ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গতকাল শুক্রবার ভোরে র্যাব ও পুলিশের অভিযানে গুলিবিদ্ধ হয়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তবে র্যাব ও পুলিশের দাবি, ‘ক্রসফায়ারে’ ওই দুজনের মৃত্যু হয়। দুজনই কথিত চরমপন্থী সংগঠন গণবাহিনীর সদস্য। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ মোট ১১টি মামলা রয়েছে। ‘ক্রসফায়ারের’ পর ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।এদিকে পাবনার আটঘরিয়া উপজেলায় এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশের দাবি, নিহত ব্যক্তি চরমপন্থী সংগঠনের আঞ্চলিক সদস্য।র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর সাখাওয়াত হোসেনের ভাষ্যমতে, শুক্রবার ভোর চারটার দিকে তাঁরা খবর পান শৈলকুপার জয়ন্তীনগর গ্রামের একটি মাঠে বসে একদল সন্ত্রাসী গোপন বৈঠক করছে। শৈলকুপা থানার পুলিশের সহযোগিতা নিয়ে র্যাব সেখানে অভিযান চালায়। র্যাব ও পুলিশের সদস্যরা ঘটনাস্থলের কাছে পৌঁছালে সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। র্যাব-পুলিশের সদস্যরাও পাল্টা গুলি ছোড়েন। প্রায় ১৫ মিনিট ধরে গুলিবিনিময় চলে। একপর্যায়ে সন্ত্রাসীরা পিছু হটে। পরে সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় মসিউর রহমান ওরফে মধু ওরফে মিষ্টি ওরফে শান্তি এবং দুলাল ব্যাপারি ওরফে জামাই দুলালকে উদ্ধার করা হয়। শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎ সকেরা তাঁদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, একটি রাইফেল, একটি শাটারগান, একটি শটগানসহ বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। গুলিবিনিময়ের সময় র্যাব ও পুলিশের দুই সদস্য সামান্য আহত হন। জানা যায়, নিহত মধু কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থানার শান্তিডাঙ্গা গ্রামের এবং দুলাল ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পদ্মনগর গ্রামের বাসিন্দা।শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সগির মিঞা জানান, মধুর বিরুদ্ধে শৈলকুপাসহ বিভিন্ন থানায় পাঁচটি হত্যাসহ সাতটি মামলা রয়েছে। দুলালের বিরুদ্ধে দুটি হত্যাসহ চারটি মামলা আছে।পাবনার আটঘরিয়ার চান্দাই গ্রামে বৃহস্পতিবার দিবাগত রাতে হযরত আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ গুলিবিদ্ধ লাশ উদ্ধার করে।নিহতের ভাই সাকাত আলী জানান, হযরত সন্ধ্যার দিকে স্থানীয় বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়ি ফেরেননি। স্থানীয় লোকজন জানান, রাত সোয়া দুইটার দিকে গ্রামে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। কিন্তু ভয়ে কেউ বাড়ি থেকে বের হয়নি। সকালে গুলিবিদ্ধ লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। সকাল ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।আটঘরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রওশন আলী জানান, নিহত হযরত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টির (এমএল-লাল পতাকা) আঞ্চলিক সদস্য ও থানার তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর মাথায় ও বুকে গুলির চিহ্ন রয়েছে। চরমপন্থীদের অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ ঘটনায় মামলা হয়েছে।