শোলাকিয়ায় চার লাখ মুসল্লির অংশগ্রহণে ঈদের জামাত
প্রতিবছরের মতো এ বছরও ঈদুল ফিতরে দেশের সর্ববৃহৎ জামাত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। আজ সোমবার শোলাকিয়ায় অনুষ্ঠিত ১৮৫তম ঈদুল ফিতরের জামাতে ইমামতি করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ।রাতে বৃষ্টি হওয়ায় মাঠে কাদা-পানি জমে যায়। এর পরও আজ সকাল পৌনে নয়টার মধ্যে ঈদগাহ ময়দান কানায়-কানায় ভরে যায়। মাঠের আশপাশের বাড়িঘর ও সড়কে ছড়িয়ে পড়েন জামাতে আসা মুসল্লিরা। সকাল ১০টায় নামাজ শুরু হয়।সাংসদ আফজাল হোসেন, জেলা প্রশাসকসহ সর্বস্তরের প্রায় চার লাখ মুসল্লি এবার শোলাকিয়ায় নামাজ আদায় করেন। এই জামাতে শরিক হতে কয়েক দিন ধরেই গাজীপুর, মুন্সিগঞ্জ, কুমিল্লা, বরিশাল, কুষ্টিয়া, মেহেরপুর, যশোরসহ ৬৪টি জেলা ও বিভিন্ন উপজেলা থেকে কিশোরগঞ্জে লোক আসে।এবার জেলা প্রশাসন শোলাকিয়া ঈদগাহ মাঠ ও কিশোরগঞ্জ শহর সাজিয়ে এক ব্যতিক্রমধর্মী ঈদ-আমেজের সৃষ্টি করেছে। শহরের গুরুত্বপূর্ণ স্থানে তোরণ নির্মাণ, বিশুদ্ধ খাবার পানি সরবরাহ এবং শহরের বৈদ্যুতিক খুঁটি ও শহরজুড়ে বিভিন্ন হাদিসসংবলিত ব্যানার-ফেস্টুন টাঙিয়ে মুসল্লিদের শোলাকিয়া ঈদগাহে আমন্ত্রণ জানানোর উদ্যোগ তাঁদের মধ্যে বাড়তি আনন্দের জোগান দেয়। কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স আগত মুসল্লিদের খাওয়ার ব্যবস্থা করে।শোলাকিয়া ময়দানে র্যাব, পুলিশ, আর্মড পুলিশ, ডিবি ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকজন বিশেষ নিরাপত্তাবলয় সৃষ্টি করায় মুসল্লিরা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে নামাজ আদায় করেন।মাঠ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান জানান, এ বছর প্রায় চার লাখ মুসল্লি জামাতে নামাজ আদায় করেন। বৃষ্টি না হলে এখানে চার লাখেরও বেশি মুসল্লির পদচারণ ঘটত বলে তিনি মনে করেন।রেওয়াজ অনুযায়ী, নামাজ শুরুর ১৫ মিনিট আগে পর পর তিনবার শটগানের গুলি ছুড়ে মুসল্লিদের নামাজে দাঁড়ানোর সংকেত দেওয়া হয়। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি, দেশের সমৃদ্ধি এবং যাঁরা দেশের স্বাধীনতার জন্য কাজ করেছেন, সেসব ব্যক্তি ও শহীদ মুক্তিযোদ্ধাদের জন্য মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশ্বে সন্ত্রাসবাদ নির্মূলে আল্লাহর রহমত কামনা করা হয়। দেশের সুখ-শান্তি-সমৃদ্ধি ও স্থিতিশীলতাও কামনা করা হয়।