শৈত্যপ্রবাহে জবুথবু দেশ
পৌষের শুরু থেকেই দেশে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল শনিবার তা সারা দেশে ছড়িয়ে পড়েছে। কোথাও তীব্র, কোথাও মাঝারি বা মৃদু। এ শৈত্যপ্রবাহে ঢাকাসহ সারা দেশ জবুথবু।গতকাল যশোর অঞ্চলে শুরু হয়েছে তীব্র শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগে চলেছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। দেশের অন্যত্র মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই অবস্থা আজ রোববারও চলবে। এর পরও দেশের কোথাও কোথাও শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এ সময় সারা দেশের আবহাওয়া প্রধানত শুকনো থাকবে। কোথাও কোথাও মধ্যরাত থেকে দুপুর পর্যন্ত কুয়াশায় ঢেকে থাকবে।ঘন কুয়াশায় ফেরিসহ সব ধরনের যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। ফেরিঘাট ও মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে। ঠান্ডাজনিত রোগ-ব্যাধি বাড়ছে। বিশেষ করে, শিশু ও বয়স্করা বেশি কষ্টে পড়েছেন। প্রচণ্ড শীতে কাতর হয়ে পড়েছে পশুপাখিরাও। আবহাওয়া অফিস জানায়, আজ মুদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহের কবলে থাকবে রাজশাহী, পাবনা, সৈয়দপুর, দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও পটুয়াখালীর খেপুপাড়া অঞ্চল।দেশের বিভিন্ন এলাকা থেকে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবরে তীব্র শীতে মানুষের কষ্টের চিত্রই ফুটে উঠেছে।আমাদের যশোর অফিস জানায়, গতকাল সকাল সাড়ে ছয়টায় যশোরে ৬ দশমিক শূন্য ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা ছিল এ বছর দেশের সর্বনিম্ন তাপমাত্রা। যশোরের মতিউর রহমান বিমানঘাঁটির আবহাওয়া অফিস থেকে এ তথ্য জানানো হয়। গতকাল ভোর থেকেই যশোরে ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহ শুরু হয়। সকাল ১০টায়ও সূর্যের দেখা মেলেনি। শীতে জবুথবু মানুষকে আগুন জ্বেলে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে।কুড়িগ্রাম থেকে নিজস্ব প্রতিবেদক জানান, শীতে জনজীবন বিপর্যস্ত। চার দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। তাপমাত্রা নেমেছে ১২ ডিগ্রি সেলসিয়াসে। সারা দিন বইছে কনকনে হিমেল হাওয়া। ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নজরুল ইসলাম জানান, শীতের কারণে গত ২৪ ঘণ্টায় ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আট শিশু ও দুজন বৃদ্ধ সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। তীব্র শীতের কারণে শিশু ওয়ার্ড গরম রাখার জন্য বিশেষ ব্যবস্থা নিতে হয়েছে।চুয়াডাঙ্গা প্রতিনিধি জানান, আবহাওয়া অধিদপ্তর গতকাল সেখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ বছর সেখানে এটাই সর্বনিম্ন। তাপমাত্রা আরও কমতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষ বেশি বিপাকে পড়েছে। সরকারি-বেসরকারি উদ্যোগে এখন পর্যন্ত কোনো শীতবস্ত্র বিতরণ করা হয়নি। শীতজনিত রোগের প্রকোপ বেড়েছে। গতকাল শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ১৪ শয্যার বিপরীতে ৩৩ জন রোগী ভর্তি হয়। জেলা প্রশাসক ভোলানাথ দে প্রথম আলোকে বলেন, আজ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। তিনি অসহায় শীতার্ত মানুষের সহায়তার জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানান। নীলফামারী প্রতিনিধি জানান, ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় নীলফামারীতে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। গতকাল সারা দিনে একবারের জন্যও সূর্যের দেখা মেলেনি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি।পঞ্চগড় প্রতিনিধি জানান, এক সপ্তাহ ধরে চলা শৈত্যপ্রবাহে জনজীবনে চরম দুর্ভোগ নেমে এসেছে। দুস্থ মানুষ বেশি বিপাকে পড়েছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস জানায়, এ পর্যন্ত সরকারিভাবে পাওয়া দুই হাজার ৩০০ কম্বল বিতরণ করা হয়েছে। বর্তমানে জেলার সরকারি ত্রাণভান্ডারে আর শীতবস্ত্র নেই। ১০ হাজার কম্বল চেয়ে জরুরি ফ্যাক্সবার্তা পাঠানো হয়েছে। পটুয়াখালী অফিস ও কলাপাড়া প্রতিনিধি জানান, জেলার সর্বত্র দুই দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। কলাপাড়ায় শীতজনিত রোগে আক্রান্ত হয়ে জাকির হোসেন (৪০) নামের ইটভাটার একজন শ্রমিক মারা গেছেন। মফিজুল (৩৫) নামের আরেকজন শ্রমিক কোল্ডস্ট্রোকে আক্রান্ত হয়ে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। তাঁরা দুজনেই কলাপাড়ার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামের সোহাগ ব্রিকসের শ্রমিক। কলাপাড়া রাডার স্টেশনের তথ্যমতে, জেলায় গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, শীতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে গত তিন দিনে ২৫ জন ভর্তি হয়েছে। শীতবস্ত্রের অভাবে দুস্থ মানুষের কষ্ট বেড়েছে।তিন দিন ধরে সূর্যের মুখ দেখা যাচ্ছে না। সবচেয়ে কষ্টে পড়েছে হাতিয়া ও গুনাইগাছ ইউনিয়নের ব্রহ্মপুত্র ও তিস্তা নদীর চরাঞ্চলের মানুষ। হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন জানান, জরুরি ভিত্তিতে শীতবস্ত্র চেয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করা হয়েছে।বদরগঞ্জ ও তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি জানান, তীব্র শীতে কষ্ট পাচ্ছে গরিব মানুষ। তারা জনপ্রতিনিধিদের বাড়িতে শীতবস্ত্রের জন্য ভিড় করছে। সরকারিভাবে এখন পর্যন্ত বদরগঞ্জে ৪২০টি ও তারাগঞ্জে ২০০টি কম্বল বরাদ্দ পাওয়া গেলেও চাহিদার তুলনায় অপ্রতুল হওয়ায় তা এখনো বিতরণ করা হয়নি। গতকাল রংপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।রংপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোখলেছুর রহমান মুঠোফোনে গতকাল শনিবার প্রথম আলোকে বলেন, জেলার আটটি উপজেলা ও তিনটি পৌরসভায় সাড়ে পাঁচ হাজার কম্বল পাঠানো হয়েছে। আরও ৫০ হাজার চাওয়া হয়েছে।পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি জানান, গতকাল পীরগঞ্জে ভোরে তাপমাত্রা ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়োবৃদ্ধরা। গত চার দিনে ডায়রিয়া আক্রান্ত ৪৯ শিশুকে পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।