শোবার ঘরে লাশ, স্বজনেরা বলছে হত্যা
রাজধানীর গ্রীন রোডের ভাড়া বাসার নিজের শোয়ার কক্ষ থেকে আবুল কাশেম (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানের পরিচালক ছিলেন। নিহতের স্ত্রী লাইজু বেগম দাবি করেন, তাঁর স্বামী বাথরুমে পড়ে গিয়ে হূদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।তবে স্বজনেরা দাবি করে, আবুল কাশেমকে হত্যা করা হয়েছে। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রী, ছেলে ও ছেলের বন্ধু এবং বাড়ির দুই নিরাপত্তাকর্মীকে আটক করেছে। গ্রীন রোডের সুবাস্তু টাওয়ারের দোতলা ভাড়া বাসাটিতে আবুল কাশেম, তাঁর স্ত্রী এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলে ইভান থাকতেন। গত রাতে ওই বাসায় ইভানের এক বন্ধুও ছিলেন।কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক নিহতের স্বজনদের বরাত দিয়ে জানান, আবুল কাশেমকে হত্যা করা হয়েছে। তাঁর গলায় দাগ রয়েছে। মুখে ও বিছানায় রক্তের ছোপ ছোপ দাগ রয়েছে। তাদের দাবি, তিনি অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়া হতো। কিন্তু তা করা হয়নি। সকালে লাইজু বেগম ফোন করে সবাইকে এ মৃত্যুর খবর দেন।