শৈলকুপায় প্রকৌশলীর কাছ থেকে ৬৪টি দরপত্রসহ ব্যাংক ড্রাফট ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলা প্রকৌশলীর হাত থেকে ৬৪টি দরপত্রসহ প্রায় এক লাখ টাকার ব্যাংক ড্রাফট ছিনিয়ে নিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার বিকেলে শৈলকুপা শহরের কবিরপুর মোড়ে এ ঘটনা ঘটে।ছিনতাই হওয়া দরপত্রগুলো স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলীর দপ্তরে জমা পড়েছিল। উপজেলা প্রকৌশলীর দপ্তরে আনার সময় এ ঘটনা ঘটে।নাম প্রকাশে অনিচ্ছুক ঠিকাদারেরা অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা এ ছিনতাই করেছেন।শৈলকুপা এলজিইডি দপ্তর সূত্রে জানা যায়, পিডিপি-২ প্রকল্পের আওতায় বিদ্যালয় ভবন নির্মাণ ও আসবাবপত্রের আটটি প্যাকেজে এক কোটি ২৪ লাখ ৮৭ হাজার ৮৫০ টাকার কাজের দরপত্র আহ্বান করা হয়। গত সোমবার ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন। স্থানীয় ঠিকাদারেরা অভিযোগ করেন, দরপত্র বিক্রির সময় ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মীরা দরপত্র বিক্রি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। কিন্তু নিজেদের মধ্যে দুটি পক্ষ হয়ে যাওয়ায় ব্যর্থ হন তাঁরা। শৈলকুপা প্রকৌশল দপ্তর থেকে ৪৮টি এবং ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে ১৫৮টি দরপত্র বিক্রি হয়। সোমবার কড়া পুলিশ পাহারায় ঝিনাইদহ নির্বাহী প্রকৌশলীর দপ্তরে ৬৪টি এবং শৈলকুপায় ৪০টি দরপত্র জমা পড়ে।ঠিকাদারেরা জানান, শৈলকুপা উপজেলা প্রকৌশলী শামছুর রহমান গতকাল একজন কর্মচারী নিয়ে ঝিনাইদহে জমা হওয়া ৬৪টি দরপত্র আনতে যান। দরপত্রগুলো নিয়ে আসার সময় বিকেল চারটার দিকে শৈলকুপার কবিরপুর মোড়ে পৌঁছালে ১০ থেকে ১২ জনের একদল সন্ত্রাসী তাঁর পথ আটকায়। মুহূর্তে দরপত্র ছিনিয়ে পালিয়ে যায় তারা। ওই ৬৪টি দরপত্রের সঙ্গে প্রায় এক লাখ টাকার ব্যাংক ড্রাফট ছিল।উপজেলা প্রকৌশলী শামছুর রহমান জানান, কোনো কিছু বুঝে ওঠার আগেই তাঁর হাত থেকে দরপত্রগুলো ছিনিয়ে নেয়। কারা নিয়েছে তা তিনি বলতে পারেন না।নিরাপত্তা না থাকার বিষয়ে শামছুর রহমান বলেন, এ জাতীয় ঘটনা ঘটবে তিনি বুঝতে পারেননি।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, ঝিনাইদহে জমা পড়া দরপত্র আনার জন্য পুলিশ উপজেলা প্রকৌশলীকে নিরাপত্তা দিতে চেয়েছিল। কিন্তু শামছুর রহমান তা নেননি।শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজমুল হক জানান, তাঁরাও সন্দেহ করছেন দরপত্র প্রক্রিয়া বানচাল করতে কেউ এই ঘটনা ঘটাতে পারে। এ ঘটনার পর দরপত্রের কার্যক্রম স্থগিত করা হয়েছে। থানায় মামলা করা হবে।এ ব্যাপারে শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান নায়েব আলী জোয়ার্দার জানান, যাঁরা দরপত্র নিয়ন্ত্রণ করতে চেয়েছিলেন তাঁরাই এ ঘটনা ঘটিয়েছেন। তবে তাঁদের দলীয় পরিচয় আছে কি না তা বলতে পারেন না।উপজেলা ছাত্রলীগের সভাপতি জাহিদুল ইসলাম জানান, ছাত্রলীগের কেউ এ ঘটনার সঙ্গে জড়িত নন। কারা ঘটিয়েছেন তা তঁদের জানা নেই।