শোলাকিয়ায় দেশের বৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত
প্রতি বছরের মতো এবারও ঈদুল আজহার বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এ বছর শোলাকিয়ায় ঈদুল আজহার ১৮৪তম জামাতে ইমামতি করেন ইসলামি চিন্তাবিদ, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।ঈদের দিন সকাল থেকে কিশোরগঞ্জ ও আশপাশ এলাকাসহ দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা শোলাকিয়া মাঠে আসতে শুরু করেন। নয়টায় জামাত শুরু হয়। বাংলাদেশ রেলওয়ে ময়মনসিংহ ও ভৈরব থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করায় দূরের মুসল্লিরা সহজেই শোলাকিয়ায় আসতে পেরেছেন।জামাতে জেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বিচার বিভাগ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তিরাসহ এক লাখেরও বেশি মুসল্লি অংশ নেন। জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহ্র সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দিনবদলের জন্য মানুষের ‘দিলবদলের’ প্রার্থনা করা হয়।শোলাকিয়ার বৃহত্তম ঈদের জামাতকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন, পতাকা লাগিয়ে নতুনরূপে সাজানো হয় কিশোরগঞ্জ শহরকে। জেলা প্রশাসন বিভিন্ন জেলা থেকে আগত মুসল্লিদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে।পুলিশ সুপার মীর রেজাউল আলম জানান, এবারের জামাতে পুলিশের পাশাপাশি র্যাব ও গোয়েন্দা পুলিশের উপস্থিতিতে শোলাকিয়া নিরাপত্তা চাদরে ডাকা ছিল। রাত থেকে বিপুলসংখ্যক পুলিশ ও র্যাব মাঠে থেকে নিরাপত্তা নিশ্চিত করতে মেটাল ডিটেকটর দিয়ে সারা মাঠ তল্লাশি করেন। মাঠের ২৮টি গেইটে মেটাল ডিটেকটর দিয়ে তল্লাশি করে মুসল্লিদের প্রবেশ করানো হয়।মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। তিনি জানান, কোরবানি নিয়ে ব্যস্ত থাকার পরও লক্ষাধিক লোকের সমাগম হয় এ জামাতে।১৮২৮ সালে শোলাকিয়া ঈদগাহ ময়দানে প্রথম জামাত অনুষ্ঠিত হয়। প্রথম জামাতে সোয়া লাখ মুসল্লির সমাগম ঘটেছিল। সোয়া লাখ থেকেই এ মাঠের নাম শোলাকিয়া হয়েছে। দিন দিন এর প্রচারণা বৃদ্ধি পাওয়ায় প্রতি বছরই এই ঈদগাহ ময়দানে মুসল্লিদের সমাগম বাড়ছে।