শোবার ঘরে ঢুকে গুলি, আ.লীগ নেতা খুন
মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের নেতা শাহিদুজ্জামান বেল্টুকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।আজ বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে সন্ত্রাসীরা শাহিদুজ্জামানের বাড়ির দোতলায় উঠে তাঁর শোবার ঘরে গুলি করে পালিয়ে যায়। নিহত শাহিদুজ্জামান গাংনী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও মেহেরপুর জেলা বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক ছিলেন। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, আজ রাত সাড়ে নয়টার দিকে দেবীপুর গ্রামের মৃত হারেজ উদ্দিনের ছেলে শাহিদুজ্জামান তাঁর শোবার ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী তাঁর ঘরে ঢুকে মাথায় পিস্তল গুলি করে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে গাংনী থানা পুলিশ লাশটি উদ্ধার করেছে। এখন ময়না তদন্তের প্রস্তুতি চলছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল খালেক জানান, তিনি দলের সদস্য হলেও দলের প্রভাবশালী নেতা ছিলেন। তাঁকে কেন হত্যা করা হল, তা দলীয়ভাবে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গাংনী আওয়ামী লীগ কঠোর কর্মসূচী নিয়ে মাঠে নামবে।