শোভাবর্ধক ক্যাশিয়া গ্রান্ডিস
ঢাকার অভিজাত এলাকায়, বিশেষ করে ধানমন্ডি ও গুলশানে কিছু দুর্লভ প্রজাতি বা বিদেশি তরুর দেখা মেলে। সম্প্রতি গুলশানের একটি গাছের কথা জানালেন সিটিব্যাংক এনএর জ্যেষ্ঠ কর্মকর্তা জায়েদ আমিন। ১১৫ নম্বর সড়কের একটি বাড়ির সামনে বেশ লম্বা এক তরু। ওপরের ডালে হালকা গোলাপি রঙের ফুল। এটি ক্যাশিয়ার কোনো প্রজাতি হবে, সেটা গাছের পাতা, ফুল ও ফল দেখে নিশ্চিত হই। এর আরেক জাতভাই ক্যাশিয়া জাভানিকা বা লাল সোনাইল ঢাকায় বেশ চোখে পড়ে; বিশেষ করে সুপ্রিম কোর্ট, রমনা পার্ক, ধানমন্ডি এলাকার কিছু বাড়িতে। গুলশানের গাছটি বিদেশ থেকে এনে লাগানো হয়েছে প্রায় ১৫ বছর আগে—তথ্য দিলেন বাড়ির কর্তা।উদ্ভিদটির কোনো বাংলা নাম নেই। ইংরেজি নাম Pink Shower Tree, Coral shower tree। বৈজ্ঞানিক নাম Cassia grandis। এটি পত্রমোচী উদ্ভিদ। পাতা পিনেট, ৫০ সেন্টিমিটার লম্বা। মাঝারি আকারের গাছ প্রায় ২০-৩০ মিটার লম্বা হয়। পাপড়ি প্রাথমিক অবস্থায় গোলাপি থাকে। পরে ফ্যাকাশে সাদাটে হয়ে যায়। বসন্তে শাখাগুলো ফুলে ফুলে ভরে যায়। ফুল সুগন্ধি। বর্ষা আগমনীতেই ফুল দ্রুত ঝরে পড়ে।এটি দক্ষিণ আমেরিকান আত্মজ তরু। মেক্সিকো, ভেনেজুয়েলা, ইকুয়েডর ও ব্রাজিলে এ গাছ প্রচুর দেখা যায়। আমাদের দেশে আগমন সৌন্দর্যের কারণেই। সড়কের পাশে, বাগানে, পার্কে শোভাবর্ধক তরু হিসেবে লাগানো যেতে পারে।