শোক, শূন্যতা ও কান্না
যেকোনো দুর্ঘটনা ঘটলেই সবার আগে আক্রান্ত হয় নারী ও শিশুরা। এবারও এর ব্যতিক্রম হয়নি। ১৮ নভেম্বর ঢাকার হাজারীবাগের বৌবাজার বস্তিতে আগুনের ভয়াবহতায় প্রাণ হারিয়েছে ১১ নারী ও শিশু। পরিবারগুলোর মধ্যে স্বজন হারানোর শোক। পরিবারে পরিবারে কান্না...সাকিব ও রাকিব যমজ দুই ভাই। বয়স মাত্র সাড়ে তিন বছর। দুজনেরই বেশি পছন্দ নানি হেলেনা বেগমের সঙ্গে ঘুমানো। প্রতিদিনের মতো তাই ১৮ নভেম্বর রাতে নানির ঘরে ঘুমোতে যাওয়ার বায়না ধরে দুই ভাই। বাবা মামুন শিকদার ছেলে রাকিবকে বুঝিয়ে নিজেদের বাসায় ঘুম পাড়াতে পারলেও কিছুতেই ঘুমাচ্ছিল না আরেক ছেলে সাকিব। রাত ১০টায় তাই ছেলে সাকিবকে পাশেই ঢাকার হাজারীবাগের বৌবাজার বস্তিতে তার নানির কাছে রেখে যান মামুন। রেখে যাওয়ার সময় বাবাকে সে বলেছিল, ‘আব্বা, সকালে রাকিব উঠার আগেই আমারে নিয়ে যাবা। নাইলে হ্যায় আমারে মারব।’ সকালে বাবা ছেলেকে নিয়ে গেছেন ঠিকই কিন্তু তখন আর সে কথা বলে না। ছোট্ট ছেলেটি রাতের আগুনে পুড়ে কয়লা হয়ে গেছে। তার সঙ্গে পুড়ে মারা গেছেন নানি হেলেনা বেগম এবং খালা আকলিমা। গোসলখানা থেকে যখন তাঁদের মৃতদেহ উদ্ধার করা হয়, হেলেনা বেগম তখনো দুই হাতে আগলে রেখেছেন ছোট্ট সাকিবকে। গলার তামার তাবিজ গলে লেগে গেছে শরীরের সঙ্গে। গত রোববার মাঝরাতে হাজারীবাগের বৌবাজার বস্তিতে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে মারা গেছে মোট ১১ জন। সবাই নারী ও শিশু। আগুনে পুড়ে গেছে বস্তির পুরো এলাকা। সব হারিয়ে তাঁরা এখন খোলা আকাশের নিচে। পরনের কাপড় ছাড়া আর তেমন কিছু নিয়ে বেরিয়ে আসতে পারেনি কেউ। ভয়াল সেই রাতের বর্ণনা দিতে গিয়ে সত্তর বছরের বৃদ্ধ ফাতেমা বেগম বলেন, ‘আমগো গরে আমি আর বুইড়া (স্বামী) ছাড়া কেউ থাহে না। গরের চালে আগুন দেইখ্যা বুইড়ারে নিয়া বাইরে আসি। কিন্তু বাইরানের জায়গা নাই। সবদিকেই আগুন। শেষে ঘরের পিছনে পায়খানার নর্দমা দিয়ে ওপাশে ভাইসা উঠি।’প্রায় সব বাড়িতে কথা বলে জানা যায়, সে বাড়ির নারী বা মেয়েটিই সবার আগে আগুনের শিখা দেখেছে। তারপর পরিবারের সবাইকে উদ্ধারের চেষ্টা করেছে। দীপ্তি বেগম তাঁদেরই একজন। ঘরের চালায় আগুন দেখে স্বামীকে ডাকেন। ঘুম থেকে জেগেই স্বামী দৌড় দেন আগুন নেভাতে। কিন্তু দীপ্তি বেগম আবার ঘরে ঢোকেন। আগুনের সঙ্গে লড়াই করে বের করে আনেন নিজের চার বছরের মেয়েকে। কিন্তু ততক্ষণে আগুন তাঁর চারপাশ ঘিরে ফেলেছে। দৌড়ে এসে দীপ্তি সন্তানকে নিয়ে লাফিয়ে নামেন পায়খানার ড্রেনে। সন্তানকে নিয়ে নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে নিজের চোখে দেখেন, কষ্টের সংসারের সব পুড়ে যাচ্ছে। গার্মেন্টসকর্মী আসমা আক্তার বলেন, ‘ঘুম থেকে উঠছি টয়লেটে যেতে। কিন্তু এর পরই দেখি আগুন আর আগুন। আইসা বাবা আর আমার স্বামীকে জাগাই। চিৎকার কইরা আশপাশের প্রায় ৪০-৫০ জনের ঘুম ভাঙাই। এরপর নিজের মেয়েকে নিয়া বাইর হই।’ আসমার বাবা ফজলুল হকের ১৩টি ছাগল আগুনে পুড়ে মারা গেছে। সে শোক কাটিয়ে উঠতে পারেননি তিনি। তাই ঘটনার দুই দিন পার হয়ে গেলেও ছাগলগুলো কাপড়ে ঢেকে রেখেছেন ফজলুল হক।আগুনের আঁচ টের পেয়ে ছোট্ট দুই ছেলেমেয়েকে নিয়ে দৌড়ে সরে আসেন রুজিনা। কিছুই অবশিষ্ট নেই সংসারে। খোলা আকাশের নিচে দিন কাটছে। যাঁরা প্রিয়জন হারিয়েছেন তাঁরা এখন শোকে স্তব্ধ। সংবাদপত্রে প্রকাশ, রিকশার গ্যারেজ থেকে আগুনের সূত্রপাত। দাউ দাউ করে পুড়ে গেছে শত শত ঘর। জীবন থেমে গেছে ১১ জনের। এমনও জানা গেল, যে নারীর ডাকে ঘুম থেকে উঠেছেন অনেকেই, আগুন থেকে বের হতে না পেরে সন্তানসহ পুড়ে মারা গেছেন তিনিই। হায় রে কপাল!