শোবার ঘরে চিকিৎসক নেতা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি বাসায় নিজের শোবার ঘরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়েছেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সহকারী অধ্যাপক ও চিকিৎসক নেতা নারায়ণ চন্দ্র দত্ত ওরফে নিতাই (৪৭)। গতকাল বৃহস্পতিবার ভোররাতে নৃশংস এ ঘটনা ঘটে।নারায়ণ চন্দ্র জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের সাবেক আবাসিক চিকিৎসক, পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) কার্যকরী পরিষদের সদস্য, আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির নেতা ছিলেন।পুলিশ জানিয়েছে, দোতলার জানালার লোহার শিক বাঁকিয়ে দুর্বৃত্তরা বাসায় ঢোকে। পুলিশের ধারণা, চুরি বা ডাকাতি করতে ঢুকে বাধা পেয়ে খুনের ঘটনা ঘটানো হয়। তবে স্বজন ও সহকর্মী চিকিৎসকেরা মনে করছেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড।পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহনেওয়াজ খালেদ বলেন, এ ঘটনায় পুলিশ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে একটি রড বাঁকানোর দণ্ড, একটি পেরেক তোলা দণ্ড, দুটি ছুরি ও একটি চাপাতি।মহাখালীর বক্ষব্যাধি হাসপাতাল পার হয়ে বিশাল এলাকাজুড়ে চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীদের আবাসিক এলাকা। চিকিৎসকদের জন্য রয়েছে কয়েকটি ডুপ্লেক্স বাসা। এর একটিতে মা আর স্ত্রীকে নিয়ে থাকতেন চিকিৎসক নারায়ণ। নিচের একমাত্র শোবার ঘরটিতে থাকেন তাঁর মা। দোতলায় দুটি কক্ষ। তার একটিতে থাকতেন নারায়ণ দম্পতি। তবে ঘটনার রাতে স্ত্রী চিকিৎসক লাকি চৌধুরী ছুটিতে চট্টগ্রামে গ্রামের বাড়িতে ছিলেন সরেজমিনে দেখা যায়, একতলা থেকে সিঁড়ি দিয়ে উঠতেই দেখা গেল রক্তের দাগ। দোতলায় নারায়ণের শোবার ঘরের দরজায় থকথকে রক্ত। ঘরের মেঝে, বিছানা ও মশারি রক্তে ভেজা। দোতলার যে কক্ষটিতে চিকিৎসক নারায়ণ থাকতেন, তার পাশের কক্ষের জানালার দুটি শিক বাঁকিয়ে প্রায় দুই ফুট লম্বা ও এক ফুট চওড়া একটি ফোকর তৈরি করে দুর্বৃত্তরা ভেতরে ঢোকে। চিকিৎসক নারায়ণের শীতাতপনিয়ন্ত্রিত ঘরটিতে থাকা একটি আলমারি, টেবিলের ওপর রাখা ল্যাপটপসহ অন্যান্য জিনিসপত্র রয়েছে অক্ষতই। মেঝেতে কয়েকটি খালি ছোট বাক্স ও ভাঙা ছোট তালা পড়ে ছিল। যে কক্ষের জানালা কাটা হয়েছে, তাতে একটি চেস্টার ড্রয়ার ভাঙা, জিনিসপত্র এলোমেলো নিচে পড়ে আছে। নিহতের মা মঞ্জু দত্ত বলেন, রাত ১২টার দিকে তাঁরা মা-ছেলে খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত তিনটা-সাড়ে তিনটার দিকে অস্পষ্ট গোঙানির শব্দে তাঁর ঘুম ভাঙে। তিনি মনে করেছিলেন, নারায়ণ ঘুমের মধ্যে ভয় (বোবা ধরেছে) পেয়ে গোঙাচ্ছেন। এরপর ওপরতলায় গিয়ে দরজা ধাক্কিয়ে ‘নিতাই’ ‘নিতাই’ বলে ডাকতে থাকেন। অনেকক্ষণ পর নিতাই দরজা খুলে দেন। শরীর ছিল রক্তাক্ত, বস্ত্রহীন। বের হয়েই নারায়ণ বলেন, ‘মা, ঘরে ডাকাত আছে। লোক ডাকো।’ এরপর মঞ্জু ছেলেকে দোতলা থেকে নিচে নামিয়ে আনেন। নিচে নেমেই বারান্দায় শুয়ে পড়েন চিকিৎসক নারায়ণ। মা মঞ্জু দত্তের চিৎকারে ছুটে আসেন নিরাপত্তাকর্মী আবদুর রউফ।আবদুর রউফ বলেন, গতকাল রাত সাড়ে নয়টার দিকে ওয়ার্ড মাস্টার শাহজাহানের মোটরসাইকেল চুরি হয়। এরপর তাঁকে বলা হয়েছিল রাতে ঘুরে ঘুরে বাঁশি বাজাতে। তিনি সেই মোতাবেক বাঁশি বাজাচ্ছিলেন। মঞ্জু দত্তের চিৎকার শুনে এগিয়ে এসে দেখেন, চিকিৎসক নারায়ণ রক্তাক্ত অবস্থায় বারান্দায় পড়ে আছেন। তিনি হাত ধরে তাঁকে ওঠাতে গেলে তিনি শুধু বলেছেন, ‘ডাক্তার ডাকো।’ এরপর তিনিসহ আশপাশের কয়েকজন নারায়ণকে বিছানার চাদর দিয়ে পেঁচিয়ে বক্ষব্যাধি হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মা মঞ্জু দত্ত দাবি করেন, অন্তত ৪০ ভরি স্বর্ণালংকারসহ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। তিনি জানান, তাঁর চার ছেলে ও এক মেয়ের মধ্যে নারায়ণ সবার বড়। গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। নারায়ণের প্রথম স্ত্রী ক্যানসারে মারা যান। ১৭ বছর বিপত্নীক থাকার পর দুই বছর আগে তিনি চিকিৎসক লাকি চৌধুরীকে বিয়ে করেন।চুরি-ডাকাতি, না অন্য কিছু: ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) শেখ মারুফ হাসান বলেন, ‘মনে হচ্ছে, চুরি করার উদ্দেশ্যেই ঢুকেছে। হয়তো তিনি (চিকিৎসক) বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনার তদন্ত চলছে।’ তিনি বলেন, ‘চিকিৎসক নারায়ণ ছুরিকাঘাতে মারা গেছেন। তবে পরিকল্পিতভাবে বা রাজনৈতিক উদ্দেশ্যে এটা হয়েছে বলে আমার মনে হয়নি।’পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার খন্দকার লুৎফুল কবীরও বলেন, ‘এটাকে চুরি বা ডাকাতি বলেই মনে হচ্ছে।’তবে স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন নেতা ও বক্ষব্যাধি হাসপাতালের একাধিক চিকিৎসক মনে করছেন, এটা পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।নারায়ণের শ্যালক সুরাস চৌধুরী বলেন, বক্ষব্যাধি হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ নিয়ে কয়েক দিন থেকে কিছু সমস্যা হচ্ছিল। তাঁকে একাধিকবার হুমকি দেওয়া হয়েছে বলে নারায়ণ তাঁকে জানিয়েছিলেন।বিকেলে এক সংবাদ সম্মেলনে স্বাচিপের মহাসচিব ইকবাল আর্সলানও বলেছেন, নারায়ণের ময়নাতদন্তের সঙ্গে জড়িত চিকিৎসকদের মনে হয়েছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। নিছক ডাকাতি করতে গিয়ে তাঁকে হত্যা করা হয়নি।তবে কর্মচারী নিয়োগ নিয়ে সমস্যার কথা অস্বীকার করে বক্ষব্যাধি হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক বশির আহমেদ বলেন, সম্প্রতি তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে ৫৫টি নিয়োগ হয়েছে। এর মধ্যে নারায়ণের ছোট ভাই গৌতম দত্ত মালী পদে ও গৌতমের স্ত্রী কর্ণা দত্ত ডিসপেনসারি কর্মচারী পদে চাকরি পেয়েছেন। নিয়োগ নিয়ে কোনো সমস্যার তথ্য তাঁর জানা নেই।বিকেলে নারায়ণের বাবা তড়িৎ কান্তি বিশ্বাস বনানী থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলার অভিযোগে বলা হয়, অজ্ঞাতনামা দুর্বৃত্তরা চুরি করতে ঢুকলে তাঁর ছেলে বাধা দিলে তারা তাঁকে হত্যা করে। ঘর থেকে পাঁচ লাখ টাকাসহ অন্যান্য জিনিসপত্র চুরি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।বিক্ষোভ-কর্মসূচি: ময়নাতদন্তের পর গতকাল দুপুরে নারায়ণের মরদেহ প্রথমে বিএমএ কার্যালয় ও পরে বক্ষব্যাধি হাসপাতাল আবাসিক এলাকায় তাঁর বাসায় নিয়ে আসা হয়। পরে মরদেহ চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।হত্যাকাণ্ডের প্রতিবাদ, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে বিক্ষোভ ও কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করেছে বিএমএ। এর মধ্যে রয়েছে, আগামীকাল শনিবার সারা দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত চিকিৎসকদের কালো ব্যাজ ধারণ, বিক্ষোভ সমাবেশ ও কর্মবিরতি পালন। এই সময় জরুরি বিভাগ ছাড়া অন্য সব বিভাগে সেবা বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে রোববার বিএমএ নতুন কর্মসূচি ঘোষণা করবে।সংবাদ সম্মেলনে বিএমএর সভাপতি অধ্যাপক মাহমুদ হাসান বলেন, ঘটনাকে লঘু করার জন্য হত্যাকাণ্ডকে চুরি বা ডাকাতির সঙ্গে মিলিয়ে কেউ কেউ বক্তব্য দিতে শুরু করেছেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে অনুরোধ জানান। হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল সকাল থেকেই জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের চিকিৎসক-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। সকাল সোয়া ১০টার দিকে নারায়ণ চন্দ্রের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ও কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে চিকিৎসক নেতারা বলেন, মহাখালী এলাকার চিকিৎসাসেবা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসীদের প্রচণ্ড দাপট। একাধিকবার অভিযোগ করার পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি।