শোকস্তব্ধ পাকিস্তান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয় উদ্যাপনের সব প্রস্তুতিই ছিল। কিন্তু সব মাটি। সব শেষ করে দিয়েছে ভারত। পরশু চিরপ্রতিদ্বন্দ্বীর কাছে হার মেনে নিতে পারছেন না পাকিস্তানের সমর্থকেরা। শোকে অনেকেই নির্বাক। কেউ কেউ ফেটে পড়েছেন ক্ষোভে। গায়ে পাকিস্তানের জার্সি আর গালে পতাকা এঁকে খেলা দেখতে বসেছিলেন জাহরিন। পরাজয়ের হতাশা লুকাতে পারেননি এই পাকিস্তানি তরুণী, ‘জানি না কীভাবে আমার অনুভূতিগুলো প্রকাশ করব। আমি খুবই হতাশ ও দুঃখিত। ভারতের কাছে হার এমনিতেই দুঃখজনক। তার ওপর সেমিফাইনালে হারাটা একেবারে অসহ্য।’ পাকিস্তান ফাইনালে উঠবে। কত আনন্দ হবে! এমন স্বপ্ন ছিল বশির আহমেদের। আকাশে গুলি ছুড়ে আনন্দ করার প্রস্তুতিও সেরে ফেলেছিলেন। ‘দলের জয় উদ্যাপন করার জন্য আমি ২০০ বুলেট কিনেছিলাম। এখন অন্য কোনো দিনের জন্য সেগুলো রেখে দিতে হবে’—বলেছেন বশির। করাচির রাস্তায় খেলা দেখানো হয়েছিল তিন হাজার বড় পর্দায়। পাকিস্তান হেরে যাওয়ার পরপরই সব বন্ধ। আফ্রিদিরা ফাইনালে গেলে পাকিস্তানজুড়ে আনন্দ মিছিলের খবরই আসত শুধু। কিন্তু দল হেরে যাওয়ায় জনমানবশূন্য হয়ে পড়ে বড় বড় শহরের ব্যস্ত রাস্তাগুলো। খেলা দেখতেই হবে, তাই ট্যাক্সি নিয়ে বের হননি ট্যাক্সি ড্রাইভার সরদার খান। পাকিস্তান হেরে যাওয়ায় দলের ওপর ভীষণ খেপেছেন হতাশ এই সমর্থক, ‘যখন তাদের কাছে অনেক প্রত্যাশা থাকে, তখনই তারা হতাশ করে। খুবই বিষাদময় পারফরম্যান্স ছিল আমাদের দলের। ভারতের বিপক্ষে পরাজয়টা মেনে নেওয়া সব সময়ই কঠিন।’এটা তো একটা দিক। অন্যদিকে পরাজয় মেনেও নিয়েছেন অনেকে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ বলছেন, ‘এই কদিনে পাকিস্তান ক্রিকেট অসংখ্য সমস্যার মুখোমুখি হয়েছে। এত কিছুর পরও সেমিফাইনালে পৌঁছাতে পারা একটা বড় অর্জন।’ তবে হতাশার মাঝেও আশার আলো খুঁজে নিচ্ছেন কেউ কেউ। পাকিস্তানের রাজনৈতিক নেতা ও মানবাধিকার-কর্মী ইকবাল হায়দারের কথায় সেই সুর, ‘মনে হয় বিশ্বকাপ জেতার জন্য আমাদের আরও চার বছর অপেক্ষা করতে হবে। তবে আমি আশা করি, এ ম্যাচের মাধ্যমে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উন্নতি হবে এবং দুদলের মধ্যে আবারও ম্যাচ শুরু হবে।’ কারাগারগুলোতেও খেলা দেখানোর ব্যবস্থা করা হয়। পাকিস্তানের বিভিন্ন কারাগারে বন্দী প্রায় ২০০ জন ভারতীয়কে ভারতীয় ক্রিকেট দলের টি-শার্ট উপহার দেওয়া হয়। ওয়েবসাইট।