শোবার ঘরে আরেকটি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখানে গতকাল সোমবার রাতে লিজা বেগম (১৮) নামের এক তরুণীর জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। স্বামী হিসেবে পরিচয় দেওয়া মো. ইমনকে এ জন্য প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। ঘটনার পর থেকে তিনি পলাতক। পুলিশ জানিয়েছে, গত সোমবার মো. ইমন ফোন করে বাড়িওয়ালাকে বলেন, তাঁদের ফ্ল্যাটে ‘সমস্যা’ হয়েছে। গত শনিবার থেকে ওই ফ্ল্যাটের দরজায় তালা মারা ছিল। তখন বাড়িওয়ালা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে দরজা ভেঙে মেঝের ওপর তোশক দিয়ে প্যাঁচানো অবস্থায় লিজার লাশ উদ্ধার করে। তাঁর গলাকাটা ছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। লাশে পচন ধরে গিয়েছিল।হাজারীবাগে গলা কেটে স্কুলছাত্রীকে হত্যার পরদিন এ হত্যার খবর পাওয়া গেল। বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, ইমন ও লিজা গত ১ আগস্ট থেকে স্বামী-স্ত্রী পরিচয়ে তিনতলার ওই ফ্ল্যাটটি ভাড়া নেন। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তাঁরা তরুণীর স্বামীকে সন্দেহ করছেন। তাঁদের স্থায়ী ঠিকানা খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় হত্যা মামলা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল পর্যন্ত নিহত তরুণীর কোনো স্বজন যোগাযোগ করেনি। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুই-তিন আগে লিজাকে হত্যা করা হয়েছে। বাড়িওয়ালার বরাত দিয়ে প্রথম আলো ডটকমকে তিনি বলেন, ইমন ও লিজার মধ্যে ঝগড়া লেগেই থাকত।পুলিশের উত্তরা বিভাগের উপ-কমিশনার নিশারুল আরিফ বলেন, ইমন ও লিজা আসলেই স্বামী-স্ত্রী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তাত্ক্ষণিকভাবে লিজা সম্পর্কে শুধু জানা গেছে, তাঁর বাড়ি কক্সবাজারে।