শোক দিবসে জন্মদিন পালন না করার আহ্বান
১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করার জন্য বিরোধী দলের নেতা খালেদা জিয়াকে আহ্বান জানিয়েছে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ।আজ শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘১৫ আগস্ট খালেদা জিয়ার মিথ্যা জন্মদিন পালন করার প্রতিবাদে’ সমাবেশ ও মানববন্ধন করে এই আহ্বান জানান ওই সংগঠনের নেতারা। খবর বাসসের। সমাবেশে বক্তারা বলেন, যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর খুনিদের খুশি করার জন্যই খালেদা জিয়া ১৫ আগস্ট তাঁর জন্মদিন পালন করেন। জাতীয় শোক দিবসে জন্মদিন পালন না করার জন্য খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান তাঁরা। বক্তারা আরও বলেন, বিএনপির কাছে বাঙালি জাতি ভালো কিছু আশা করে না। তারা মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। এই বিপক্ষের শক্তির নেতৃত্বে আছেন খালেদা জিয়া। বক্তারা শোকের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসীদের শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চ এবং আমরা মুক্তিযোদ্ধার সন্তানের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, ভি-নিউজ বিডি ডটকমের সম্পাদক সাংবাদিক জয়ন্ত আচার্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও মুখপাত্র অরুন সরকার, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম, সাবেক কৃষক লীগ নেতা এস এম ফজলুল হক, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম ঐক্যমঞ্চের মহাসচিব রোকনউদ্দিন পাঠান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক নুরে আলম বাবুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তানের প্রেসিডিয়াম সদস্য নুরুজ্জামান ভূট্টো প্রমুখ।