শোককে শক্তিতে পরিণত করার প্রত্যয় জাতির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শোককে শক্তিতে পরিণত করার দৃঢ় প্রত্যয় নিয়ে জাতি বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় স্বাধীন বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেছে। একই সঙ্গে পালিয়ে থাকা খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি ধ্বনিত হয়েছে।বঙ্গবন্ধুর ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়া হাজারো মানুষের মিলনমেলায় পরিণত হয়েছিল। ফুলে ফুলে ভরে যায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ ও প্রতিকৃতি। সব শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা জানায় স্বাধীনতার মহানায়ককে।মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের ছাত্রী মাহজাবিন খান ও মাহরিমা খানকে বাবার সঙ্গে দেখা গেল ধানমন্ডি লেকের পাড়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে নীরবে দাঁড়িয়ে থাকতে। একপর্যায়ে দুই বোন শ্রদ্ধাবনতচিত্তে ফুল রাখল বেদীমূলে। কেন এসেছ, জানতে চাইতেই প্রথম শ্রেণীর ছাত্রী মাহরিমা বলল, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে এসেছি। বঙ্গবন্ধু কে, জানতে চাইলে সপ্তম শ্রেণীর ছাত্রী মাহজাবিন খান বলে, ‘তিনি আমাদের জাতির পিতা।’রাষ্ট্রীয় মর্যাদায় গতকাল জাতীয় শোক দিবস পালিত হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সব সরকারি, বেসরকারি, আধা সরকারি ভবন, বিচারালয়সহ বিদেশে বাংলাদেশ দূতাবাস ও কূটনৈতিক মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। দিনটি ছিল সরকারি ছুটি।জাতীয় শোক দিবসে সারা দেশে দিনব্যাপী কোরআনখানি, মোনাজাত, আলোকচিত্র প্রদর্শনী, দুস্থদের মধ্যে খাদ্য বিতরণ, আলোচনা সভা এবং পাড়ায়-মহল্লায় ৭ মার্চের ভাষণ প্রচারসহ নানা কর্মসূচি পালন করা হয়।সকাল সাড়ে ছয়টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল এ সময় সশস্ত্র সালাম জানায়। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে কোরআন থেকে তেলাওয়াত করে মোনাজাত করা হয়। এরপর আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ কেন্দ্রীয় নেতারা এ সময় তাঁর সঙ্গে ছিলেন। পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী ছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।ধানমন্ডিতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর পর প্রধানমন্ত্রী যান বনানী কবরস্থানে। সেখানে তিনি ১৫ আগস্ট শহীদদের কবর জিয়ারত ও মোনাজাত করেন। শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংবাদিকদের বলেন, জাতীয় শোক দিবসকে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। এর মাধ্যমে দেশের গণতন্ত্রের অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার ভিত আরও শক্তিশালী করা হবে।এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যান। সেখানে তিনি বঙ্গবন্ধুর কবর জিয়ারত, দোওয়া মাহফিলসহ নানা কর্মসূচিতে অংশ নেন। তিন বাহিনীর একটি সুসজ্জিত দল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর নিরাপত্তাব্যবস্থা শিথিল হলে ধানমন্ডির ৩২ নম্বরে মানুষের ঢল নামে। নানা শ্রেণী-পেশা ও বয়সের মানুষ শ্রদ্ধা জানাতে ভিড় করে সেখানে। জনতা সারিবদ্ধভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে। ৩২ নম্বর সড়কের বাঁ পাশে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতিকৃতি প্রদর্শন করা হয়। স্বেচ্ছাসেবক লীগ আলোকচিত্র প্রদর্শনী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করে। বিকেলে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে মহিলা আওয়ামী লীগের আয়োজনে দোওয়া মাহফিল হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশ নেন। এ ছাড়া সারা দেশে মসজিদ, মন্দির, প্যাগোডা ও গির্জায় দোওয়া মাহফিল ও প্রার্থনাসভা হয়। গোপালগঞ্জ প্রতিনিধি জানান, সকাল সাড়ে ১০টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তাঁরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এরপর রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধিস্থলে রাখা পরিদর্শন বইতে মন্তব্য লেখেন, ‘আমি শোকাহত ও সশ্রদ্ধ চিত্তে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’ পরে প্রধানমন্ত্রী দলীয় নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাঁর সঙ্গে দলীয় সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামসহ মন্ত্রিসভার সদস্য ও দলীয় অন্য নেতারা ছিলেন। প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও জামাতাও তাঁর সঙ্গে ছিলেন।