শোক ছাপিয়ে নিরাপদ সড়কের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রধান সম্পাদক মিশুক মুনীরের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার শহীদ মিনারে সমবেত হয়েছিল সমাজের সর্বস্তরের মানুষ।সকাল সাড়ে ১০টার দিকে এই দুই কৃতীর মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হলে সেখানে মানুষের ঢল নামে। সরকারের মন্ত্রী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব থেকে সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে সব মতের হাজারো মানুষ হাজির হয়ে তাঁদের প্রতি শেষ শ্রদ্ধা জানায়। পাশাপাশি শহীদ মিনার থেকেই নিরাপদ সড়কের দাবি জানিয়েছেন বুদ্ধিজীবী, পেশাজীবী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সেই সঙ্গে বিভিন্ন সময় ঘটে যাওয়া সড়ক দুর্ঘটনাগুলোর দায় দেশের জনগণের নয়, এর সব দায় প্রশাসনের বলে অভিযোগ করেছেন তাঁরা। তাঁরা বলেন, প্রায় প্রতিদিনই দুর্ঘটনায় আহত এবং নিহত হচ্ছেন আমাদেরই কোনো না-কোনো প্রিয়জন। সড়ক ব্যবস্থাপনার ক্ষত কোনোভাবেই যেন সারিয়ে তোলা যাচ্ছে না। তাঁরা আরও বলেন, চালকের অদক্ষতা ও ফিটনেসহীন যানবাহনের অবাধ চলাচল, অতিরিক্ত যাত্রীবহন, ত্রুটিপূর্ণ সড়ক, অপরিকল্পিত সেতু-কালভার্ট নির্মাণ, ট্রাফিক ব্যবস্থায় অদক্ষতা সড়ক দুর্ঘটনার মূল কারণ। আর এর জন্য দায়ী প্রশাসন। দক্ষ চালক তৈরি এবং আধুনিক সড়কব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টিরও দাবি জানান তাঁরা।শহীদ মিনারে এই দুই কৃতীর মরদেহ নিয়ে আসা হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। অনেকে সপরিবারেরও এই দুই কৃতীকে শ্রদ্ধা জানাতে এসেছেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাঁদের মরদেহে শ্রদ্ধা জানানো হয়। রাষ্ট্রপতির পক্ষে তাঁর ব্যক্তিগত সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের আবদুস সোবহান ও সাইফুজ্জামান শিখর শ্রদ্ধা নিবেদন করেন।দুই কৃতীর প্রতি শহীদ মিনারে প্রথমেই শ্রদ্ধা নিবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। পরে একে একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ, সেক্টর কমান্ডার্স ফোরাম, ঢাকা থিয়েটার, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বাংলাদেশ ছাত্রলীগ ও একুশে টেলিভিশন শ্রদ্ধা নিবেদন করে। এরপর আওয়ামী লীগের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, বিএনপির পক্ষে সংগঠনের দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) পক্ষে খালেকুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষে সভাপতি মনজুরুল আহসান খান, সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, জাসদের পক্ষে হাসানুল হক ইনু প্রমুখ শ্রদ্ধা নিবেদন করেন।এ ছাড়া তাঁদের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য ছুটে আসেন সাবেক প্রধান বিচারপতি হাবিবুর রহমান, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, গণপূর্ত প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির বিচারপতি গোলাম রাব্বানী ও শাহরিয়ার কবীর, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, অর্থনীতিবিদ আবুল বারাকাত, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, লেখক সৈয়দ শামসুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, চলচ্চিত্রনির্মাতা তানভীর মোকাম্মেল, চাষী নজরুল ইসলাম, আমজাদ হোসেন, মোরশেদুল ইসলাম, খালিদ মাহমুদ মিঠু, মাছরাঙা টিভির প্রধান নির্বাহী ফাহিম মুনেম, সাংবাদিক আবেদ খান, দৈনিক আমাদের সময়-এর সম্পাদক নাঈমুল ইসলাম খান, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আনিসুল হক, নিউএজ-এর সম্পাদক নূরুল কবির, আসিফ নজরুল, অভিনেতা ও সাংসদ আসাদুজ্জামান নূর, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, তৌকীর আহমেদ, বিপাশা হায়াত, শমী কায়সার, রোকেয়া প্রাচী, চিত্রলেখা গুহ, ড. ইনামুল হক, গাজী রাকায়েত, এমদাদ হক প্রমুখ। শ্রদ্ধা জানিয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। এর মধ্যে আছে বাংলা একাডেমী, শিল্পকলা একাডেমী, উদীচী, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, পেশাজীবী সমন্বয় পরিষদ, মহানগর আওয়ামী লীগ, বিজিএমইএ, বাংলাদেশ বেতার, এফডিসি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, স্বেচ্ছাসেবক লীগ, জাতীয় কবিতা পরিষদ, আবৃতি সমন্বয় পরিষদ, চলচ্চিত্র পরিচালক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, প্রথম আলো, দ্য ডেইলি স্টার, দৈনিক মানবজমিন, দৈনিক সমকাল, জাতীয় কবিতা পরিষদ, জাতীয় জাদুঘর, বাংলাদেশ প্রামাণ্যচিত্র পরিষদ, ঋষিজ শিল্পগোষ্ঠী প্রভৃতি।কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে শোক মিছিলের মাধ্যমে দুজনের মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হয়। এখান থেকে তাঁদের মরদেহ বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে নেওয়া হয়। সেখানে মিশুক মুনীরের তৃতীয় এবং তারেক মাসুদের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে দুজনের মরদেহ নিয়ে নিয়ে যাওয়া হয় এফডিসিতে। এখানেও তাঁদের জানাজা হয়।এর আগে গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘর থেকে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মরদেহ রাজধানীর কারওয়ান বাজারে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন বাংলার কার্যালয়ের সামনে নেওয়া হয়। এখানে সকাল ১০টা পাঁচ মিনিটের দিকে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর তাঁদের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হয়।এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি নাসির উদ্দীন ইউসুফ জানান, মিশুক মুনীরের ভাই আহমেদ মুনীর ভাষণের আগামী মঙ্গলবার দেশে ফেরার কথা রয়েছে। তিনি ফিরলে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে মিশুকের দাফন বনানী কবরস্থানে করা হতে পারে। এ ছাড়া ক্যাথরিন মাসুদের মা ঢাকায় এলে তাঁদের সম্মতির ওপর তারেক মাসুদের দাফন করার স্থান নির্ধারণ করা হবে। এর আগপর্যন্ত দুজনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমঘরে থাকবে।গতকাল মানিকগঞ্জে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। আহত হন তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক শিল্পী ঢালী আল মামুন ও তাঁর স্ত্রী শিল্পী দিলারা বেগম জলি। আহত তিনজনকে ঢাকার পান্থপথের বেসরকারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।