শোক ছাপিয়ে সোনার হাসি গলফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল ৮টা ৪০ মিনিটে খবর পেলেন, বাবা মারা গেছেন। ভেঙে পড়েননি। কুড়ি মিনিট পরই নেমে পড়লেন কোর্সে। তার পর ইতিহাস। এই প্রথম দক্ষিণ এশীয় গেমসে অন্তর্ভুক্ত হওয়া গলফে তিন সতীর্থকে নিয়ে বাংলাদেশকে সোনা এনে দিলেন সাখাওয়াত হোসেন।কুর্মিটোলা গলফ ক্লাব থেকে কাল এল এই সোনা। এটি ছিল ৩৬ হোল দলগত ইভেন্ট, আগামীকাল এই ইভেন্টেরই ব্যক্তিগত সোনার নিষ্পত্তি হবে। এবং ব্যক্তিগত বিভাগেও সোনার আশা করছে বাংলাদেশ। প্রত্যাশার কেন্দ্রে আছেন দুলাল হোসেন ও জামাল হোসেন।গলফের দুটি সোনার একটি চলে এসেছে। আরেকটিও আসতে পারে— গেমসে গলফ অন্তর্ভুক্তিকে সার্থকই মনে করতে পারেন আয়োজকেরা। তবে এটি অপেশাদার টুর্নামেন্ট, যে কারণে বাংলাদেশের পেশাদার গলফার সিদ্দিকুর রহমান এখানে খেলছেন না।গলফ একটি সোনা দেওয়ায় গেমসের সপ্তম দিনে এসে বাংলাদেশের সোনা বেড়ে হলো ৫টি। পদক তালিকায় স্বাগতিকদের অবস্থান তৃতীয়। ৬টি সোনা নিয়ে পাকিস্তান দ্বিতীয় স্থানে। যথারীতি ভারত শীর্ষে, তাদের সংগ্রহে ৩১টি সোনা।বাংলাদেশের সোনার ইভেন্ট কাল আর ছিল না। মেয়েদের কাবাডির ফাইনালে পরাজয় ছিল ২০-৩৪ পয়েন্টে। সর্বোচ্চ প্রত্যাশা রুপা জিততে পারায় মহিলা কাবাডি দল তাদের লক্ষ্য পূরণ করতে পারল।তবে লক্ষ্য পূরণ হলো না হ্যান্ডবলে। কাল ভারতের কাছে ২৯-৪১ গোলে হেরে যাওয়ায় পুরুষ হ্যান্ডবল দলকে এখন নামতে হচ্ছে ব্রোঞ্জের লড়াইয়ে। অথচ দলটির স্বপ্ন ছিল সোনা জয়।আগের দুই দিন শ্যুটিংয়ে তিনটি সোনা এসেছিল। আর কাল ১০ মিটার এয়ার পিস্তলে দলীয় ব্রোঞ্জ আর ফ্রি পিস্তলে কোনো পদকই জিততে পারেনি বাংলাদেশ। স্কোয়াশে হেরেছে শ্রীলঙ্কার কাছে।গেমস পেরিয়ে গেছে একটা সপ্তাহ, অথচ মনে হচ্ছে কিসের যেন অভাব! এখনো যে গেমসের প্রাণ সাঁতার, অ্যাথলেটিকস শুরু হয়নি। আজ শুরু হচ্ছে সাঁতার। মিরপুর সাঁতার পুলে রুবেল, জুয়েল, ডলি, সোনিয়ারা নেমে পড়ছেন বাংলাদেশের সোনার স্বপ্ন নিয়ে। আজ ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোকে নামবেন দেশের সেরা মহিলা সাঁতারু তিনবারের অলিম্পিয়ান ডলি আক্তার। ডলিই থাকবেন সাঁতারপুলের মধ্যমণি হয়ে।