শোকে মুহ্যমান কম্বোডিয়া
শোক আর মাতমে পুরো কম্বোডিয়া এখন মুহ্যমান। পানি উৎসব ট্রাজেডিতে পদদলিত হয়ে নিহতদের স্মরণে দেশটিতে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে এক দিনের রাষ্ট্রীয় শোক।জাতীয় শোক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হুন সেন আজ সকালে ট্রাজেডিস্থলে নিহতদের স্মরণে আয়োজিত এক সভায় যোগ দিয়েছেন। সেখানে তিনি ফুল দিয়ে নিহতদের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত হাজার হাজার জনতার চোখ অশ্রুতে ভিজে যায়। অনুষ্ঠানে নিহতদের শোকার্ত স্বজনেরাও যোগ দেন।আজ জাতীয় শোক দিবসে কম্বোডিয়ায় সব সরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের স্মরণ এবং তাদের আত্মার শান্তি কামনা করতে দেশব্যাপী অনুষ্ঠিত হচ্ছে প্রার্থনাসহ নানা ধর্মীয় আয়োজন। আজ দেশটির বেশ কিছু স্কুল-কলেজ বন্ধ রয়েছে। গত সোমবার রাতে কম্বোডিয়ার রাজধানী নমপেনে একটি পানি উৎসবে হুড়াহুড়িতে পদদলিত হয়ে প্রায় ৩৮০ জন নিহত হয়। এ ঘটনায় বিশ্বের অনেক নেতা ইতিমধ্যে শোক প্রকাশ করে কম্বোডিয়ার জনগণের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। বিবিসি।