শৈলকুপায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত, আহত ৩০
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আজ মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছে।নিহত ব্যক্তির নাম রোজদার আলী। তিনি উপজেলার অচিন্তপুর গ্রামের আকবার আলী মণ্ডলের ছেলে।পুলিশ ও এলাকাবাসী জানায়, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার তিন নম্বর দিগনগর ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী যুবলীগের সাবেক থানা সভাপতি নাসির উদ্দীন খানের সঙ্গে থানা আওয়ামী লীগের সদস্য সামছুজ্জামান খান ওরফে পান্না পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। গতকাল সোমবার সামছুজ্জামান খান গ্রুপের ২০-২২ জন সমর্থক গ্রামে এক অনুষ্ঠান করে নাসির উদ্দীন খান গ্রুপে যোগদান করেন। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। সোমবার রাতে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ ঘটনার জের ধরে আজ উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।দিগনগর ইউনিয়নের দেবতলা, অচিন্তপুর, গোকুলনগর ও হারুনদিয়া গ্রামের লোকজন রামদা, ঢাল, ভেলা, বল্লমসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে অচিন্তপুর গ্রামে গিয়ে সংঘর্ষে লিপ্ত হন। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে নাসির উদ্দীন খান পক্ষের রোজদার আলী মণ্ডল ঘটনাস্থলেই নিহত হন।এ ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই এলাকায় পুলিশি টহলের ব্যবস্থা করা হয়েছে। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে। তিনি আরও জানান, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে উভয় পক্ষের ২২ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।