শোক শক্তি হলো না ভেট্টোরিদের
কোথায় ক্রাইস্টচার্চের ভূমিকম্প তাতিয়ে তুলবে, উল্টো কিনা তাসের ঘরের মতো হুড়মুড় করে ভেঙে পড়ল কিউইদের ব্যাটিং লাইনআপ। শোককে শক্তিতে পরিণত করা গেল না! ভূমিকম্পের ভয়াবহতা কি আরও বেশি করেই বিষাদে ডুবিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড দলকে? নিউজিল্যান্ড দলপতি ড্যানিয়েল ভেট্টোরি তা মানছেন না, ‘এটা বলা মোটেও ঠিক হবে না যে ভূমিকম্পের কারণেই আমরা ভালো করতে পারিনি। আমাদের চেয়ে তাদের (ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত দেশবাসী) অবস্থা আরও নাজুক। আমরা পেশাদার। এটা কোনো অজুহাত হতে পারে না। পরের ম্যাচগুলোতেই আমরা জেগে উঠব।’চিরপ্রতিদ্বন্দ্বী তাসমান প্রতিবেশীদের কাছে হেরে ভেট্টোরির মনের অবস্থা যা-ই হোক, ফুরফুরে মেজাজেই থাকার কথা রিকি পন্টিংয়ের। টানা চতুর্থ বিশ্বকাপ জয়ের মিশনে এসে অস্ট্রেলিয়ার শুরুটা হলো দুর্দান্ত। কিউই ভূত তাড়িয়ে নির্ভার পন্টিং, ‘নিউজিল্যান্ড শক্ত প্রতিপক্ষ। তাদের বিপক্ষে জয় সব সময়ই আনন্দের।’নিউজিল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে টানা ২৫ ম্যাচ জয়ের রেকর্ড নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে অস্ট্রেলিয়া। মিচেল জনসন, শন টেইট, শেন ওয়াটসনরা এভাবে চালিয়ে গেলে হয়তো কনফেত্তির বৃষ্টির মধ্যে ‘পরিচিত ট্রফিটা’ আরও একবার উঁচিয়ে ধরবেন পন্টিং।৬০ রানে দুই উইকেট পড়ে গিয়েছিল, কিন্তু তার পরও নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইনআপ, তা নিয়ে ভালো কিছু করা যেত বলে বিশ্বাস ভেট্টোরির। অথচ ২০৬ রানেই কিনা গুটিয়ে গেল মার্টিন গাপটিল, ব্রেন্ডন ম্যাককালাম, জেসি রাইডার, রস টেলরকে নিয়ে গড়া ‘শান্ত কিন্তু বিস্ফোরক’ ব্যাটিং লাইনআপ।ভঙ্গুর ব্যাটিংয়ে হতাশ ভেট্টোরি ব্যাটসম্যানদের কাছ থেকে আরও দায়িত্বশীল ভূমিকা আশা করছেন, ‘শুরুটা আমাদের ভালোই ছিল। ৬০ রানে দুই উইকেট। কিন্তু এর পরই যেন সবকিছু ওলটপালট। দ্রুত উইকেট হারাতে থাকি। যা একটু করল নাথান ম্যাককালাম। স্কোরবোর্ডে ২৬০, ২৭০ রান উঠলে এই উইকেটে সেটাই হতো চ্যালেঞ্জিং।’টপ অর্ডারের প্রতি একেবারে নাখোশ ভেট্টোরি। এই সম্পদ কাজে লাগাতে না পারলে খুব বেশি আগানো যাবে না বলে তাঁর সংশয়, ‘টপ অর্ডারে চার-পাঁচ নম্বর পর্যন্ত আমাদের কিছু দুর্দান্ত খেলোয়াড় আছে। সেটাকে সঠিকভাবে ব্যবহারের কৌশল বের করাই হচ্ছে আমাদের কাজ।’শুধু ব্যাটিং নিয়েই নয়, বোলিং নিয়েও নাখোশ ভেট্টোরি, ‘বোলিংও আমাদের বাজে হয়েছে। ভারসাম্যপূর্ণ একটা বোলিং লাইনআপই আমাদের। কিন্তু মাঠে ভালো করতে না পারলে এই বোলিংয়ে কিচ্ছু আসে-যায় না।’অস্ট্রেলিয়ার সঙ্গে বিশাল ব্যবধানের পরাজয়ের দগদগে ক্ষতটাকে পকেটে পুরে ভেট্টোরির মনোযোগ এখন বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে। প্রেরণা খুঁজছেন প্রথম ম্যাচে কেনিয়ার বিপক্ষে বড় জয় থেকে। সেই ম্যাচে হামিশ বেনেট, টিম সাউদির বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে মাত্র ৬৯ রানে গুটিয়ে গিয়েছিল কেনিয়া। জবাবে মাত্র আট ওভারে ১০ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় কিউইরা।অস্ট্রেলিয়ার বিপক্ষে পরাজয় একটা ঘা দিয়েছে। তবে নিউজিল্যান্ডের ছন্দে ফেরার সুযোগ এখনো আছে। জিম্বাবুয়ের বিপক্ষে পরের ম্যাচের আগে লম্বা বিরতিতে নিজেদের ঝালিয়ে নেওয়া যাবে বলেই ভেট্টোরির আশাবাদ।আর কিউই সমর্থকেরা আশায় আছে ‘কোয়ার্টার ফাইনাল কিংবা সেমিফাইনালের দলে’র তকমা সরিয়ে ভেট্টোরির দল ভালো কিছু করবে ওই ভূমিকম্প-বিধ্বস্ত মানুষের মুখে হাসি ফোটাতেই! ওয়েবসাইট।