই দাম কমেছে ও বেড়েছে ২৭টির।