চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রাক উল্টে ৪১ স্কুলছাত্র নিহত হওয়ার খবর শুনে আজ মঙ্গলবার আবু তোরাব উচ্চবিদ্যালয়ের প্রায় ১০ জন ছাত্রী শোকে মূর্ছা গেছে। অসুস্থ ছাত্রীদের মধ্যে চারজনকে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে বলে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে। ফুটবল খেলা দেখে ট্রাকে করে বাড়ি ফেরার সময় চট্টগ্রামের মিরসরাই উপজেলার সৈদালি গ্রামে গতকাল এ দুর্ঘটনা ঘটে। এতে ৪৪ জন প্রাণ হারায়। এদের মধ্যে ৪১ জনই স্কুলছাত্র। গতকালের দুর্ঘটনায় নিহত ছাত্রদের মধ্যে কেবল আবু তোরাব উচ্চবিদ্যালয়েরই ৩৫ জন ছাত্র রয়েছে। স্কুলের প্রধান শিক্ষক জাফর সাদেকী বলেছেন, ‘শোক কর্মসূচি পালনের জন্য আজ স্কুল খোলা রেখেছিলাম। কিন্তু এত মৃত্যুর খবর শুনে স্কুলে আসা ছাত্রীরা শোকে মূর্ছা যাচ্ছে।’ আজ আবু তোরাব উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক শোক সমাবেশ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া আলাদা ঘোষণায় দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষামন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার বাইরে পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন। অপরদিকে শিল্পমন্ত্রী প্রত্যেক নিহতের পরিবারকে ১০ হাজার টাকা এবং আহতদের পাঁচ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।কাল সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক : আমাদের নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, আজ ঢাকায় তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালি জানিয়েছেন, মিরসরাইয়ের এ মর্মান্তিক মৃত্যুর ঘটনায় কাল বুধবার সারা দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালন করা হবে। কাল শিক্ষক ও শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করবেন এবং নিহতদের উদ্দেশ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মিলাদ মাহফিল করা হবে। সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।