কবরের ওপর রাখতেই উড়ে গেল সাদা কাগজটি। একজন কাগজটি তুলে আবার রেখে দিলেন সেখানে। কাগজটিতে হাতে লেখা—‘বাবা, তোমাকে খুব মনে পড়ে।’ এই অক্ষরগুলো পিতৃহারা এক সন্তানের অবর্ণনীয় কষ্টের প্রতিচ্ছবি। এর পাশেই লে. কর্নেল সাজ্জাদুর রহমানের কবর। সামনে দুই সন্তান নিয়ে ভেজা চোখে দাঁড়িয়ে আছেন স্ত্রী শারমিন নিশাত। তাঁর হাতে একগুচ্ছ রজনীগন্ধা। এতে লেখা— ‘তুমি রবে নীরবে হূদয়ে মম।’ এভাবেই শোকে, শ্রদ্ধায়, স্মরণে, ভালোবাসায়, আর ফুলে ফুলে ভরে যায় বনানীর সামরিক কবরস্থান।গত বছরের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানার সেই নারকীয় ঘটনায় যেসব সেনা কর্মকর্তা নিহত হয়েছিলেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সকাল থেকেই কবরস্থানে জড়ো হয়েছিলেন স্বজনেরা। শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্র ও সরকারপ্রধানের প্রতিনিধি থেকে শুরু করে সাধারণ নাগরিকও।এক বছর আগে বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের যাঁরা চোখের পানিতে বিদায় জানিয়েছিলেন, কাল তাঁরাই বনানীর সামরিক কবরস্থানে এসেছিলেন প্রিয়জনের চিরবিদায়ের বছরপূর্তিতে। শোকাহত এই স্বজনদের অনেকেরই চোখে ছিল শঙ্কা-উত্কণ্ঠা— আগামী দিনগুলো কীভাবে কাটবে!বিডিআর বিদ্রোহের ১০ মাস পর স্বামীর লাশের সন্ধান পেয়েছিলেন মেজর তানভীর হায়দার নূরের স্ত্রী তাসনুভা মাহা। রেলিংঘেরা কবরের সারির সব শেষেরটি নূরের। তাসনুভা মাহা দুই সন্তান ইফাজ আর ওয়াদাকে নিয়ে দাঁড়িয়ে চোখের পানি ফেলছিলেন। বললেন, ‘আমার ছেলেরা প্রায়ই বলে, গোলাগুলি থেমে গেলেই বাবা আসবে।’ বিডিআর বিদ্রোহের সময় মাহা তাঁর সন্তানদের সঙ্গে উত্কণ্ঠা নিয়ে অপেক্ষা করছিলেন। দরজা ছিদ্র করে ঘরে গুলি ঢুকছিল। তখন তিনি সন্তানদের বুঝিয়েছিলেন, গোলাগুলি থেমে গেলেই বাবা বাড়ি ফিরবে। বাবা আর ফেরেননি। গণকবর থেকে লাশ পেলেও নূরের পরিচয় নিশ্চিত হতে অপেক্ষা করতে হয়েছে ১০ মাস। মাহা বললেন, ‘নূর মৃত্যুর আগে ফোন করে বলেছিল, তোমাকে দেখার তো কেউ নেই, আমি মরে গেলে তুমিও গুলির সামনে দাঁড়িয়ে যেয়ো। জানি না সেটাই ঠিক ছিল কি না।’ মাহা আর বলতে পারছিলেন না। তাঁর মতো স্বজন হারিয়ে ভেঙে পড়েছেন অনেকেই।পিলখানায় নিহত ৫৭ সেনা কর্মকর্তার মধ্যে ৫০ জনের দাফন হয়েছে বনানীর সামরিক কবরস্থানে। অন্যদের গ্রামের বাড়িতে দাফন করা হয়। সারিবদ্ধ কবরের প্রথম দুটি বিডিআরের মহাপরিচালক শাকিল আহমেদ ও তাঁর স্ত্রীর। কবরগুলো সারি করে বাঁধানো, সিরামিকের ছোট দেয়াল আর স্টিলে ঘেরা। মাঝে কালো সিরামিক লাগানো স্মৃতিস্তম্ভ। তাতে তিন সারিতে নিহত সব কর্মকর্তা ও সদস্যদের নাম লেখা। এই নামফলকের বেদিতেই সকাল থেকে সবাই ফুল দিয়ে শ্রদ্ধা জানান।কেউ কেউ কবরস্থানে এসে ক্ষোভে ফেটে পড়েন। বিদ্রোহ পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করেন তাঁরা। এক কর্মকর্তার স্ত্রী বললেন, সময় ক্ষেপণ করে কর্মকর্তাদের মেরে ফেলা হয়েছে। আরেকজন বললেন, এটা চক্রান্ত। সকাল নয়টার দিকে কবরস্থানে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। নিহতদের পরিবারের সদস্যরা তার আগে থেকেই আসতে থাকেন। শ্রদ্ধাঞ্জলি দেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, তিন বাহিনী এবং র্যাব ও বিডিআরের প্রধানেরা। রাষ্ট্রপতির পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাঁর সহকারী সামরিক সচিব লে. কর্নেল জাকির হোসেন, প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা জানান তাঁর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকী ও প্রধানমন্ত্রীর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল সালাউদ্দিন মিয়াজী। ফুল দেওয়ার পর নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন উপস্থিত সবাই। এ সময় তাঁদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন সেনানিবাস কেন্দ্রীয় মসজিদের ধর্মীয় শিক্ষক (ইমাম) মাওলানা মাহমুদুল হক। মোনাজাত শেষ হতে না হতেই সবার চোখে পানি, নির্বাক মুখে কান্নার শব্দ ওঠে। কেঁদে ওঠে কোলের শিশু, পিতৃহারা সন্তান, সন্তানহারা মা-বাবা, স্বজনহারা আত্মীয়, বন্ধু-সহকর্মী, ফৌজি কর্মকর্তা-জওয়ান সবাই। এখানে শোকের ভাষা শুধুই চোখের পানি।সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া। বিকেল পৌনে পাঁচটায় তিনি বনানী সামরিক কবরস্থানে নির্মিত স্মৃতিস্তম্ভে ফুল দেন। তাঁর সঙ্গে দলীয় নেতারা ছিলেন।দুপুরে বিডিআর সদর দপ্তরে কেন্দ্রীয় মসজিদে নিহতদের আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল মইনুল ইসলামসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পিলখানায় কর্মরত জওয়ান ছাড়াও সবপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।বিকেলে সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে ও রাওয়া ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।