শোক মিছিলে সাংসদ রনির সমর্থকদের হামলা
২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে ও দোষী ব্যক্তিদের বিচারের দাবিতে বের করা শোক মিছিলে গোলাম মাওলা রনির সমর্থকেরা হামলা চালিয়েছেন। পটুয়াখালীর দশমিনায় গত বুধবার বিকেলের ওই হামলায় উভয় পক্ষের কমপক্ষে চারজন আহত হয়েছেন।২০০৪ সালের ২১ আগস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়। এ ঘটনায় ২২ জন নিহত এবং তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী আহত হন। নিহত ২২ জনের মধ্যে একজন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুর গ্রামের দরিদ্র পরিবারের সন্তান ঢাকা কবি নজরুল ইসলাম কলেজের তৎকালীন দ্বিতীয় বর্ষের ছাত্র মামুন। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিকেল সাড়ে পাঁচটায় দলীয় কার্যালয় থেকে মিছিল বের করা হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি এনামুল হকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা মিছিলে অংশ নেন। এ সময় সাংসদ গোলাম মাওলা রনির সমর্থকেরা তাঁদের মিছিলে হামলা চালান। উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। এতে পণ্ড হয়ে যায় মিছিলটি।এ ঘটনায় আহত হন এনামুল হক, এআরটি কলেজ শাখা ছাত্রলীগের নেতা ইমরান সিকদার এবং রনির সমর্থক হাসান ও সুমন।পরে এক পথসভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কাজী আবুল কালাম, সধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আবদুল আজিজ মিয়া, ছাত্রলীগের সহসভাপতি রমিজ উদ্দিন মোল্লা প্রমুখ। বক্তারা এ ঘটনার জন্য সাংসদ রনির সমর্থকদের দায়ী করে তাঁদের বিচার দাবি করেন।