শোক করব, নাকি প্রতিবাদ জানাব!
নিজের মোবাইল ফোনে তারেক মাসুদ ভাইয়ের নম্বরটার দিকে তাকাই। এটা এখন কী করব? তাঁকে ফোন করে বলতাম, তারেক ভাই, মেরিল-প্রথম আলো পুরস্কারের বিচারক হতে হবে, কিংবা রানওয়ে ছবিটা মনোনয়ন পেয়েছে, আপনাকে অনুষ্ঠানে আসতেই হবে কিন্তু। কিংবা প্রথম আলোয় একটা লেখা দিতেই হবে। ও-পাশ থেকে শোনা যেত সেই ভরাট কণ্ঠস্বর, মিষ্টি হাসি, শীলিত উচ্চারণ—অবশ্যই আসব বা অবশ্যই লিখব।গতকাল দুপুর একটার দিকে ফোন আসে। মোস্তফা সরয়ার ফারুকী ফোনে বলেন, শুনেছেন, তারেক ভাই নাকি... সঙ্গে এটিএন নিউজের প্রধান কর্তা মিশুক মুনীর। মুন্নী সাহাকে ফোন করি, এনগেজ্ড; জ ই মামুনকে করি, মামুন বলেন, আমরাও শুনছি, এর বেশি কিছু জানি না। একটু একটু করে তথ্য আসছে। ক্যাথরিন মাসুদও ছিলেন ওই মাইক্রোবাসে, ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষক শিল্পী ঢালী আল মামুন আর দিলারা বেগম জলি। শুনে প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক কবি সাজ্জাদ শরিফ হাউমাউ করে কেঁদে ওঠেন। টেলিফোনে শিল্পী শিশির ভট্টাচার্য্যের কণ্ঠস্বর পাগলের মতো শোনায়।ঢালী আল মামুন, দিলারা বেগম জলি আমাদের ঘনিষ্ঠজন। চট্টগ্রাম থেকে ঢাকায় এলে প্রথম আলো দপ্তরে এই দম্পতি আসবেনই। আমার পড়ার ঘরে জলি আপার ছবি ঝুলছে। মামুন ভাই প্রথম আলোর ঈদসংখ্যায় আমার উপন্যাসের অলংকরণ করেছেন। তাঁদের কুশল জানার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সাজ্জাদ ভাই জলি আপার সঙ্গে ফোনে কথা বলেন। জানতে পারি, পাঁচজন স্পটডেড। ক্যাথরিন, মামুন, জলি বেঁচে আছেন। বেঁচে আছেন চলচ্চিত্রকর্মী মনীষ রফিক।এটিএন নিউজের কার্যালয়ে ছুটে যাই। মিশুক মুনীরের শোকার্ত সহকর্মীরা কাঁদছেন। তাঁরই হাত দিয়ে গড়ে উঠেছিল একুশে টেলিভিশন। সায়মন ড্রিংয়ের সঙ্গে মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক শিক্ষক আশফাক মুনীর ওরফে মিশুক এ দেশে টেলিভিশন সাংবাদিকতাকে গড়ে তুলেছিলেন। আজ তাঁর শিষ্যরাই বিভিন্ন টেলিভিশন কেন্দ্রে ছড়িয়ে ছিটিয়ে গিয়ে এ দেশের টিভি সাংবাদিকতাকে বহুদূর নিয়ে চলেছেন।আহত ক্যাথরিন, মামুন, জলি এখন রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। স্কয়ার হাসপাতালে যাই। চলচ্চিত্রকর্মীরা, চারুকলার কর্মীরা, সংস্কৃতিকর্মীরা ভিড় করে আছেন। তারেক মাসুদ কেবল আদম সুরত, মুক্তির গান, মাটির ময়না, রানওয়ে, অন্তর্যাত্রা নির্মাণ করেননি, কান থেকে বিশেষ সমালোচক পুরস্কার জয় করে আনেননি, তিনি এ দেশের চলচ্চিত্র আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব। কিন্তু তারও চেয়ে বড় কথা, তিনি ছিলেন আমাদের এক আশ্রয়। তরুণ চলচ্চিত্রকর্মীদের জন্য তারেক মাসুদ ছিলেন এক পরম অনুপ্রেরণাদাতা, বিপদে-আপদে বড় ভরসা। এ রকম অজাতশত্রু মানুষটা, এ রকম কীর্তিমান মানুষটাকে এখন ‘ছিলেন’ বলতে হচ্ছে? তিনি আর নেই? মুঠোফোনে তাঁর নম্বরটা কী করব?ঢালী আল মামুনের চোয়াল আর পাঁজরের অনেকগুলো হাড় ভেঙে গেছে। তাঁকে সুস্থ করতে অনেক দুঃখ-কষ্ট-শ্রম স্বীকার করতে হবে। আরও যে তিনজন মারা গেছেন ওই সড়ক দুর্ঘটনায়, তাঁদের পরিবার কীভাবে সান্ত্বনা পাবে? তারেক মাসুদের এক ১৪-১৫ মাস বয়সী শিশুসন্তান নিষাদের কথা ভাবলে চোখের জল আটকাতে পারি না। মিশুক মুনীর কানাডা ছেড়ে দেশে এসেছেন স্থায়ীভাবে থাকবেন বলে; তাঁর স্ত্রী ও পুত্রকে আমরা কী বলব?এ দেশে সড়ক দুর্ঘটনায় ২০০৬ সালে মারা গেছে তিন হাজার ১৬০ জন। এটা হচ্ছে থানায় নিবন্ধিত সংখ্যা। বাংলাদেশ স্বাস্থ্য ও দুর্ঘটনা জরিপে বলা হচ্ছে, ২০০৩ সালে মারা গেছে ১৩ হাজারেরও বেশি। (সূত্র: ইন্টারনেট) এই জরিপ সত্য হলে আট বছরে আমরা প্রায় এক লাখ লোক হত্যা করেছি সড়ক দুর্ঘটনায়। আহত করেছি আরও কতজনকে। এটা তো রীতিমতো গণহত্যা। ২০০২ সালে বলা হয়েছিল, সড়ক দুর্ঘটনার ক্ষতি এক হাজার কোটি টাকার বেশি। ২০১১ সালে সেটা বেড়ে কোথায় গেছে, কে জানে? আর কতজন মারা গেলে আমরা বলব, বড্ড বেশি মানুষ দুর্ঘটনায় মারা গেছে? দিন দুই আগে প্রথম আলোয় খবর বেরিয়েছে, বিনা পরীক্ষায় চালকদের লাইসেন্স দেওয়ার সুপারিশ করেছেন এক মন্ত্রী। আমরা কি কোনো সভ্য দেশে বাস করি? সারা দেশে সড়কব্যবস্থা এমনিতেই ভেঙে পড়েছে, তার পরও ঘটছে দুর্ঘটনা! শোক করব, নাকি প্রতিবাদ জানাব? নিরাপদ সড়ক চাই—ইলিয়াস কাঞ্চন ও তারানা হালিমের কান্না আর চিৎকার অরণ্যে রোদন হচ্ছে মাত্র! সড়ক দুর্ঘটনায় সচিব মারা গেলেন, সরকারি কর্তা মারা গেলেন। সম্প্রতি মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা যায় ৩৯ শিক্ষার্থীসহ ৪১ জন। এবার মারা গেলেন তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন। পাবনায় গতকাল বাস খাদে পড়ে আরও পাঁচজন মারা গেছে। আর কতজন মারা গেলে, আর কে মারা গেলে আমাদের মূঢ় চৈতন্য জাগ্রত হবে? আমাদের কর্তারা বলবেন, আমাদের একটা কিছু করা উচিত?