শোকে কাতর চার পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয়জনদের মুখে খাবার জোগাতে প্রতিদিনের মতো গতকাল রোববারও রিকশা নিয়ে বের হন আবুল হোসেন মৃধা। পরিবারের সদস্যরা অপেক্ষায় ছিলেন সন্ধ্যায় ফিরে আসবেন তিনি। লিমন ছৈয়াল পরিবারের কাউকে কিছু না বলে সকালেই বেরিয়েছিলেন। মা-বাবা ভেবেছিলেন প্রতিদিনের মতো রিকশা চালাতেই বেরিয়েছেন লিমন। সন্ধ্যায় ফিরে রিকশা চালিয়ে পাওয়া টাকা মায়ের হাতে তুলে দেবেন।আবুল হোসেন বা লিমন কেউই বাড়ি ফেরেননি। গতকাল চাঁদপুরে রাজনৈতিক কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় তাঁরা দুজন গুলিতে নিহত হন। এ খবর পাওয়ার পর থেকেই তাঁদের পরিবারে চলছে শোকের মাতম। মাতম চলছে লক্ষ্মীপুরে মো. রুবেল ও আবুল কাসেমের বাড়িতেও। রাজনৈতিক কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিতে তাঁদেরও মৃত্যু হয়।আবুল হোসেন মৃধা: চাঁদপুর শহরের ১৪ নম্বর ওয়ার্ডের দাসাদি এলাকায় বৃদ্ধ মা, স্ত্রী আর এক সন্তানকে নিয়ে ছোট্ট একটি ঘরে থাকতেন আবুল হোসেন। রাজনীতির ‘র’ও বুঝতেন না তিনি। রিকশা চালিয়ে পাওয়া টাকায়ও সংসার যেন চলছিল না। তাই একটি বেসরকারি সংস্থা থেকে ঋণও নেন। রাত পোহালেই চারটি মুখে আহার জোটানো আর ঋণের কিস্তির চিন্তা যাঁর মাথায়, তাঁর কী আর অন্য চিন্তার সুযোগ আছে?গতকাল সকালে জীবিকার তাগিদে রিকশা নিয়ে বের হন আবুল হোসেন। পথে ঋণের কিস্তি পরিশোধ করে রিকশা নিয়ে শহরে যান। দুপুরের দিকে বাড়িতে খবর আসে গুলিতে মারা গেছেন তিনি।গতকাল আবুল হোসেনের বাড়িতে গিয়ে দেখা যায়, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও মা হনুফা বেগম আহাজারি করছেন। বৃদ্ধ মা বারবার অচেতন হয়ে পড়ছিলেন। হনুফা কাঁদতে কাঁদতে জানান, সকালে রিকশা নিয়ে বের হওয়ার সময় আবুল হোসেন বলেছিলেন, কিস্তির টাকা দিয়ে শহরে যাবেন। দুপুরের দিকে খবর আসে আবুল হোসেন আর নেই।আবুল হোসেনের প্রতিবেশীরা জানান, তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। অথচ রাজনীতির কারণে মরতে হলো তাঁকে।লিমন ছৈয়াল: চাঁদপুর শহরের গুয়াখোলা এলাকায় থাকতেন লিমন। বাবা আ. রব ছৈয়াল দিনমজুর। রিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করতেন তিনি। মা আনোয়ারা বেগমকে কে যেন খবর দেন, পুলিশ গুলি করে লিমনকে মেরে ফেলেছে। এর পর থেকেই লিমনের বাড়িতে চলছে আহাজারি। অজানা ভয়ে লিমনের বাবা, ভাই বা কোনো স্বজন বেলা একটা পর্যন্ত লাশ দেখতে যাওয়ার সাহস করেননি। বাবা আ. রব জানান, শহরের পুরানবাজারে একটি চায়ের দোকানে কাজ করার সময় তিনি খবর পান ছেলে গুলিতে মারা গেছেন। তিনি জানান, সকালে বের হওয়ার সময় লিমন কাউকে কিছু বলেননি। পরে যোগ দেন বিএনপির মিছিলে। চার ছেলের মধ্যে লিমন দ্বিতীয়। তিনি রিকশা চালিয়ে পরিবারকে সাহায্য করতেন।অভাবের কারণে লিমন পড়ালেখা তেমন একটা করতে পারেননি। তাই একপর্যায়ে রিকশা চালানো শুরু করেন। লিমনের বাবা জানান, বাড়ির পাশের এক বিএনপির নেতা লিমনকে বিভিন্ন কাজে লাগাতেন। ধীরে ধীরে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। সেটাই তাঁর জন্য কাল হলো।রুবেল: লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম লক্ষ্মীপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে রুবেল। তিনি ছিলেন মা, বাবা, তিন ভাই ও এক বোনের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। ছেলের মৃত্যুর খবর পাওয়ার পরই মা জ্যোৎস্না বেগম অচেতন হয়ে পড়েন। চেতনা ফেরার পর থেকে তিনি বিলাপ করছেন। দাখিল পরীক্ষার্থী ছোট বোন সুমি আক্তার বিলাপ করছে, ‘কে আমার পড়ার খরচ দেবে? কে আমাদের ভরণ-পোষণ দেবে।’ শোকাহত বাবা বাহার উদ্দিন কাঁদতে কাঁদতে পাগলপ্রায়। রুবেলের মৃত্যুর খবর পাওয়ার পর থেকে কারও সঙ্গে কথাও বলছেন না তিনি।রুবেলের চাচাতো ভাই মিরন হোসেন জানান, রুবেলের ওপরই নির্ভরশীল ছিল পুরো পরিবার। রাজনীতির পাশাপাশি বিদ্যুৎমিস্ত্রির কাজ করতেন রুবেল। দুই মাস পর তাঁর বিয়ের কথা ছিল।আবুল কাসেম: লক্ষ্মীপুর সদর উপজেলার চরমনসা গ্রামে আবুল কাসেমের বাড়িতে চলছে শোকের মাতম। আট ছেলেমেয়ের জনক কাসেম। ছোট ছেলে আনোয়ারের বয়স মাত্র ছয় বছর। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোখলেছুর রহমান বলেন, আবুল কাসেম কখনো প্রতিহিংসার রাজনীতি করতেন না। তাঁর মৃত্যু এলাকাবাসী স্বাভাবিকভাবে নিতে পারেনি।