শোকে কাতর বালিজুড়ি গ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাওরে থইথই পানি। উথাল-পাতাল ঢেউ। প্রতিদিন এই ঢেউ ভেঙে স্কুলে যায় জরিয়া। তার ভয় হয়। মা-বাবার মনেও ধরে বিষয়টি। তাই তারা স্কুলের পাশেই এক আত্মীয়ের বাড়িতে মেয়ের থাকার ব্যবস্থা করেন। ৯ জুন থেকে ওই বাড়িতে বর্ষার ছয় মাসের জন্য যাওয়ার কথা ছিল তার। কিন্তু স্কুল খুলে যায় ৮ জুন। মা-বাবা নিষেধ করেন, যেহেতু পরদিন যাচ্ছ, তাই আজ স্কুলে যাওয়ার দরকার নেই। কিন্তু জরিয়া নাছোড়বান্দা। এত দিন পর স্কুল খুলছে, সবাই স্কুলে আসবে, তাদের সঙ্গে দেখা হবে, তাই সে স্কুলে যাবেই। এরপর বাড়ি থেকে শুধু বর্ষায় নয়, চিরদিনের জন্যই বিদায় নেয় সে।জরিয়ার মা মাজেদা বেগম কোনো কথা বলেন না, কাঁদেনও না। গত কয়েক দিনে কাঁদতে কাঁদতে তাঁর চোখের জল যেন শুকিয়ে গেছে। জরিয়ার বাবা আবদুল কুদ্দুস, বড় বোন ডলি, চাচাতো বোন লাইজু (একসঙ্গে নৌকায় ছিল) আর বাড়ির অন্যদের কান্না যেন থামছে না। বালিজুড়ি গ্রামে এই কান্না এখন চলছে ঘরে ঘরে। একসঙ্গে ১৬ জনের প্রাণ গেছে। এই শোক, এই বেদনায় কাতর পুরো গ্রাম। বালিজুড়ি গ্রামে আলাদা করে কোনো কবরস্থান নেই। তাই কেউ মারা গেলে নিজের জমিতেই কবর দেয় পরিবারের লোকজন। আর এবার একসঙ্গে এতগুলো কবর দেওয়ায় গ্রামটিই যেন কবরস্থানে পরিণত হয়েছে। কারও বাড়ির আঙিনা, কারও বাড়ির পাশেই কবর দেওয়া হয়েছে স্বজনদের। ৮ জুন সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের শৈলচাপড়া হাওরে নৌকাডুবির (ট্রলার) এই ঘটনা ঘটে। এতে বালিজুড়ি গ্রামের আটজন স্কুলছাত্রী, আরও আট নারী, শিশুসহ মোট ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়। শিক্ষার্থীদের মধ্যে পাঁচজন বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় ও তিনজন বাদশাগঞ্জ হাইস্কুলে পড়ত। ছাত্রীরা হলো, বাদশাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর নাহিদা আক্তার ও জরিয়া আক্তার, অষ্টম শ্রেণীর প্রমিন আক্তার, সপ্তম শ্রেণীর নাছিমা আক্তার, ষষ্ঠ শ্রেণীর স্বপ্না আক্তার; বাদশাগঞ্জ পাবলিক হাইস্কুলের নবম শ্রেণীর তানজিলা আক্তার, তানিয়া আক্তার ও মণিমালা। নৌকাডুবিতে নিহত বাকী আট নারী ও শিশু হলেন, রাহুল (৪), আকলিমা (১), নবিজা বেগম (৩৫), বাবু (৭), রোকেয়া (৩৫), চানমালা (৬০), তাজুল (১) ও ইউপি সদস্য হাজেরা বেগম (৪৫)।ধরমপাশা উপজেলার বাদশাগঞ্জ বাজারে এ দুটি বিদ্যালয়।মর্মান্তিক মৃত্যুর পর থেকে বাদশাগঞ্জ বাজারে, স্কুল-কলেজে, বাড়িতে উড়ছে কালো পতাকা। এক সপ্তাহ ধরে চলেছে শোক কর্মসূচি। বাজারের উত্তর পাশেই শৈলচাপড়া হাওর। আর হাওরের ওপারে বালিজুড়ি গ্রাম। গ্রাম থেকে হাওরে বেরোলেই দেখা যায় বালিকা উচ্চবিদ্যালয়। বর্ষার ছয় মাস বালিজুড়ি গ্রামের ছাত্রছাত্রীদের নৌকায় করেই শৈলচাপড়া হাওরের ঢেউ ভেঙে আসা-যাওয়া করতে হয় স্কুলে। সড়ক আছে, কিন্তু বর্ষায় এক কিলোমিটারের মতো পানিতে নিমজ্জিত থাকে। সামান্য মাটি ফেললেই চলাচলের উপযোগী করা যায়। এ মাটি আর ফেলা হয় না। মৃত্যুর এ ঘটনার কয়েক দিন পর বালিজুড়ি গ্রামে পা রাখতেই মনে হলো, পুরো গ্রাম যেন শোকের চাদরে ঢাকা। সবার চোখ অশ্রুসিক্ত। তানজিলাদের বাড়িতে ঢুকতে হলো তার কবরের পাশ দিয়ে। নতুন কবর। ওপরে নরম মাটি, পলিথিনে ঢাকা। ‘আমার মেয়ে নতুন জামা পরে স্কুলে গেছে। আমি নিজে পরাইয়া দিছি। নতুন জামার খুশিতে কিছু খেয়েও যায়নি। কত্তো সুন্দর লাগছিল। সে কইল, আইসা খাইমু। আমার মেয়ে আর আইল না...’ বলে যাচ্ছিলেন মা রাজিয়া বেগম আর বারবার আঁচলে চোখ মুছছিলেন। পাশে দরজার কাছে দাঁড়ানো তানজিলার নানি আনোয়ারা বেগম। তিনি এসেছেন মেয়েকে সান্ত্বনা দিতে। তানজিলার বাবা আবদুল লতিফ বাদশাগঞ্জ বাজারের একজন দর্জি। রাজিয়া বেগমও বাড়িতে এই কাজ করেন। মাকে সেলাইয়ের কাজে সহযোগিতা করত তানজিলা।ছোট দুই ভাই তার। সে ছিল সবার বড়। মেয়েকে নিয়ে তাঁদের আশার অন্ত ছিল না। রাজিয়া বেগম বলে যান, তানজিলার স্কুলের পোশাক পুরোনো হয়ে যাওয়ায় তাঁরা দুই মাস ধরেই চিন্তা করছিলেন আরেক সেট পোশাক বানিয়ে দেবেন। কিন্তু সংসারের টানাপোড়েনে আর হয়নি। অবশেষে সোমবার রাতে সেই পোশাক নিজে সেলাই করে নিয়ে আসেন বাবা লতিফ। রাতে একদফা পোশাক পরে দেখে নেয় তানজিলা। পরে সকালে মা তাকে সেই পোশাক পরিয়ে দেন। খুশিতে খাওয়ার কথা ভুলে যায় হাসি। মায়ের চোখের সামনে বাবার হাত ধরে নতুন পোশাক পরে বের হয় সে। এরপর আসে লাশ হয়ে।গ্রামজুড়েই ঘরে ঘরে এমন হূদয়ছোঁয়া নানা বর্ণনা শোনা গেল স্বজনহারাদের মুখে। বাড়ি বাড়ি নারী-পুরুষেরা—কারও মেয়ে, কারও ছেলে, আর কারোর ভাইবোনদের জন্য জড়ো হয়ে তাদের হারানো স্বজনদের নানা সুখ-দুঃখের স্মৃতি বলছিলেন আর কাঁদছিলেন। তানজিলার চাচাতো বোন তানিয়া। পাশাপাশি ঘর তাদের। দুই পরিবারের দুই বোনই ছিল তারা। বড় বোন। তানিয়ার বাড়ির উঠানে পা রাখতেই চোখে পড়ল মাটির ভেড়ার ছোট্ট ঘরের বারান্দায় মাদুরে শুয়ে আছেন এক বৃদ্ধা। পাশে আরেক নারী তাঁর মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। বৃদ্ধা থেমে থেমে বিলাপ করছেন। উনি তানজিলা আর তানিয়ার দাদি। ঘরের ভেতরে মেয়ের জন্য কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছেন তানিয়ার মা মতিয়া আক্তার। একইভাবে মণিমালা, নাহিদা, স্বপ্না, প্রমিন, নাছিমাদের বাড়িতে গিয়ে শুধু স্বজনহারাদের আর্তনাদ শুনতে হয়েছে। মণিমালার ষাটোর্ধ্ব বাবা আবদুল গণী কোনো রকমে কান্না চেপে বলছিলেন, ‘মেয়েরে যখন হাওরের পানি থেকে তুলে আনি তখন দেখি মেয়েটার কয়েকটা দাঁত নাই। কপালে কাটা দাগ। হাত ফুলা। না-জানি আমার মেয়েটা বাঁচার জন্য কত্তো কষ্ট করছে...’ আর বলতে পারেন না। সেদিনের দুর্ঘটনানৌকায় অন্যদের সঙ্গে লাইজুও ছিল। সে এবার এসএসসি পাস করেছে। স্কুল থেকে নম্বরপত্র আনতে গিয়েছিল। লাইজু জানায়, নৌকাটিতে সব মিলিয়ে শতাধিক লোক ছিল। এর মধ্যে ছাত্রছাত্রী ৩০ থেকে ৩৫ জন। অতিরিক্ত যাত্রী থাকায় তারা পাশের গ্রামে গিয়ে নেমে যেতে চাইছিল। কিন্তু নৌকার মাঝিরা তাদের নামতে দেয়নি। পরে স্থানীয় এক ইউপি সদস্য মাঝিদের সতর্ক করে হাওরের তীর ঘেঁষে যাওয়ার জন্য বলেন। এতে বিরক্ত হয় মাঝিরা। তারা হাওরের মাঝদিয়েই নৌকা চালাতে থাকে। মাঝখানে গিয়েই হঠাৎ করে নৌকাটি ঢেউয়ে একদিকে হেলে পড়ে। তখন নৌকার এক পাশের সব জানালা বন্ধ ছিল। ভেতরে হুড়োহুড়ি লেগে যায়। পানি ঢুকতে থাকে ভেতরে। ছাত্রছাত্রীরা একে অন্যের ওপরে ছিটকে পড়ে। কেউ কেউ বেরোনোর চেষ্টা করে। লাইজু তখন বেরোনোর চেষ্টা করেও কোনো পথ পাচ্ছিল না। শুধু দেখেছে, জরিয়া আর নুপূর নৌকার ইঞ্জিনের গর্তে পড়ে আটকে আছে। পরে কে একজন লাইজুকে টেনে বের করে তার মনে নেই।দুই বোন অষ্টম শ্রেণীর ছাত্রী তাসনিয়া ও সপ্তম শ্রেণীর তাছমিনাও নৌকার ভেতরে ছিল। ভাগ্যক্রমে বেঁচে গেছে তারা। তাসনিয়া আগে লাফ দিয়ে নৌকা থেকে বের হয়। তাছমিনা বারবার চেষ্টা করেও যখন বের হতে পারছিল না, তখন দুই হাত নৌকার বাইরে বের করে নাড়তে থাকে। তাসনিয়া তাকে দেখে ফেলে। একপর্যায়ে দুই হাত অবশ হয়ে যায় তাছমিনার। কোনো রকমে মাথার চুল জানালা দিয়ে বের করে দেয় সে। সেই চুল ধরে ফেলে তাসনিয়া। পরে সেই চুল ধরে টেনে তাকে বের করে তার বোন। যে কারণে নৌকাডুবিগ্রামের শিক্ষার্থী আর নানা বয়সের মানুষের সঙ্গে কথা বলে জানা গেল, মাঝিদের অবহেলা আর উদাসীনতার কারণেই এই নৌকাডুবি হয়েছে। কয়েক বছর ধরে ভাটি থেকে যেসব নৌকা বালিজুড়ি হয়ে বাদশাগঞ্জে যেত, সেসবের মালিক মাঝিদের বলে দিয়েছিলেন, ছাত্রছাত্রীদের কাছ থেকে যেন কোনো টাকা না নেওয়া হয়। নৌকাগুলোও ছিল আকারে বড়। এভাবেই চলছিল। কিন্তু গত বছর একটি নৌকার মালিক হন আরেকজন।তিনি গ্রামের প্রভাবশালী লোক। এরপর এই গ্রামে আর আগের নৌকাগুলো ভিড়তে পারত না।গ্রামবাসী চেষ্টা করেও পারেনি। কেবল নতুন মালিকানার নৌকাই বালিজুড়ি থেকে এ সময় ছেড়ে যায়। এ জন্য প্রত্যেক ছাত্রছাত্রীর কাছ থেকে দুই টাকা করে ভাড়া নেওয়া হয়। ছাত্রছাত্রীরা নৌকায় উঠলে বিরক্ত হতো মাঝিরা। কারণ তাদের জন্য ভাড়া কম। ঘটনার দিন বেশি শিক্ষার্থী হওয়ায় মাঝিরা বলেছেও, ‘এদের নিয়ে যত ঝামেলা। নৌকা ডুবলেও তীরের কাছ দিয়ে নেওয়া যাবে না।’ ওই দিন বেঁচে যাওয়া অনেকেই জানায়, নৌকাটি ঢেউয়ে এক পাশে কাত হতেই মাঝিরা সেটি রক্ষা করার কোনো চেষ্টা না করেই সবকিছু ছেড়ে দেয়। তারাই পানিতে ঝাঁপ দেয় আগে। না হলে হয়তো নৌকাটি রক্ষা করা যেত। এতগুলো প্রাণ যেত না। ঘটনার পর থেকে পরিবার- পরিজন নিয়ে ওই নৌকার মালিক গা-ঢাকা দিয়েছেন। গ্রামবাসী তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে।কবে স্বাভাবিক হবে সববালিজুড়ি গ্রাম পেছনে ফেলে যখন আমাদের নৌকাটি আবার শৈলচাপড়া হাওরে পড়ে তখন আকাশে বিকেলের রোদ। হাওরের জলে সেই রোদ চিকচিক করছে। আবার ঢেউ। অশান্ত হাওর। ঢেউ ভেঙে নৌকা সামনে এগোচ্ছে। হয়তো এই ঢেউ একসময় শান্ত হবে। কিন্তু বালিজুড়ি গ্রামে স্বজনহারা মানুষের মনে যে বেদনার ঢেউ প্রতিনিয়ত আছড়ে পড়ছে, তা কবে শান্ত হবে কে জানে।