শোয়ার্জেনেগারকে ছাড় দিল পুলিশ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি যুক্তরাষ্ট্রের বেভারলি হিলসের রাস্তায় দ্রুতগতিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পুলিশের কাছে হাতেনাতে ধরা পড়লেও নিছক পুলিশের সতর্ক বার্তার ওপর দিয়েই পার পেয়েছেন হলিউডের অভিনেতা ও ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর আর্নল্ড শোয়ার্জেনেগার। নির্দিষ্ট গতিসীমার নির্দেশ অমান্য করে জোরে গাড়ি চালালেও এ ঘটনায় পুলিশ তাঁকে শুধু সতর্ক করেছে। নির্দেশ অমান্য করে জোরে গাড়ি চালানোর জন্য জরিমানা গুনতে হয়নি ৬৪ বছর বয়সী এই ‘টার্মিনেটর’ তারকাকে। শোয়ার্জেনেগার ১৮ এপ্রিল বুধবার বেভারলি হিলস সড়ক ধরে তীব্র গতিতে তাঁর মার্সিডিজ গাড়িটি চালিয়ে যাচ্ছিলেন। নির্ধারিত গতি-সীমা অতিক্রম করায় পুলিশ তাঁর গাড়ি থামানোর নির্দেশ দেয়। এক খবরে এ তথ্য জানিয়েছে টিএমজি। গাড়িতে চালকের আসনে শোয়ার্জেনেগারকে দেখে আইন অমান্য করা সত্ত্বেও তাঁকে সেখান থেকে চলে যাওয়ার সুযোগ করে দেয় পুলিশ। এমনকি এমন পরিস্থিতিতে চারশো ডলার জরিমানার বিধান থাকলেও, কোনো রকম জরিমানা ছাড়াই ঘটনাস্থল ত্যাগের অনুমতি দেওয়া হয় তাঁকে।