শোলাকিয়ায় এবারও সবচেয়ে বড় জামাত
এ বছরও পবিত্র ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আজ বুধবার শোলাকিয়ায় অনুষ্ঠিত ঈদুল ফিতরের ১৮৪তম জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। শেষ রাতের বৃষ্টি ও ঈদগাহ মাঠের কাঁদা-পানি উপেক্ষা করে দেশের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মুসল্লির ঢল নামে শোলাকিয়া মাঠে। জল-কাঁদা মাঠে পলিথিন, পত্রিকা, চাদর বিছিয়ে হাজার হাজার মানুষ নামাজের কাতারে দাঁড়িয়ে পড়েন। সকাল ১০টায় নামাজ শুরু হয়। ধারণা করা হচ্ছে, প্রায় চার লাখ মুসল্লি এবার এখানে নামাজ আদায় করেছেন।শোলাকিয়ায় নামাজ পড়ার জন্য গত কয়েকদিন ধরেই গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে কিশোরগঞ্জে লোক আসতে শুরু করে। অনেকে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবের বাসায়, আবাসিক হোটেল, শহরের মসজিদগুলোতে এবং ঈদগাহ মাঠে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে রাত্রিযাপন করেন। ভোররাত থেকে মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে ট্রেন, বাস, ট্রাক, মাইক্রোবাস, রিকশা, মোটরসাইকেল, সাইকেল ও হেঁটে মুসল্লিরা কিশোরগঞ্জে আসতে থাকেন। সবার গন্তব্য ঐতিহাসিক শোলাকিয়ায়। বাংলাদেশ রেলওয়ে শোলাকিয়ায় ঈদের জামাতে অংশগ্রহণ নিশ্চিত করতে মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য ‘শোলাকিয়া স্পেশাল এক্সপ্রেস ট্রেন’ নামে দু’টি বিশেষ ট্রেন চলাচলের ব্যবস্থা নেয়। একটি ট্রেন ভৈরব থেকে সকাল ছয়টায় ছেড়ে সকাল আটটায় কয়েক হাজার যাত্রী নিয়ে কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছে। অন্যটি সকাল পৌনে ছয়টায় ময়মনসিংহ থেকে ছেড়ে সকাল সাড়ে আটটায় কিশোরগঞ্জে পৌঁছে। উভয় ট্রেন দুপুর ১২টায় মুসল্লিদের নিয়ে কিশোরগঞ্জ থেকে ভৈরব ও ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়।শোলাকিয়া ময়দানে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ, ডিবি ও সাদা পোষাকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন বিশেষ নিরাপত্তা বলয় সৃষ্টি করায় মুসল্লিরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নামাজ আদায় করেন। জেলা পুলিশের ছুটি বাতিল করে আট শতাধিক পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ, সাদা পোশাকে পুলিশ বিশেষ নজরদারি করেন। মাঠে ২৮টি প্রবেশ পথে পুলিশের বিশেষ নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সদস্যরা ধাতব পদার্থ শনাক্তকরণ যন্ত্র (মেটাল ডিটেক্টর) দিয়ে মুসল্লিদের তল্লাশি করে মাঠে প্রবেশ করতে দেন। এ ছাড়া তিন প্লাটুন আর্মড পুলিশ ও র্যাব সদস্যরাও মাঠে নিরাপত্তায় কাজ করেন।রেওয়াজ অনুযায়ী নামাজ শুরুর ১৫ মিনিট আগে পরপর তিনবার শটগানের গুলি ছুঁড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, পুলিশ সুপার মীর রেজাউল আলম, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, জেলার গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতারা জামাতে নামাজ আদায় করেন। মাঠ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জানান, এ বছর প্রায় চার লাখ মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। বৃষ্টি না হলে এবার চার লাখেরও বেশি মুসল্লির পদচারণা হতো শোলাকিয়ায়।বিশেষ মোনাজাতে দেশ ও মুসলিম উম্মির সুখ-শান্তি-সমৃদ্ধি, স্থিতিশীলতা এবং বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে আল্লাহর রহমত কামনা করা হয়।