শৈত্যপ্রবাহে কাতর মানুষ চলবে আরও দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশজুড়ে আবারও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ দেশের বেশির ভাগ এলাকা ঘন কুয়াশায় ঢাকা পড়েছে। সারা দিনে সূর্যের দেখা মেলেনি। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে পাঁচ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস কমে গেছে। ঠান্ডাজনিত রোগে সিরাজগঞ্জে চারজন ও রাজবাড়ীতে একজন মারা গেছেন। একই সঙ্গে অধিকাংশ এলাকায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে।আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলমান শৈত্যপ্রবাহ আরও দু-এক দিন চলবে। তবে আজ রাতে তাপমাত্রা কমতে পারে। ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগ এবং কুমিল্লা ও শ্রীমঙ্গলে শৈত্যপ্রবাহ আরও বাড়বে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ বজলুর রহমান প্রথম আলোকে জানান, সাধারণত বছরের এ সময় পশ্চিমা লঘুচাপ সক্রিয় থাকে। ফলে বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া জলীয় বাষ্প বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এবার পশ্চিমা লঘুচাপ সক্রিয় না থাকায় জলীয় বাষ্প কুয়াশা হয়ে পড়ছে।ঘন কুয়াশার কারণে মহাসড়ক ও ফেরিঘাটে যান চলাচল ব্যাহত হচ্ছে। কাওড়াকান্দি-মাওয়া ফেরিঘাটে রাত তিনটা থেকে সকাল ১১টা পর্যন্ত নৌযান চলাচল বন্ধ ছিল। ফেরিতে অপেক্ষায় থাকা প্রায় অর্ধশতাধিক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। রাজধানীসহ দেশের বিভিন্ন নগরে ছিন্নমূল মানুষ সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়ে।গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা থাকলেও সর্বোচ্চ ১৪ দশমিক ৪ ও সর্বনিম্ন ১২ ডিগ্রি সেলসিয়াস ছিল এবং চট্টগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩ দশমিক ২ ডিগ্রি। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে ২৭ দশমিক ৪ ও সর্বনিম্ন যশোরে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।আমাদের সিরাজগঞ্জের নিজস্ব প্রতিবেদক জানান, জেলার রায়গঞ্জ উপজেলার ঘুড়কা ইউনিয়নের দেওভোগ গ্রামে ঠান্ডাজনিত রোগে ছকিনা বেগম (৯৫), মবু শেখ (৮৫), ধানগড়া ইউনিয়নের রৌহা গ্রামের খোদেজা বেওয়া (১০৫) এবং তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের পলাশী গ্রামের ভ্যানচালক হাফিজ উদ্দীন (৩৮) মারা গেছেন। রাজবাড়ী প্রতিনিধি জানান, গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত ১৫ জন শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিত্সা নিয়েছে। গোয়ালন্দ উপজেলার নাছের মাতবর পাড়া গ্রামের বারেক বেপারি (৬০) মারা গেছেন।