শোকে বিহ্বল নানক পরিবার
একমাত্র ছেলে ফাহিমুর রহমানকে হারিয়ে শোকে বিহ্বল হয়ে পড়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও তাঁর স্ত্রী নার্গিস কবির। বাকরুদ্ধ ফাহিমের স্ত্রী সারাফ আনিকা রহমান। বাবা-মা ও স্ত্রী জানেন ফাহিম তাঁদের ছেড়ে চলে গেছেন। কিন্তু ফাহিমের একমাত্র শিশু মেয়ে মেহেরিস জানে না, তার বাবা আর ফিরবেন না। মেহেরিসের বয়স মাত্র সাত মাস। দাদা-দাদী আর মায়ের কান্না দেখে অবুঝ শিশুটিও কাঁদছে। সকাল থেকে দুপুর পর্যন্ত এ দৃশ্যই দেখা গেছে জাহাঙ্গীর কবির নানকের সংসদ ভবন এলাকার বাসাতে। প্রতিমন্ত্রীর পারিবারিক সূত্র জানায়, ফাহিমের সঙ্গে আনিকার বিয়ে হয়েছে প্রায় দুই বছর আগে।মঙ্গলবার রাতে কক্সবাজারের চকরিয়া উপজেলায় ডুলাহাজারা সাফারি পার্কের কাছে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ফাহিম। এতে আহত হন ফাহিমের মামা সৈয়দ গোলাম পিউ (৩২) ও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের চিত্রগ্রাহক এনামুল কবির (৩০)। একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এই দুর্ঘটনা বলে প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন। ফাহিমুর রহমানের মৃত্যু সংবাদ পাওয়ার পর বুধবার বেলা সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিমন্ত্রীর বাসায় গিয়ে শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানান। এ সময় সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অনেকেই উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান জানান, আজ বাদ আসর ফাহিমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ফাহিমের বড় বোন রাখী ছোট ভাই ফাহিমুর রহমানের মৃত্যু সংবাদ পেয়ে লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়া হয়েছেন। তিনি ফিরলেই দাফন করা হবে।