শোকে-ক্ষোভে উত্তাল শাহবাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কফিনে শুয়ে, জাতীয় পতাকায় আচ্ছাদিত হয়ে শেষবারের মতো প্রিয় শাহবাগে এলেন আহমেদ রাজীব হায়দার। বীরকে শ্রদ্ধা জানাতে উঠে দাঁড়ালেন লাখো মানুষ। মুহূর্তেই থেমে গেল সব কোলাহল। নেমে এল অসীম শূন্যতা। সহযোদ্ধারা ভেঙে পড়লেন কান্নায়। সেই কান্না ছুঁয়ে গেল উপস্থিত সবাইকে। গতকাল শনিবার বিকেল সাড়ে পাঁচটায় ব্লগার ও স্থপতি রাজীবের লাশ যখন শাহবাগে আনা হয়, তখন এমনই ছিল শাহবাগের প্রজন্ম চত্বর।রণাঙ্গনের সহযোদ্ধাকে হারানোর কষ্ট কতটা তীব্র হতে পারে, সেটি হূদয়-আত্মা দিয়ে গতকাল অনুভব করেছে তরুণ প্রজন্ম। আর তাই গতকাল সকাল থেকেই তরুণেরা রাজীবের নামে স্লোগান দিয়ে প্রকম্পিত করে রেখেছিলেন শাহবাগের আকাশ বাতাস। সন্ধ্যায় রাজীবের কফিন ছুঁয়ে তাঁরা শপথ নিয়েছেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার আর জামায়াত-শিবির নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ কেউ ছাড়বেন না।মানবতাবিরোধী অপরাধীদের বিচার আর অসাম্প্রদায়িক এক বাংলাদেশের স্বপ্নে শুরু থেকেই শাহবাগের আন্দোলনে যুক্ত ছিলেন রাজীব হায়দার। গত শুক্রবার মিরপুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।পরিবার ও আন্দোলনকারীরা দাবি করেছেন, জামায়াত-শিবিরই কুপিয়ে তাঁকে হত্যা করেছে। আর তাই গতকাল সন্ধ্যা ছয়টার দিকে চিরদিনের জন্য রাজীবকে বিদায় দেওয়ার সময় তরুণ প্রজন্ম শপথ নিল জামায়াত প্রতিরোধের। তারা এখন থেকে শহরে-গ্রামে-গঞ্জে-পাড়া-মহল্লায় জামায়াত-শিবির প্রতিরোধের ডাক দিয়েছে।স্লোগান এখন রাজীব: গণজাগরণের সক্রিয় কোনো কর্মী এই প্রথম হত্যাকাণ্ডের শিকার হলেন। তাই শোকে, ক্ষোভে ও প্রতিবাদে অগ্নিগর্ভে পরিণত হয় শাহবাগের প্রজন্ম চত্বর। রাজীব হত্যার খবর শুনে শুক্রবার রাতেই মিছিল-স্লোগান শুরু হয় শাহবাগে। আর গতকাল সকাল থেকেই জনতার ঢল নামে জাগরণ মঞ্চে। কালো ব্যাজ পরে তাঁরা রাজীব হত্যার বিচার দাবি করে নানা স্লোগান ও প্ল্যাকার্ড লিখে আনেন।মূল মঞ্চে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবির সঙ্গে জনতার কণ্ঠে উঠে আসে রাজীব হত্যার বিচারের দাবি। চেতনা জ্বালানো শাহবাগের নবজাগরণ মঞ্চ যেন হয়ে ওঠে কেবলই রাজীব। ‘শহীদ রাজীব শিখিয়েছে, লড়াই করে বাঁচতে হবে’; ‘এক রাজীব লোকান্তরে, লক্ষ রাজীব ঘরে ঘরে’; ‘শহীদ রাজীবের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’; ‘রাজীব ভাইয়ের স্মরণে, ভয় করি না মরণে’; ‘রাজীব ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’; ‘অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করো, করতে হবে’; ‘মাগো তোমায় কথা দিলাম, রাজীব হত্যার বদলা নেব’—এমন নানা স্লোগানে গতকাল প্রকম্পিত ছিল শাহবাগের নবজাগরণ মঞ্চ।আন্দোলন আয়োজকদের একজন খান আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, রাজীবকে খুন করে এই আন্দোলনকে স্তব্ধ করা যাবে না। বাংলার ঘরে ঘরে লাখো রাজীব রয়েছে। আর তাই রাজীব হত্যার শোককে শক্তিতে পরিণত করে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে। রাজীবের চাচা আবদুল হান্নান দুপুরে শাহবাগের সমাবেশে সংহতি জানান। তিনি এ সময় বলেন, ‘তোমরা যে দাবি নিয়ে আন্দোলন করছ, তার জন্যই তাকে খুন করা হয়েছে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাও।’রাজীবের প্রতি শ্রদ্ধা জানিয়ে বেলা তিনটার দিকে শাহবাগের প্রজন্ম চত্বরে কবিতা আবৃত্তি করেন সাংসদ ও নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘শহীদ রাজীব রক্ত দিয়ে যে পথ দেখিয়ে গেছেন, সে পথ থেকে কোনোভাবেই সরে যাওয়া যাবে না।’ এ ছাড়া কবিতা আবৃত্তি করেন লুৎফর রহমান রিটন এবং গণসংগীত পরিবেশন করেন ফকির আলমগীর।রাজীব বেসরকারি এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্যে লেখাপড়া শেষ করেছেন। তাঁর মৃত্যুতে শ্রদ্ধা জানাতে এসেছিল বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। এ ছাড়া বিভিন্ন সংগঠন গতকাল শাহবাগে এসে রাজীবের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।জানাজায় লাখো মানুষ: প্রজন্ম চত্বরে জড়ো হওয়া লাখো মানুষ সারা দিন অপেক্ষায় ছিলেন তাঁদের সহযোদ্ধার জানাজায় অংশ নিতে। শাহবাগের বেদনাবিধুর এই পরিবেশ যেন টের পাচ্ছিল প্রকৃতিও। আর তাই ১২ দিন ধরে টানা তপ্ত থাকা প্রকৃতি বিকেলে হুট করে নীরব হয়ে গেল। শুরু হলো হিমেল হাওয়া।বিকেল সাড়ে পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গ থেকে অ্যাম্বুলেন্সে করে রাজীবের মরদেহ বহনকারী কফিন শাহবাগে আনা হলে সেই প্রতীক্ষার অবসান ঘটে। জনতার ভিড় ঠেলে তাঁর মরদেহ আনা হয় গণজাগরণ মঞ্চে। এ সময় গণজাগরণ চত্বরে থাকা একাত্তরের মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা আর মুক্তিযোদ্ধা সংসদের ব্যানার নিয়ে রাজীবকে সম্মান (গার্ড অব অনার) দেন। তাঁরা রাজীবকে এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলেও ঘোষণা দেন।জানাজার আগে রাজীবের পরিবারের পক্ষ থেকে সমাবেশে বক্তব্য দেন তাঁর মামা আলম। তিনি এ সময় বলেন, ‘রাজীব এই প্রজন্মের লাশ। এই লাশ আমাদের না। তাই এই লাশ জনতার কাছে দিয়ে গেলাম। আমরা নীরব একাত্তর চাই, নীরব বিপ্লব চাই। রাজাকারমুক্ত বাংলাদেশ দেখতে চাই।’রাজীবের সহকর্মী ও সহযাত্রীদের উদ্দেশে আলম বলেন, ‘রাজীবের স্বপ্ন ছিল, সব যুদ্ধাপরাধীর ফাঁসি ও আইন করে জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা। তাঁর এই স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত তোমরা আন্দোলন ছেড়ে যাবে না।’ রাজীবের মামার আবেগাপ্লুত বক্তব্য শুনে অনেকেই চোখের পানি ধরে রাখতে পারেননি।ব্লগার ইমরান এইচ সরকার বলেন, ‘আমরা এই জনস্রোত থেকে রাজীবকে বিদায় দেব। কিন্তু তাঁর চেতনা বুকে ধারণ করে রাখব।’ এ সময় লাখো জনতা শপথ করে বলেন, ‘আমরা কফিন ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, রাজাকারের ফাঁসি না হওয়া পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। মৃত্যুর আগ পর্যন্ত আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। যত দিন পর্যন্ত সব রাজাকারের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা না হবে, তত দিন আমাদের আন্দোলন চলবে। রাজীবের রক্তের বদলা নিতে হবে। জামায়াত-শিবির প্রতিরোধ করতে তাই প্রতিটি জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন, গ্রাম, পাড়া-মহল্লা পর্যায়ে কমিটি গঠন করতে হবে।’বিকেল পাঁচটা ৫৪ মিনিটে রাজীবের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান মাওলানা সৈয়দ এমদাদ উদ্দিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, নাট্যব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ, সাংসদ আসাদুজ্জামান নূর, প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ অনেক মন্ত্রী-সাংসদসহ সর্বস্তরের মানুষ এই জানাজায় অংশ নেন।এ সময় শাহবাগ থেকে রূপসী বাংলা হোটেল, কাঁটাবন মোড়, টিএসসি চত্বর ও রমনা উদ্যান পর্যন্ত ছিল জনতার সারি। তাঁরা সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে জানাজায় অংশ নেন।সন্ধ্যা ছয়টার দিকে চিরদিনের জন্য শাহবাগ ছাড়েন রাজীব। এ সময় উপস্থিত জনতা জয় বাংলা স্লোগানে প্রকম্পিত করে তোলেন শাহবাগ। অনেকেই এ সময় কাঁদছিলেন। আর কেউ কেউ কাঁদতে কাঁদতেই মুষ্টিবদ্ধ হাতে স্লোগান দিচ্ছেন। তাঁরা যেন শপথ নিচ্ছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নের সারথি হতে প্রাণ দিয়েছেন রাজীব। এদিকে, আজ রোববার আন্দোলনের অংশ হিসেবে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় জাতীয় সংগীত ও জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান জানানো হয়েছে। গত শুক্রবার গণজাগরণ মঞ্চ থেকে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছিল।