শৈলকুপায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আজ বুধবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছেন। এ ঘটনার জের ধরে উপজেলার পাঁচটি গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ১০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।পুলিশ ও গ্রামবাসী জানায়, শৈলকুপা উপজেলার ১০ নম্বর বগুড়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতারা দীর্ঘদিন দুটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে। বগুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা নজরুল ইসলাম জোয়ার্দ্দার এবং একই ইউনিয়নের আরেক সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা সিরাজুল ইসলাম ওরফে মাখন গ্রুপ দুটির নেতৃত্ব দিচ্ছেন।ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের কর্মী ও সমর্থকেরা সকাল ছয়টা থেকে ঢাল, সড়কি, রামদা ও দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুপুর পর্যন্ত উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। সংঘর্ষ পার্শ্ববর্তী বরইহুদা, আলফাপুর, রত্নাট ও কামান্না গ্রামেও ছড়িয়ে পড়ে। দফায় দফায় সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।সংঘর্ষে আহত ব্যক্তিদের মধ্যে বগুড়া গ্রামের আবু মিয়া (২৫), মনিরুল ইসলাম (৩৭), আবদুল কুদ্দুস (৩৫), সৈয়দ আলী (৬০), জামাল উদ্দিন (৪৫), আবদুল মালেক (৫৫), আবদুর রাজ্জাক (৩২), মিন্নাফ আলী (৩২), তোবারেক শেখ (৩৫) ও শাখাওয়াত হোসেনকে (৪০) ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অন্তত ২৫ জনকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেওয়া হয়।শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় নিজেদের প্রভাব বজায় রাখতে আওয়ামী লীগের স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করায় পরিস্থিতি এখন শান্ত।