শেয়ারের বিপরীতে ঋণ-জটিলতা নিরসনের দাবি
শেয়ারের বিপরীতে দেওয়া ঋণসুবিধা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে অনুরোধ জানিয়েছেন মার্চেন্ট ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীরা।এসইসির সঙ্গে মার্চেন্ট ব্যাংকারদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক বৈঠকে আজ মঙ্গলবার এ অনুরোধ জানানো হয়। বৈঠকে শেয়ারবাজারের সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে।পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে নিয়মিত মাসিক মতবিনিময়ের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খন্দকার।বৈঠকে এসইসির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বিএমবিএর সহসভাপতি ও প্রাইম ব্যাংকের মার্চেন্ট ব্যাংকিং বিভাগের প্রধান শেখ মর্তুজা আহমেদ, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুর রউফ, আইডিএলসি ফাইন্যান্সের উপব্যবস্থাপনা পরিচালক আরিফ খান, প্রাইম ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।এসইসির নিয়ম হচ্ছে, বর্তমানে ঋণদাতা মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে কোম্পানির শেয়ারের বাজারমূল্য ও মোট সম্পদ মূল্যের (এনএভি) যোগফলকে দুই দিয়ে ভাগ করে ঋণব্যবস্থাপনার নিয়ম অনুসরণ করতে হয়।বৈঠকে মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা অভিযোগ করেন, এ নিয়ম অনুসরণ করতে গিয়ে ঋণব্যবস্থাপনার ক্ষেত্রে জটিলতা দেখা দিচ্ছে। এ কারণে তাঁরা এ নিয়মটি পরিবর্তনের দাবি করেন।এ দাবির পরিপ্রেক্ষিতে এসইসির পক্ষ থেকে ঋণ-জটিলতা নিরসনের আশ্বাস দেওয়া হয়েছে। এ জন্য মার্চেন্ট ব্যাংকগুলোকে একক একটি নীতিমালা প্রস্তাব করতে বলেছে এসইসি।সূত্র জানায়, আসন্ন বাজেটকে সামনে রেখে শেয়ারবাজারের মূলধনী আয়ের ওপর করের হার বাড়ানো ও বেনিফিশারি ওনার্স (বিও) হিসাব খোলার ক্ষেত্রে আয়কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, তার তীব্র বিরোধিতা করেন মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তারা।মার্চেন্ট ব্যাংকের কর্মকর্তাদের মতে, এ মুহূর্তে এনবিআরের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ নেওয়া হলে তা হবে শেয়ারবাজারের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। এনবিআরের এ উদ্যোগ বন্ধে এসইসির হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।এদিকে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নবগঠিত পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে বিষয়টি নিয়ে এনবিআরের সঙ্গে আলোচনা করার। কাল বুধবার বিকেল তিনটায় ডিএসইর একটি প্রতিনিধিদল এনবিআরের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদের সঙ্গে এ ব্যাপারে আলোচনার জন্য যাবেন।এএএমসির সঙ্গে বৈঠক: এদিকে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর সমিতি অ্যাসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি (এএএমসি) প্রতিনিধিরাও আজ এসইসির চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাত্ করেন। এ সময় সংগঠনটির নেতারা মিউচুয়াল ফান্ড শিল্পকে প্রভাবিত করতে পারে এ সিদ্ধান্ত গ্রহণ থেকে এসইসিকে বিরত থাকার অনুরোধ করেন।এ বৈঠকে আইসিবি এএমসিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান খন্দকার, এল আর গ্লোবাল বাংলাদেশ লিমিটেডের প্রধান ব্যবস্থাপনা পরিচালক রিয়াজ ইসলাম, রেইস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম এবং এসইসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বৈঠকে এএএমসির নেতারা মিউচুয়াল ফান্ডের জন্য কার্যকর ঋণসুবিধা বহাল করা, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য প্রাইভেট প্লেসমেন্টের পরিমাণ বাড়ানো, এএমসিকে বুকবিল্ডিং পদ্ধতিতে অংশগ্রহণের সুযোগ দেওয়াসহ মিউচুয়াল ফান্ড-সংক্রান্ত নীতিনির্ধারণের ক্ষেত্রে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানিগুলোর মতামত নেওয়ার সুপারিশ করেন।সভায় বলা হয়, মিউচুয়াল ফান্ডগুলো ক্ষুদ্রবিনিয়োগকারীদের ফটকা কারবারির ক্ষতির হাত থেকে রক্ষা করে। কিন্তু এসইসির নির্দেশে মিউচুয়াল ফান্ডে ঋণসুবিধা সংকুচিত থাকায় বিনিয়গকারীরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ থেকে বিরত রয়েছে। একই কারণে অধিকাংশ মার্চেন্ট ব্যাংক মিউচুয়াল ফান্ডগুলোর ইউনিট বেচাকেনার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করেছে।