শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন অব্যাহত থাকার আশঙ্কা
দেশের উত্তর ও মধ্যাঞ্চল দিয়ে শৈত্যপ্রবাহ আরও দুই-তিন দিন অব্যাহত থাকার আশঙ্কা রয়েছে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, রাজশাহী অঞ্চলসহ পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, মাদারীপুর ও শ্রীমঙ্গলের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহের তীব্রতা একটু বেড়ে দুই-তিন দিনের মধ্যে কমে আসবে।এদিকে আজকের আবহাওয়ার বুলেটিনে জানানো হয়, এ মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে আরও দু-একটি মাঝারি অথবা তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া দেশের অন্যান্য জায়গায় দুই-তিনটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, চলতি জানুয়ারি মাসে দেশের উত্তর ও মধ্যাঞ্চলে এবং নদ-নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা ও অন্যত্র হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার আশঙ্কা রয়েছে। এ মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এ ছাড়া নদ-নদীর প্রবাহ স্বাভাবিক থাকতে পারে। বাসস।