শোক, ক্ষোভ ও প্রতিবাদে শাহবাগ উত্তাল (ভিডিও)
শোক, ক্ষোভ ও প্রতিবাদে শাহবাগ এখন উত্তাল। ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যার শোক পরিণত হয়েছে শক্তিতে। আন্দোলন হয়েছে আরও বেগবান, আরও তেজোদীপ্ত। কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে রাজধানীর শাহবাগের প্রজন্ম চত্বরের প্রতিবাদ আজ শনিবার ১২তম দিনে গড়াল। ব্লগার রাজীব ছিলেন এই আন্দোলনের সক্রিয় কর্মী। গতকাল শুক্রবার তাঁকে কুপিয়ে হত্যা করা হয়। রাজীবের পরিবার এই হত্যার ঘটনায় জড়িত থাকার ব্যাপারে জামায়াত-শিবিরকে দায়ী করেছে।
রাজীবের জানাজাপিনপতন নীরবতা। এরই মধ্যে জাতীয় পতাকায় মোড়ানো কফিনে করে শাহবাগের প্রজন্ম চত্বরে আসেন রাজীব। লাখো জনতার অংশগ্রহণে সন্ধ্যা পাঁচটা ৫৪ মিনিটে সেখানে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়েছে। শাহবাগের জনস্রোত রূপসী বাংলা হোটেল, কাঁটাবন মোড়, টিএসসি চত্বর ও রমনা উদ্যান ছাড়িয়ে যায়।এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে রাজীবের মহদেহ শাহবাগে আনা হয়।সন্ধ্যা ছয়টার দিকে চিরদিনের জন্য শাহবাগ ছাড়েন রাজীব। পাবিরারিক সূত্রে জানা গেছে, শাহবাগ থেকে মিরপুরের বাসভবনে যাবেন রাজীব। এরপর যাবেন গাজীপুরের কাপাসিয়ায়। জানাজা শেষে সেখানেই দাফন করা হবে তাঁকে।যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে আন্দোলনকারীদের কণ্ঠে উঠেছে রাজীব হত্যার বিচারের দাবি। রাজীবের কফিন ছুঁয়ে এই হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নিয়েছেন আন্দোলনকারীরা। সেই সঙ্গে রাজীব হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তাঁরা। প্রতিবাদ চলবে টানাগতকাল শুক্রবার শাহবাগের জাগরণ সমাবেশ থেকে প্রতিদিন বেলা তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়। তবে ব্লগার রাজীব হত্যা এবং জামায়াতের ডাকা হরতালের প্রতিবাদে রাত ১১টার দিকে আগের কর্মসূচি বাতিল করা হয়। এতে এখন থেকে আন্দোলন একটানা চলবে। শাহবাগের প্রজন্ম চত্বর জেগে থাকবে।আজ গণজাগরণ মঞ্চ থেকে জানানো হয়, জামায়াত-শিবিরের কর্মীরা রাজীবকে খুন করেছে। তাঁকে খুন করে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বাংলার ঘরে ঘরে লাখো রাজীব রয়েছে। রাজীব হত্যার শোককে শক্তিতে পরিণত করে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। আজ কালো ব্যাজ ধারণ করা হয়েছে।রাজীবের নামে স্লোগানরাজীবকে গতকাল কুপিয়ে হত্যার পর থেকে শাহবাগের প্রজন্ম চত্বরের স্লোগানে উঠে এসেছে রাজীবের নাম। আন্দোলনকারীরা স্লোগান দিচ্ছেন, ‘রাজীবের রক্ত, বৃথা যেতে দেব না’, ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে’, ‘মাগো তোমায় কথা দিলাম, রাজীব হত্যার বদলা নেব’ বলে। সংহতিরাজীবের চাচা আবদুল হান্নান আজ শাহবাগের সমাবেশে সংহতি জানিয়েছেন। এ সময় তিনি বলেন, ‘রাজীব খুব ভালো ছেলে ছিল। কোনো দলের সঙ্গে সে যুক্ত ছিল না। তোমরা যে দাবি নিয়ে আন্দোলন করছ, তার জন্যই তাকে খুন করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও।’রাজীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ বেলা তিনটার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে কবিতা আবৃত্তি করেছেন সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘শহীদ রাজীব রক্ত দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সে পথ থেকে কোনোভাবেই সরে যাওয়া যাবে না।’এ ছাড়া শাহবাগে কবিতা আবৃত্তি করেছেন লুত্ফর রহমান রিটন এবং গণসংগীত পরিবেশন করেছেন ফকির আলমগীর।স্লোগানে মুখরিত প্রজন্ম চত্বর‘তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’; ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’; ‘সাম্প্রদায়িকতার আস্তানা, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’; ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’; ‘পাকিস্তানের প্রেতাত্মারা, পাকিস্তানেই ফিরে যা’; ‘বাংলাদেশের মাটিতে জামায়াত-শিবিরের ঠাঁই নাই’; ‘আমাদের ধমনিতে শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে দেব না’; ‘আর কোনো দাবি নাই, রাজাকারের ফাঁসি চাই’; ‘জামায়াতে ইসলাম, মেড ইন পাকিস্তান’; ‘এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন’, ‘জয় বাংলা’—এসব স্লোগানে মুখরিত শাহবাগ চত্বর। সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছে ‘ক-তে কাদের মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ক-তে কামারুজ্জামান, তুই রাজাকার তুই রাজাকার’; ‘গ-তে গোলাম আযম, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাকা, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ম-তে মুজাহিদ, তুই রাজাকার তুই রাজাকার’; ‘ন-তে নিজামী, তুই রাজাকার তুই রাজাকার’; ‘স-তে সাঈদী, তুই রাজাকার তুই রাজাকার’ স্লোগান। প্রতিনিয়তই যোগ হচ্ছে নতুন নতুন স্লোগান।আন্দোলনের শুরুগত ৫ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধী কাদের মোল্লার যাবজ্জীবন সাজার রায়ের পর তাত্ক্ষণিকভাবে তা প্রত্যাখ্যান করে ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট নেটওয়ার্ক শাহবাগে অবস্থান নেয়। তরুণেরা কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবি করেন। ওই দিন বিকেলে খুব ছোট পরিসরে এই প্রতিবাদ শুরু হলেও সন্ধ্যা নাগাদ সেখানে সমাজের নানা শ্রেণী-পেশার মানুষ এসে যোগ দিতে থাকেন। তিন দিনের মাথায় গত শুক্রবার লাখো মানুষের মহাসমাবেশে তরুণেরা তাঁদের দাবি তুলে ধরেন এবং মানবতাবিরোধীদের সর্বোচ্চ সাজার রায় বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নেন। তরুণদের অন্য দাবির মধ্যে ছিল: মানবতাবিরোধী অপরাধী ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। পঁচাত্তরের পর ছেড়ে দেওয়া সব অপরাধীকে ট্রাইব্যুনালে বিচার করা, ধর্মভিত্তিক রাজনীতি বন্ধ করা, জামায়াতের অর্থে পরিচালিত সব প্রতিষ্ঠান বর্জন করা, গৃহযুদ্ধের হুমকি দেওয়া জামায়াতের নেতাদের গ্রেপ্তার করা। জেগে উঠল জাতিগত ৫ ফেব্রুয়ারি থেকে শাহবাগের প্রজন্ম চত্বরে ধারাবাহিকভাবে চলছে আন্দোলন। দিন-রাতের কোনো ব্যবধান নেই শাহবাগে। টানা রাজপথে কাটালেও এতটুকু ক্লান্তির ছাপ নেই আন্দোলনকারীদের মধ্যে। স্লোগান, কবিতা, গান আর দেশপ্রেমে উদ্বুদ্ধ জনতার কণ্ঠে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি চলছেই। সময় যত গড়াচ্ছে, লোকসমাগম তত বাড়ছে শাহবাগে। সেখানে চলছে প্রতিবাদী তারুণ্যের প্রতিবাদ। মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শাহবাগ পরিণত হয়েছে বাংলাদেশের কণ্ঠস্বরে। সেই সঙ্গে শাহবাগের ঢেউ ছড়িয়ে পড়েছে সারা দেশে। জেগে উঠেছে জাতি।গত মঙ্গলবার বিকেলে তিন মিনিট নীরবতা পালন করে সারা দেশ। তিন মিনিট স্তব্ধ ছিল শাহবাগ। স্তব্ধ ছিল দেশ।গত বুধবার শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে এসব দাবি জানিয়ে দিনভর স্লোগান দেওয়া হয়। দুপুরের দিকে খবর আসে, কাদের মোল্লা ও অভিযুক্ত কামারুজ্জামানের জাতীয় প্রেসক্লাবের সদস্যপদ বাতিল করা হয়েছে। এই খবরের পর সেখানে আনন্দ বয়ে যায়। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগের প্রজন্ম চত্বরসহ সারা দেশে মোমবাতি জ্বালানো হয়। মোমবাতির ওই শিখা কেবল শাহবাগেই সীমাবদ্ধ থাকেনি, ছড়িয়েছে ৫৬ হাজার বর্গমাইলে। দেশের প্রতিটি প্রান্তের মানুষ যে যেখানে ছিলেন, সেখান থেকে একটি করে মোমবাতি জ্বালিয়ে শাহবাগের আন্দোলনের প্রতি তাঁদের একাত্মতা জানান। দিন যতই যাচ্ছে, সর্বস্তরের মানুষের অংশগ্রহণে আন্দোলন আরও উদ্দীপ্ত হয়ে উঠছে।