শোক ও শ্রদ্ধায় বঙ্গবন্ধুকে স্মরণ
শোক ও বিনম্র শ্রদ্ধায় জাতি গতকাল রোববার স্মরণ করেছে বাংলাদেশের স্থপতি, বাঙালির মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। গতকাল ছিল সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের ৩৫তম বার্ষিকী, জাতীয় শোক দিবস।দিবসটি উপলক্ষে রাষ্ট্রীয়, প্রাতিষ্ঠানিক ও সামাজিক উদ্যোগে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকর করার দাবি জানানো হয়। অঙ্গীকার করা হয় মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার। বঙ্গবন্ধুর পাঁচ খুনির ফাঁসি কার্যকরের পর নতুন প্রেক্ষাপটে এবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। বিভিন্ন অনুষ্ঠানে বক্তারা বলেন, খুনি চক্রের উদ্দেশ্যই ছিল বঙ্গবন্ধুকে হত্যা করে মুক্তিযুদ্ধের ধারায় দেশ গঠন ও পরিচালনার পথ রুদ্ধ করা। খুনিরা ভেবেছিল, বঙ্গবন্ধুকে হত্যা করে চিরকালের মতো সেই উদ্দেশ্য হাসিল করবে। কিন্তু তারা জানত না যে ইতিহাস অমর। তা বদলে দেওয়া যায় না। আর বাংলাদেশের ইতিহাসের কেন্দ্রীয় চরিত্র বঙ্গবন্ধু। তাই তিনিও চিরঞ্জীব। শারীরিকভাবে হত্যা করে তাঁকে নিঃশেষ করে দেওয়া যায় না।দিবসটি উপলক্ষে গতকাল সরকারি-বেসরকারি সব অফিস-আদালতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। উত্তোলন করা হয় কালো পতাকা। দিনের কর্মসূচির মধ্যে ছিল ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ও গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, সারা দেশে আলোচনা সভা, কালো ব্যাজ ধারণ, দুস্থদের মধ্যে সাহায্য বিতরণ ইত্যাদি। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।৩২ নম্বরে মানুষের ঢল: বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি ঘিরে ভোর থেকেই মানুষের ঢল নামে। বাংলাদেশ আওয়ামী লীগ, এর অঙ্গসংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-যুব-নারী ও শিশু-কিশোর সংগঠন, বিভিন্ন উন্নয়ন সংস্থা এবং ব্যক্তিগত উদ্যোগে অসংখ্য মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে সমবেত হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান সর্বপ্রথম এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তাঁরা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। তিন বাহিনীর একটি চৌকস দল বঙ্গবন্ধুর প্রতি সামরিক অভিবাদন জানায়। এরপর বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট তাঁর পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফিরাত ও দেশের সার্বিক কল্যাণ কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।এরপর আওয়ামী লীগের সভাপতি হিসেবে শেখ হাসিনা ও অন্য নেতারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখেন। এ সময় সেখানে বঙ্গবন্ধুর আরেক কন্যা শেখ রেহানা, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রিসভার সদস্য, সাংসদ, দলীয় নেতা, তিন বাহিনীর প্রধানেরা এবং উচ্চপদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী ধানমন্ডি থেকে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হলে ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিভিন্ন দল, সংগঠন ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানায়। বনানী কবরস্থানে প্রধানমন্ত্রী তাঁর মা-ভাইসহ পরিবারের অন্য সদস্য ও আত্মীয়দের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। সেখান থেকে তিনি রাষ্ট্রীয় অনুষ্ঠানে যোগ দিতে টুঙ্গিপাড়ায় যান।কর্নেল জামিলের প্রতি শ্রদ্ধা: বার্তা সংস্থা বাসস জানায়, বঙ্গবন্ধুর তৎকালীন সামরিক সচিব, ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে বাঁচাতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার কর্নেল (মরণোত্তর ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতিপ্রাপ্ত) জামিল উদ্দিন আহমেদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব মাহবুবুল হক শাকিল, সহকারী ব্যক্তিগত সচিব খায়রুল ইসলাম ও এডিসি মেজর এমরান হামিদ বনানী সামরিক গোরস্থানে গিয়ে প্রধানমন্ত্রীর পক্ষে কর্নেল জামিলের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।গত মার্চে জামিলকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি এবং এপ্রিলে মরণোত্তর বীর উত্তম পদক দেওয়া হয়।অন্যান্য আয়োজন: জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলা একাডেমী আয়োজিত আলোচনা সভায় ‘বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ফিরোজ মাহমুদ। অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় স্বাগত বক্তব্য দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। আলোচনা করেন এ টি এম নূরুর রহমান খান, মফিদুল হক ও অধ্যাপক মুহাম্মদ সামাদ। এ ছাড়া ছোটদের জন্য আয়োজিত ‘বঙ্গবন্ধুর গল্প শোন’ অনুষ্ঠানে গল্প বলেন রামেন্দু মজুমদার, পীযূষ বন্দ্যোপাধ্যায়, কাজী রোজী, বেবী মওদুদ ও অধ্যাপক আ ন ম ফারুক।পর্যটন করপোরেশন বেলা ১১টায় মহাখালীর হোটেল অবকাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। শিশু একাডেমী প্রাঙ্গণে সকাল ১০টায় আলোচনা সভা, শিশুদের উপস্থিত রচনা লিখন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। শিল্পকর্ম ও আলোকচিত্র প্রদর্শনী হয় জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী গ্যালারিতে। জাতীয় জাদুঘর ও নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনী আজ সোমবারও চলবে।বাংলাদেশ কৃষি ব্যাংক বিকেল তিনটায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম মসজিদে খতমে কোরআন, দোয়া ও মিলাদ হয়। এ ছাড়া ইসলামিক মিশনের উদ্যোগে বায়তুল মোকাররম পূর্ব চত্বরে সকাল আটটা থেকে সারা দিন বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়।উদীচী শিল্পীগোষ্ঠী তোপখানায় কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল পাঁচটায়, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা বেলা ১১টায় আলোচনা সভার আয়োজন করে। ঢাকা আর্ট সেন্টারে তিন দিনব্যাপী ‘চিরদিনের বঙ্গবন্ধু’ শীর্ষক কর্মশালা চলছে। লোক নাট্যদলের পরিচালনায় ‘মুজিব মানে মুক্তি’ জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে বিকেলে মঞ্চস্থ হয়।বেসরকারি সংস্থা প্রশিকা সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর মিরপুরে কেন্দ্রীয় কার্যালয়ে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এ ছাড়া সেখানে দেশাত্মবোধক গানের অনুষ্ঠানসহ বঙ্গবন্ধুর স্মরণ অনুষ্ঠান এবং বিশেষ মোনাজাত হয়।শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও মেলাঙ্গনে বঙ্গবন্ধু ও ১৫ আগস্ট নিহত সবার আত্মার শান্তি কামনায় প্রার্থনা সভা হয়। অফিসার্স ক্লাব ঢাকা বিকেলে ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে।এ ছাড়া ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ), জাতীয় মানবাধিকার কমিশন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ; কৃষিবিদ ইনস্টিটিউশন, পলিটেকনিক শিক্ষক সমিতি, ঢাকা ক্লাব লিমিটেড, সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ, বাংলাদেশ কর্মসংস্থান সংস্থা, বাংলাদেশ টিঅ্যান্ডটি শ্রমিক-কর্মচারী ফেডারেল ইউনিয়ন-সিবিএ, ঢাকা সড়ক পরিবহন সমিতি, ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর, ’৭৫-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, নজরুল ইনস্টিটিউট, ঢাকা সড়ক পরিবহন সমিতি, মহাজির ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আমরা মুক্তিযোদ্ধার সন্তান, রেড ক্রিসেন্ট সোসাইটি, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।