শোলাকিয়ায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবার স্মরণকালের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এ বছর শোলাকিয়ায় ১৮৩তম ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আবহাওয়া ভালো থাকায় আজ শনিবার সকাল থেকে দেশের দূর-দূরান্তের বিভিন্ন এলাকা থেকে হাজার-হাজার মুসল্লির ঢল নামে শোলাকিয়া মাঠে। সকাল পৌনে নয়টার মধ্যে মাঠ কানায়-কানায় ভরে যায়। মাঠে জায়গা না থাকায় বাসা-বাড়ি, বিভিন্ন সড়ক, আশপাশের জমিসহ ব্যাপক এলাকাজুড়ে মুসল্লিরা অবস্থান নেন। মাঠে জায়গা না পেয়ে কমপক্ষে ৫০ হাজার মুসল্লিকে দাঁড়িয়েই নামাজ আদায় করতে দেখা গেছে। এরপরও স্থান না থাকায় অনেকে ফিরে গেছেন।সকাল ১০টায় জামাত শুরু হয়। জামাত শুরুর ১০, ৫ ও ৩ মিনিট আগে শর্টগানের ফাঁকা আওয়াজ করে সংকেত দেওয়া হয়। জামাতে ইমামতি করেন মাওলানা ফরিদ উদ্দিন মাসউদ। জামাত শেষে দেশ ও মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। স্মরণকালের এ বৃহৎ জামাতে দেশের বিভিন্ন এলাকা থেকে সাড়ে তিন লাখেরও বেশি মুসল্লি নামাজ আদায় করেছেন বলে প্রথম আলোকে জানিয়েছেন মাঠ ব্যবস্থাপনা কমিটির সভাপতি জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান। তবে ব্যাপক সংখ্যক মুসল্লি নামাজ পড়তে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেছেন। ময়মনসিংহের ফুলপুর থেকে দীর্ঘপথ পথ পাড়ি দিয়ে শোলাকিয়ায় নামাজ আদায় করতে এসেছেন মো. ইসমাইল মিয়া (২৯)। তিনি জানান, বড় জামাতে সওয়াব বেশি। তাই বাড়ি থেকে সাইকেল চালিয়ে ১০ কিলোমিটার এসে বাসে উঠে এখানে এসেছি। আমার বহুদিনের ইচ্ছা পুরণ হলো। যশোর থেকে এসেছেন নিলু মিয়া (৮০)। তিনি জানান, স্বাধীনতার পর থেকে ঈদুল ফিতরের জামাত আমি এখানেই পড়ছি। বড় জামাতে কার দোয়া আল্লাহ কবুল করার মাধ্যমে আখেরাতের কামিয়াব করবেন এ প্রত্যাশায় প্রতি বছর এখানে নামাজ পড়তে আসি। এ ছাড়া সৌদি আরব, যুক্তরাজ্য ও পাকিস্তান থেকেও এবার মুসুল্লিরা নামাজ পড়তে শোলাকিয়ায় সমবেত হন। তিনশতাধিক পুলিশ, আর্মড পুলিশ, ও র‌্যাব সদস্যের উপস্থিতিতে কঠোর নিরাপত্তা ও নজরদারিতে শান্তিপূর্ণভাবে জামাত শেষ হয়। স্থানাভাবে ৫০ হাজার মুসল্লি নামাজ পড়তে না পারায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মাঠের পরিধি বাড়ানোর দাবি জানিয়েছেন। অনেক মুসল্লির নামাজ না পড়তে পারার কথা স্বীকার করে মাঠ পরিচালনা কমিটির যুগ্ম আহবায়ক মাহবুবুল হক বলেন, আগামী বছর মাঠের পরিধি বাড়ানো হবে।