শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
ধানমন্ডি লেকের পাড়। বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে হাজারো মানুষের ভিড়। টিভি ক্যামেরার সামনে পুষ্পস্তবক অর্পণ করার জন্য ব্যস্ত সবাই। সেই ভিড়ের এক কোনায় অনেকটা লোকচক্ষুর আড়ালে এক মধ্যবয়সী মহিলা বঙ্গবন্ধুর প্রতিকৃতির দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কাছে যেতে নজরে পড়ল, তাঁর দুই গাল বেয়ে পানি পড়ছে।এভাবেই চলল অনেকক্ষণ। ফিরে যাওয়ার সময় নাম জানতে চাইলে বললেন, ‘নাম নেই; সবাই ডলির মা বলে ডাকে।’ আলাপচারিতায় জানা গেল, তিনি সোবহানবাগ মার্কেটে ঝাঁট দেওয়ার কাজ করেন। নীরবে এমন করে কাঁদলেন কেন? বললেন, ‘জাতির পিতার জন্য আল্লাহর কাছে দোয়া করলাম।’এ রকম ছিন্নমূল মানুষ থেকে সব শ্রেণীর, সব বয়সের হাজার হাজার মানুষ প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।জাতি গভীর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্রচিত্তে স্মরণ করেছে। একই সঙ্গে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় অবিলম্বে কার্যকরের দাবি ধ্বনিত হয়েছে তাঁর ৩৪তম মৃত্যুবার্ষিকীতে।পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শোক। এ দিন ছিল সরকারি ছুটি। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, আধাসরকারি ভবন, বিচারালয়সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।দিবসটি উপলক্ষে ঢাকাসহ সারা দেশে আওয়ামী লীগ, এর সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করে। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবর জিয়ারত, কোরআনখানি, মিলাদ মাহফিল, পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা হয়। ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বনানীতে ১৫ আগস্টে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ ছাড়াও দিনব্যাপী কোরআনখানি, মোনাজাত, কাঙালিভোজ, স্বেচ্ছায় রক্তদান, আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা সভা, ৭ মার্চের ভাষণ প্রচারসহ বিস্তারিত কর্মসূচি পালন করা হয়।ভোরে বঙ্গবন্ধু ভবন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন এবং দলীয় নেতা-কর্মীদের কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে আওয়ামী লীগের কর্মসূচি শুরু হয়।সকাল ছয়টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সমানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এ সময় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সদস্য ও দলীয় নেতাদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন। এরপর প্রধানমন্ত্রী দলীয় নেতা ও মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বনানী কবরস্থানে ১৫ আগস্টে নিহত অন্যদের কবরে এবং জাতীয় তিন নেতার কবরে পুষ্পস্তবক অপর্ণ করেন। তিনি সেখানে ফাতেহা পাঠ এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করেন। এরপর বনানী কবরস্থানের সামনে দুস্থদের মধ্যে কাঙালিভোজ বিতরণের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধুর সামরিক সচিব কর্নেল জামিলের বনানীর সেনানিবাসের কবরস্থানে প্রধানমন্ত্রীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান তাঁর এডিসি স্কোয়াড্রন লিডার জিয়া। আওয়ামী লীগের পক্ষ থেকে কর্নেল জামিলের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাংগঠনিক সম্পাদক আহম্মদ হোসেন।রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ওই কর্মসূচি বাতিল করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করার জন্য স্বাধীনতা ও গণতন্ত্রের পক্ষের শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার ব্যাপারে সরকারের চেষ্টা অব্যাহত আছে। আইনমন্ত্রীকে উদ্ধৃত করে তিনি বলেন, সরকার আশা করছে, চলতি বছরেই বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শেষ হবে।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা ত্যাগ করার পরপরই সেখানে হাজার হাজার মানুষের ঢল নামে। ভোরের মুষলধারের বৃষ্টির মধ্যে কাকভেজা হয়ে জনতা সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, জাতীয় শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, যুব মহিলা লীগ, স্বাধীনতা চিকিত্সক পরিষদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদার, জাসদের শরীফ নূরুল আম্বিয়া, জাতীয় পার্টির (জেপি) শেখ শহীদুল ইসলাম, গণফোরামের সুব্রত চৌধুরী এবং সেক্টর কমান্ডারস ফোরামের কে এম সফিউল্লাহ, সি আর দত্ত ও হারুন অর রশীদ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাঁ পাশে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও সন্ধানীর আয়োজনে স্বেচ্ছায় পৃথক দুটি রক্তদান কর্মসূচি ছিল। এ ছাড়া স্বাধীনতা চিকিত্সক পরিষদ বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করে। বঙ্গবন্ধুর বিভিন্ন প্রতিকৃতি প্রদর্শন করা হয়। বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মহিলা আওয়ামী লীগ আয়োজিত মিলাদ মাহফিল হয়।ঢাকা মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরের ওয়ার্ডে ওয়ার্ডে গণভোজ এবং মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় মিলাদ মাহফিল ও প্রার্থনাসভা হয়।জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর এবং দেশের অন্যান্য স্থানে আরও যেসব সংগঠন কর্মসূচি পালন করেছে তার মধ্যে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাসদ, স্বেচ্ছাসেবক লীগ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন, বাংলা একাডেমী, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, বঙ্গবন্ধু শিশু একাডেমী, স্বাধীনতা চিকিত্সক পরিষদ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, আওয়ামী তরুণ লীগ, প্রশিকা, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বাংলাদেশ শিক্ষক সমিতি, প্রগতিশীল গণতান্ত্রিক দল, জাকের পার্টি, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল, ঢাকা সড়ক পরিবহন সমিতি, বঙ্গবন্ধু ছাত্র পরিষদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শ্রীশ্রী রামসীতা মন্দির, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সম্মিলিত শিক্ষক-কর্মচারী পরিষদ, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু গবেষণা পরিষদ, বাংলাদেশ রিকশা মালিক লীগ, শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির, কাদেরিয়া তৈয়্যেবিয়া আলিয়া (কামিল) মাদ্রাসা, প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র, জাতির জনক (আদর্শ) পরিষদ, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা পরিষদ, বাংলাদেশ পর্যটন করপোরেশন, সাধুনাগ মহাশয় আশ্রম, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড, হানাইল নোমানিয়া কামিল (এমএ) মাদ্রাসা, সোনার বাংলা যুব পরিষদ, বাংলাদেশ ছাত্রলীগ, সমাজ ও মানবসেবা সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী, ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি, শ্রীশ্রী রমনা কালীমন্দির এবং শ্রীমা আনন্দময়ী আশ্রম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি, বাংলাদেশ হকার শ্রমজীবী পরিষদ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ, গ্লোরিয়াস বাংলাদেশ স্কুল, স্বাধীনতা মেডিকেল টেকনোলজিস্ট পরিষদ, বাংলাদেশ আওয়ামী হকার্স লীগ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, তিতাস গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, জাতীয় ক্রীড়া পরিষদ কর্মচারী লীগ, বিএসআরএস অফিসার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, জাতীয় বিদ্যুত্ শ্রমিক লীগ, বঙ্গবন্ধু সাহিত্য পরিষদ, রাহানুমা গ্রুপ, বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন, জাতীয় তাফসির পরিষদ, কে অ্যান্ড বি ক্লাব অ্যান্ড রেস্টুরেন্ট, জসীমউদ্দীন ইনস্টিটিউট, বাংলাদেশ আওয়ামী লীগ বাঞ্ছারামপুর দড়িয়া দৌলত ইউপি শাখা, চট্টগ্রাম সরকারি মহিলা কলেজ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ত্রিশাল, বরিশাল বিভাগ যুব সমিতি, বাংলাদেশ আওয়ামী লীগ মতলব, পার্বত্য ছাত্র সংসদ চট্টগ্রাম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ আওয়ামী লীগ পাঁচবিবি। এ ছাড়া মালয়েশিয়ায় কুয়ালালামপুর আওয়ামী লীগ ও ফিলিপাইনে বাংলাদেশ দূতাবাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করছে।