শোলাপল্লির ফুলে বৈশাখী উৎসব
বাংলা নববর্ষ সামনে রেখে পুরো চৈত্র মাসটিই দারুণ ব্যস্ততার মধ্য দিয়ে কেটেছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নরদিহি গ্রামের শোলাপল্লির কারিগরদের। রাতদিন খেটে তাঁরা তৈরি করেছেন রাশি রাশি গোলাপ, বেলি, জিনিয়া, পদ্ম, গন্ধরাজ। গেঁথেছেন মালা। এই মালায় আজ বৈশাখী সাজে সাজবেন দেশের বিভিন্ন এলাকার অগণিত তরুণী। ফুল দিয়ে বৈশাখী শুভেচ্ছা জানাবেন তরুণেরা। হ্যাঁ, এই ফুলগুলো শোলার তৈরি।নরদিহি গ্রামটির নামই হয়ে গেছে শোলাপল্লি। ঘরে ঘরে তৈরি হচ্ছে প্রায় ৪০ রকমের শোলার ফুল। তবে এর নেপথ্যে রয়েছে একটি কারখানা। শোলার ফুল তৈরির কোনো রেওয়াজ এ গ্রামে ছিল না। মাত্র ছয় বছরের মধ্যে পুরো দৃশ্যপটই বদলে দিয়েছেন সিরাজুল ইসলাম নামের এক শারীরিক প্রতিবন্ধী। তাঁর উদ্যাম ও দেখানো পথ ধরেই গ্রামের কয়েক শ পরিবার এখন স্বাবলম্বী।সিরাজুল ইসলাম জীবিকার সন্ধানে কলকাতা গিয়েছিলেন ২০০৩ সালে। সেখানে শোলার ফুল তৈরির কারখানায় কাজ করে হাতে-কলমে কাজটি শিখে এসে ২০০৪ সালে এখানে ‘রিগ্যাল হ্যান্ডিক্রাফ্টস অ্যান্ড ড্রাই ফ্লাওয়ার’ নামে একটি কারখানা গড়ে তোলেন। এই কারখানাকে কেন্দ্র করেই সারা গ্রামের কয়েক শ পরিবারের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। লোকমুখে গ্রামের নামই হয়ে গেছে শোলাপল্লি।কারখানা প্রতিষ্ঠা হয় যেভাবে: কলকাতায় থাকার সময় সিরাজুল ইসলাম ভাবতেন, যে শোলা দিয়ে এই ফুল ও ফুলের মালা তৈরি হয়, তা বাংলাদেশের খাল-বিলে পাওয়া যায়। দেশে কারখানা গড়ে তুললে তাঁর মতো আরও অনেকের কর্মসংস্থান হবে। দেশে ফিরে শ্যালক তোফাজ্জেল আহম্মদকে সঙ্গে নিয়ে কারখানাটি গড়ে তোলেন তিনি। কীভাবে চলছে শোলা দিয়ে ফুল তৈরির কারখানা: নরদিহি গ্রামে এখন সিরাজুল ইসলামের কারখানা ছাড়াও বিভিন্ন বাড়িতে চলছে শোলা দিয়ে ফুল তৈরি, মালা গাঁথার কাজ। সিরাজুল ইসলাম জানান, প্রথমেই তিনি লোকজনকে দিয়ে আশপাশের খাল-বিল থেকে শোলা সংগ্রহ করেন। এরপর প্রথমে জাহিদুল ইসলাম, ময়না খাতুন, রুনা পারভীন, আনোয়ার হোসেন ও শাহনাজ—এই পাঁচজনকে তিন মাস প্রশিক্ষণ দেন। এরপর পর্যায়ক্রমে শতাধিক নারী-পুরুষকে তিনি প্রশিক্ষণ দিয়েছেন। সম্প্রতি তিনি একই উপজেলার কুল্লাপাড়ায় আরেকটি কারখানা স্থাপন করেছেন। দুই কারখানা মিলিয়ে বর্তমানে শতাধিক কর্মী কাজ করছেন।অনেকেই স্বাবলম্বী হয়েছেন: তোফায়েল আহম্মদ জানান, এখন গ্রামের অনেকেই এখান থেকে শোলা নিয়ে তাদের বাড়িতে বসে ফুল তৈরি করছে। শোলা দিয়ে প্রায় ৪০ প্রকারের ফুল ও ফুলের মালা তারা তৈরি করে থাকে। শোলার ফুল আমাদের গ্রামীণ ঐতিহ্যবাহী কারুশিল্প। নরদিহি গ্রামবাসী সেই ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি নিজেদের কর্মসংস্থানও করে নিয়েছে।ফুল তৈরির জন্য প্রথমে শোলা কেটে পাতলা ফলক তৈরি করতে হয়। এই ফলক পেঁচিয়ে বিশেষ কায়দায় কেটে ফুল তৈরি করা হয়। ১০০ ফলক পেঁচিয়ে দেওয়ার মজুরি তিন টাকা। একেক রকম ফুল তৈরির মজুরি একেক রকম। জিনিয়া, গন্ধরাজ, বেলি ফুলের মজুরি প্রতি হাজারে ৪০ টাকা, গোলাপের হাজার ৮০ টাকা। প্রতিদিন একজন কারিগর ৪০ থেকে ৫০ টাকা আয় করে থাকেন। বাড়ির মহিলারাই অবসর সময়ে মূলত এ কাজ করে থাকেন। তাঁদের এই অবসর সময়ের আয় সংসারের অনটন ঘোচাতে সহায়ক হয়ে উঠেছে।পদ্ম ও গোলাপ ফুলের চাহিদা বেশি। বর্তমানে বাংলা নববর্ষ সামনে রেখে এই ফুলগুলোর চাহিদা ব্যাপক বেড়েছে।