শোক আর বেদনায় নাইন-ইলেভেন স্মরণ
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শোক আর বেদনায় ভয়াল নাইন-ইলেভেনের দিনটি স্মরণ করছে মার্কিনিরা। শোক আর বেদনায় ভয়াল নাইন-ইলেভেনের দিনটি স্মরণ করছে মার্কিনিরা। আজ থেকে ১০ বছর আগে এই দিনেই বেশ কয়েকটি সন্ত্রাসী হামলায় কেঁপে ওঠে যুক্তরাষ্ট্র। আক্রান্ত হয় মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনও। প্রতিবছর এই দিনটি স্মরণ করে মার্কিনিরা। শুধু মার্কিনিরাই নয়, টুইন টাওয়ারের হামলায় বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা অনেকেই হারিয়েছেন প্রিয়জনকে। তাঁরাও প্রিয়জনকে হারানোর বেদনা ভাগ করে নেন একে অন্যের সঙ্গে।গ্রাউন্ড জিরোতে শুরু হয়েছে স্মরণ অনুষ্ঠান। শোক আর বেদনা ভাগ করে নিতে সমবেত হয়েছেন নাইন-ইলেভেনে নিহতদের স্বজনেরা। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চালানো হামলায় তিন হাজার মানুষ এখানেই নিহত হয়। প্রতিবারের মতো এবারও গ্রাউন্ড জিরোতে নিহতদের নাম পড়ে শোনানো হয়। এ সময় চোখের পানি ধরে রাখতে পারেননি স্বজনেরা। এতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাও যোগ দেন। ওবামা বাইবেল পড়ে শোনান স্বজনদের। নিউইয়র্কের মেয়র মিশেল বু্লমবার্গ বলেন, ‘নাইন-ইলেভেনে উজ্জ্বল নীল আকাশ পরিণত হয়েছিল অন্ধকার রাত্রিতে।’এদিকে, নাইন-ইলেভেনের দশক পূর্তিতে পুরো যুক্তরাষ্ট্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনার ১০ বছর পরও সন্ত্রাসী হামলার আতঙ্ক থেকে বের হতে পারেনি মার্কিনিরা। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে (সিআইএ) হুঁশিয়ারি দিয়ে বলা হয়, নাইন-ইলেভেনে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদা যুক্তরাষ্ট্রের যেকোনো শহরে বোমা হামলা চালাতে পারে। হামলাকারীরা মার্কিন নাগরিক হতে পারেন। তাই এবার সন্দেহের তালিকায় তাঁরাও আছেন। নিউইয়র্ক, ওয়াশিংটন ও পেনসিলভানিয়ায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে সর্বোচ্চ সতর্কাবস্থায়। নিউইয়র্ক ও ওয়াশিংটনের সেতু এবং টানেলগুলোতে ধাতব নিরাপত্তাবেষ্টনী স্থাপন করে বড় যানবাহনগুলো থামিয়ে তল্লাশি চালাচ্ছে।ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আজ রাষ্ট্রীয় স্মরণসভাও আয়োজন করা হবে। ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পাশে আজ জাতীয় স্মৃতিসৌধ উদ্বোধন করা হবে।