গোপালগঞ্জ এমনিতেই বেশ নিরিবিলি-ছিমছাম শহর। তার ওপর বেশির ভাগ দোকানপাট বন্ধ। বাড়িঘর, দোকানপাটের সামনে-ওপরে উড়ছে দুটি করে পতাকা। ওপরে অর্ধনমিত লাল-সবুজ, নিচে কালো পতাকা। সব মিলে শহরটি হয়ে পড়েছিল শ্লথ, শোকাচ্ছন্ন। গতকাল রোববার ছিল এই শহরের ছেলে শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিন, জাতীয় শোক দিবস। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু খ্যাত বাঙালি জাতির এই জনককে হত্যা করা হয় পরিবারের বেশির ভাগ সদস্যসহ। একটি-দুটি মাইক বাজছিল শহরে, তাতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির বজ্রস্বর—‘জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলে অধিবেশনে যোগ দেব। আমি প্রধানমন্ত্রিত্ব চাই না। সাধারণ মানুষের অধিকার চাই।’ সেই তাঁকেই শ্রদ্ধা জানাতে ভোর থেকে শহর ছেড়ে প্রায় ২০ কিলোমিটার দক্ষিণে টুঙ্গিপাড়ার দিকে ছুটতে শুরু করেছিল অগণন সাধারণ মানুষ।টুঙ্গিপাড়া আসলেই অজপাড়াগাঁ। এই এত দিনেও সেখানে গুটিকয়েক সরকারি পাকা ভবন ছাড়া প্রায় সবই টিনের ঘরবাড়ি। গোপালগঞ্জ শহর থেকে সেখানে যাওয়ার পাকা সড়কটিও হয়েছে মাত্র নব্বইয়ের দশকে। লোকজন ছুটছিল সেই পথ ধরে। নানা ধরনের যানবাহন। মন্ত্রীদের অনেকেই আগের দিন এসেছিলেন। তাঁদের কেউ কেউ থেকেও গেছেন। তিন বাহিনীর প্রধানেরা এসেছেন হেলিকপ্টারে, সাংসদ, পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতারা এসেছেন ব্যক্তিগত গাড়িতে। সাধারণ লোকেরা স্কুটার, ই-বাইক, মোটরসাইকেল, সাইকেল, রিকশাভ্যানে করে এগিয়ে গেছেন টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে, ভালোবাসা জানাতে। বেলা ১০টা নাগাদ উপজেলা পরিষদ লাগোয়া হেলিপ্যাডে উড়ে এসে নামল প্রথম হেলিকপ্টারটি। খানিক পর আরও তিনটি। চতুর্থটিতে এলেন বঙ্গবন্ধুর দুই কন্যা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা। তাঁরা সরাসরি চলে আসেন সমাধিসৌধে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তিন বাহিনীর সুসজ্জিত একটি দল গার্ড অব অনার প্রদান করে। প্রধানমন্ত্রী নীরবে খানিকটা সময় দাঁড়িয়ে থাকেন। এরপর জাতির জনকসহ ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।এবার জাতীয় শোক দিবসের প্রস্তুতির সময় শুক্রবার বঙ্গবন্ধুর সমাধিসৌধ চত্বর থেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করা হয়েছিল। এই ভুয়া মেজরের কারণে নিরাপত্তাব্যবস্থা ছিল অত্যন্ত কঠোর। সকাল সাড়ে নয়টা থেকেই সমাধিস্থলে প্রবেশের তিনটি পথ প্রায় এক কিলোমিটার আগে বন্ধ করে দেওয়া হয়। ফলে আমন্ত্রণপত্র সঙ্গে থাকা সত্ত্বেও অনেক নেতা-কর্মী সমাধির কাছে পৌঁছাতে পারেননি। সড়কগুলোতে যানবাহন এবং ফুলের মালা-স্তবক নিয়ে অপেক্ষমাণ লোকের লম্বা লাইন পড়ে যায়। তবে আকাশ ছিল পরিষ্কার। পথের দুই পাশ দিয়ে নানা রকমের গাছের সারি। তার ছায়াতলে দাঁড়িয়ে অপেক্ষায় ছিল বঙ্গবন্ধুর অগণিত ভক্তের দল।প্রধানমন্ত্রী পুষ্পস্তবক নিবেদন করে সমাধি চত্বরেই জেলা পরিষদ আয়োজিত দুস্থ মহিলাদের বিনা মূল্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন। তিনি ২০ জন দরিদ্র মহিলার হাতে সেলাই মেশিন তুলে দিয়ে বাবার স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে বলেন, ‘আমরা যে কর্মসূচিই নিই না কেন তার ধারণাটা জাতির পিতার কাছ থেকেই পেয়েছি। তিনিই আমাদের পথ দেখিয়ে গেছেন। আমি বড় সন্তান হিসেবে তাঁর কাছ থেকে জানার সুযোগ পেয়েছি, কীভাবে তিনি এ দেশকে গড়ে তুলতে চেয়েছেন। কীভাবে মেয়েদের স্বাবলম্বী করতে চেয়েছেন। তিনি একটা কথা বলতেন—আমার দেশের মেয়েরা যদি আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করতে পারে, তাহলে তারা সমাজে কখনো অবহেলিত হবে না। নিপীড়িত হবে না। সমাজে তাদের একটা সম্মান থাকবে।’ প্রধানমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত ভাষণে জাতীয় শোক দিবসে দুস্থ মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়ায় জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তারা যদি যাঁর যাঁর দায়িত্ব যথাযথভাবে পালন করেন, তবে অচিরেই বাংলাদেশকে আমরা দারিদ্র্যমুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে পারব।’প্রধানমন্ত্রী ‘একটি বাড়ি একটি খামার’ প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, ‘এই প্রকল্পে মহিলারাও উৎপাদন কর্মকাণ্ডে সংশ্লিষ্ট হতে পারবেন এবং স্বাবলম্বী হতে পারবেন। এসব ক্ষেত্রে উৎপাদিত পণ্য সমবায়ের ভিত্তিতে বাজারজাতকরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। পণ্য উৎপাদন ও তার বাজারজাতকরণ নিশ্চিত করতে পারলে লোকে এটা করে টিকে থাকতে পারবে এবং আমরাও দারিদ্র্যমুক্ত জাতি গড়ে তুলতে পারব।’সমাধিসৌধের পাশেই একটি তিনতলা ঘর। সেলাই মেশিন বিতরণের পর সেখানেই প্রধানমন্ত্রী ছোট বোনকে নিয়ে কিছু সময় বিশ্রাম নেন। বাদ জোহর সৌধ চত্বর মসজিদে অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল। মন্ত্রী, পদস্থ কর্মকর্তা ও নেতাসহ উপস্থিত সবাই মিলাদ মাহফিলে অংশ নিয়ে ১৫ আগস্টের শহীদসহ সব শহীদের আত্মার চিরশান্তি ও দেশের মঙ্গল কামনা করে দোয়া করেন। বেলা দেড়টার দিকে প্রধানমন্ত্রী রাজধানীতে তাঁর কর্মব্যস্ত জীবনে ফিরে যেতে জাতির পিতার সমাধি ত্যাগ করেন। নিরাপত্তাবেষ্টনী তুলে নিলে অপেক্ষমাণ লোকজন তিন দিকের প্রবেশপথ দিয়ে এগিয়ে আসে সমাধির দিকে। অগণিত মানুষের নিবেদিত শ্রদ্ধার ফুলে ফুলে ভরে ওঠে বেদি।টুঙ্গিপাড়ায় এ ছাড়া আর কোনো আনুষ্ঠানিকতা ছিল না গতকাল। তবে লোকজনের একের পর এক আসা-যাওয়া ছিল বেশ খনিকটা রাত পর্যন্ত। প্রধানমন্ত্রী খুব অল্প সময় টুঙ্গিপাড়া ছিলেন বলে এবার অনেক স্থানীয় নেতার পক্ষেই তাঁর সঙ্গে দেখা করা, কথা বলার সুযোগ হয়নি। তাঁরা চেষ্টা করেছেন মন্ত্রী বা ঢাকা থেকে আসা জাতীয় নেতাদের সঙ্গে আলোচনা করার, বিশেষত তাঁদের কাছে এলাকার সমস্যাদি তুলে ধরার। গোপালগঞ্জ সদর ছাড়াও নাজিরপুর, চিতলমারি, মোল্লারহাট এসব এলাকার নেতারা সমাধিসৌধ চত্বরের পুকুরপাড়, উদ্যান, ক্যাফেটেরিয়া, গ্রন্থাগার চত্বরে ছোট ছোট দলে বসে নিজেদের মধ্যে আলাপ করেন। রমজান মাস থাকায় দুপুরে পানাহারের ঝামেলা ছিল না। প্রধানমন্ত্রী উপস্থিত থাকার সময় বঙ্গবন্ধুর সমাধি চত্বরে প্রবেশ করতে না পারলেও তেমন অসন্তুষ্ট নন তাঁরা। বঙ্গবন্ধু সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ এনামুল কবির ও তাঁর সহকর্মী ইংরেজির অধ্যাপক আতিয়ার রসুল এসেছিলেন আমন্ত্রণপত্র সঙ্গে নিয়েই। সেটি দেখিয়ে প্রধান ফটক পর্যন্ত এলেও ভেতরে ঢুকতে পারেননি। প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর এসেছেন ভেতরে। তাঁরা বললেন, ‘প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি হয়েছে। এতে দোষের কিছু নেই। ভালোর জন্যই করা হয়েছে। কিছুদিন আগেই তো তাঁকে হুমকি দেওয়া হয়েছে তাঁর বাবা-মায়ের পরিণতির কথা বলে।’ কমবেশি এমনই ছিল সবার মনোভাব। বঙ্গবন্ধুর মতো পরিণতি শুধু তাঁর কন্যা কেন, যেন কারোরই না হয়, সেটাই তো দেশের সবার জন্য স্বাভাবিক কামনা।