শোকে পাথর নবাব কাটরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় শখ করে দুটি মুনিয়া পাখি পুষেছিল সবুজ মিয়া। লোহার শূন্য খাঁচাটি ঘরের দেয়ালের সঙ্গে ঝুলছে। আগুনে পুড়ে হতশ্রী। যে আগুনে মানুষই বাঁচেনি, তাতে খাঁচায় বন্দী পাখির দশা যে কী হতে পারে, তা সহজেই অনুমেয়। কেবল পোষা পাখিই দুটিই নয়, মা মনোয়ারা বেগম, ১২ বছর বয়সী ছোট ভাই কচি, বড় বোন লাইলি এবং তাঁর নয় মাসের ছেলে রাব্বি, দুই ফুফু মুন্নী ও রমিজাকেও কেড়ে নিয়ে গেছে মৃত্যুদূত হয়ে আসা আগুন। টিনের ছাউনি দেওয়া একতলা তিনটি ঘরে তারা থাকত। বাড়ির নম্বর ৫৫ নবাব কাটরা।নরক নেমে আসার দুই দিন পর গতকাল শনিবার সকালে সবুজ বসে ছিল বিধ্বস্ত ঘরের টিনের স্তূপের ওপর। পাশের ছয়তলা একটি বাড়ির ছাদে উড়ছে কালো পতাকা। গলির মোড়ে শোক জানিয়ে কালো ব্যানার।সবুজের বাবা আগেই মারা গেছেন। এখন আর তার কেউ নেই। কিচ্ছু নেই ১৬ বছর বয়সী এই কিশোরের। দমকলকর্মীরা নিরাপত্তার কারণে নড়বড়ে ঘরগুলো ভেঙে দিয়েছেন। সবুজদের ঘরটিও গেছে। সে বসে ছিল তারই ধ্বংসস্তূপের ওপর। দুই দিন ধরে কেঁদে কেঁদে তার চোখের পানিও শুকিয়ে গেছে। ফুলবাড়িয়ায় এক দোকানে কাজ করে সবুজ। রাতে সেদিন ফিরতে দেরি হয়েছিল, তাই প্রাণে বেঁচে গেছে। কিন্তু এখন তার মনে হচ্ছে, না বাঁচলেই ভালো হতো। পরনের প্যান্ট আর টি-শার্ট ছাড়া তার আর কিছু নেই। শুক্রবার রাতে ছিল লালবাগে এক বন্ধুর বাড়িতে। গতকাল দুপুরে যখন তার সঙ্গে কথা হচ্ছিল, তখন পর্যন্ত পেটে দানাপানি পড়েনি। কারণ, খেতে ইচ্ছে করছে না। স্বগতোক্তির মতো করে সে বলল, ‘আমার তো আর কেউ রইল না।’গতকাল সকালেও আকাশ ছিল মেঘলা। দুপুরে এক ঝলক রোদের পর আবার ভারী বর্ষণ। এর মধ্যেই চলছে উদ্ধার ও মেরামতের কাজ। বিদ্যুৎ বিভাগের কর্মীরা থামগুলোতে মই দিয়ে উঠে ঝলসে যাওয়া তার কেটে নতুন তার জুড়ে দিচ্ছিলেন। শনিবারও সারা দিন নিমতলী নবাব কাটরা এলাকায় কোনো দোকানপাট খোলেনি। পুলিশ, র‌্যাব ও সেনাসদস্যরা তৎপর ছিলেন নিরাপত্তা রক্ষায়। ভালো করে ঘুরে দেখা গেল, ঘরবাড়িগুলোর ভেতরের দৃশ্য বিভীষিকাময়। কোনো কোনো ঘরে ঘোর অন্ধকার। কোনোটির ভেতর জানালা দিয়ে আসা সামান্য আলোর রেশ। তাতেই দেখা গেল আসবাব পুড়ে অঙ্গার। ফ্রিজ, টেলিভিশন পুড়ে দুমড়েমুচড়ে আছে। সিলিং ফ্যান পুড়ে কালো।৪৩/১ নম্বর বাড়ির মালিক-ভাড়াটে কেউ নেই। কে কবে এসব সাজাতে-গোছাতে ফিরবে কে জানে! গোলজার, দিদার, ফারুক—তিন ভাইয়ের এই বাড়ি। তাদের স্ত্রী, কন্যা, পুত্ররা মারা গেছেন। তিন ভাই তাদের আত্মীয়ের বাড়িতে আছেন।বৃহস্পতিবার রাতের ভয়াবহ আগুনে অন্তত পাঁঁচটি বাড়ির সবকিছু শেষ হয়ে গেছে। এই বাড়িগুলোর বাসিন্দা ১১টি পরিবার প্রায় নিশ্চিহ্ন।নিমতলী নবাব কাটরা এমনিতেই শোকে পাথর। তারপর গ্যাস-বিদ্যুৎ-পানির সমস্যায় জীবন যেন আরও থমকে গেছে। অগ্নিকাণ্ডের বিভীষিকা, স্বজন আর সর্বস্ব হারানোর শোকের সঙ্গে যুক্ত হয়েছে এই সংকট। শুক্রবার থেকেই এলাকার দক্ষিণ অংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ। এরপর বন্ধ হয় পানি ও গ্যাস। তাই যারা আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি তাদের ঘরেও চুলা জ্বলছে না।দুর্ভোগ কারও চেয়ে কারও কম না হলেও সম্ভবত রুনা নামের যে তরুণীর বিয়ের পানচিনির অনুষ্ঠান হচ্ছিল, তাঁর এবং তাঁর হবু বর জামিলের কপালে জুটেছে বাড়তি বিড়ম্বনা। এই শোকবিধুর পরিবেশেও একের পর এক গণমাধ্যমকর্মী আসছেন তাঁদের অবস্থা জানতে। জামিল ত্যক্ত-বিরক্ত হয়ে বাড়ি ছেড়েই চলে গেছেন। দুপুরে তাঁর আগামসিহ লেনের বাড়িতে গিয়ে কথা হলো ছোট ভাই শিপলুর সঙ্গে। তিনি জানালেন, মা বোন, ভাইসহ সাতজন স্বজনকে হারানো জামিলের মনের অবস্থা খুবই খারাপ। সকাল থেকেই গণমাধ্যমের লোকজন ক্যামেরা নিয়ে আসছিলেন। বিরক্ত হয়ে বেলা ১১টার দিকে জামিল বাড়ি থেকে বের হয়ে গেছেন। শিপলু জানালেন, বিয়ের ব্যাপারে তাঁরা এ মুহূর্তে কিছু ভাবছেন না।রুনা ও তাঁর বোন রত্না সেই রাতে আশ্রয় নিয়েছেন লালবাগের পোস্তার নানিবাড়িতে। সেখানেও গণমাধ্যমকর্মীদের ভিড়।জীবন থেমে থাকে না। অগ্নিদগ্ধ নিমতলী নবাব কাটরাকেও উঠে দাঁড়াতে হচ্ছে। ঘটনার দুই দিন পর শোক ছাপিয়ে মাথা চাড়া দিয়েছে ক্ষোভ। রাস্তা চওড়া করা আর আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম সরানোর দাবিতে শনিবার সরব হয়েছেন এলাকাবাসী।গতকাল পুরো নিমতলী এলাকার রাস্তার মোড়ে মোড়ে নিহত ব্যক্তিদের শ্রদ্ধা এবং আহত স্বজনহারা ব্যক্তিদের প্রতি সমবেদনা জানিয়ে ব্যানার দেখা যায়। কিছু ব্যানারে আবাসিক এলাকা থেকে রাসায়নিকের গুদাম তুলে দেওয়ার আহ্বান ছিল। গতকাল মন্ত্রী-সাংসদেরা ঘটনাস্থলে গেলে স্থানীয় ব্যক্তিরা রাস্তা চওড়া করা ও রাসায়নিক পদার্থের গুদাম উচ্ছেদের দাবিতে স্লোগান দেন। ঢাকার মেয়র সাদেক হোসেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিনসহ একাধিক রাজনীতিক এলাকা পরিদর্শনে যান। এ সময় স্থানীয় ব্যক্তিরা ‘নিমতলীতে রাস্তা চাই, আবাসিক এলাকায় রাসায়নিকের গুদাম নয়’ বলে স্লোগান দেওয়া হয়।রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অগ্নিদগ্ধ ব্যক্তিদের দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ নেন এবং সরকারের সহায়তা দেওয়ার পাশাপাশি বিত্তবানদেরও দুর্ঘটনাকবলিত ব্যক্তিদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানান। দুপুরে নবাব কাটরা পঞ্চায়েত কমিটি কার্যালয়ে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের আত্মার মাগফিরাত এবং আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।